‘হয় নাগরিকত্ব না হয় মৃত্যু’
পঞ্চগড় সদর উপজেলার গারাতি ও বোদা উপজেলার শালবাড়ী ছিটমহলের বাসিন্দারা আজ মঙ্গলবারও বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে। আগামী ২ অক্টোবর পর্যন্ত ছিটমহলবাসী বিক্ষোভ মিছিল চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে দাবি মানা না হলে গণ-অনশন, মানববন্ধন ও বৃহত্তর আন্দোলনে যাবেন ছিটমহলবাসী। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সদস্য ও শালবাড়ী ছিটমহলের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেছেন, ‘আমাদের কোনো রাষ্ট্র নেই, মানচিত্র নেই। বাংলাদেশি হিসেবে নাগরিকত্ব না দিলে আমরা গণ-অনশন শুরু করব।’ তিনি বলেন, ‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। হয় নাগরিকত্ব না হয় মৃত্যু—এই আমাদের অবস্থা।’ এদিকে গারাতি ছিটমহলের চেয়ারম্যান মফিদার রহমান জানান, সেখানেও বিক্ষোভ মিছিল চলছে। সকাল থেকেই ছিটের নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধরা বিক্ষোভ করছে। ভারত ও বাংলাদেশের অভ্যন্তরে ১৬২টি ছিটমহলেই ওই বিক্ষোভ কর্মসূচি চলছে। একই সঙ্গে ছিটমহলের বাসিন্দারা দাবি না মানলে আগামী ২ অক্টোবর থেকে গণ-অনশনের কর্মসূচি ঘোষণা করেছে।