দল ব্যর্থ হলে আলোচনায় চলে আসে অনেক কিছুই। জিম্বাবুয়ে সিরিজের ব্যর্থতাও উসকে দিচ্ছে মাঠ এবং মাঠের বাইরের সেই সব আলোচনা। প্রশ্নবিদ্ধ হচ্ছে সিরিজ-পূর্ব প্রস্তুতি, সঙ্গে দলীয় ঐক্যও। বিসিবির ক্রিকেট পরিচালনার প্রধান এনায়েত হোসেন কথা বলেছেন সেসব নিয়েই বিসিবির দৃষ্টিতে কেমন হলো জিম্বাবুয়ে সিরিজ?এনায়েত হোসেন: যে ধরনের পারফরম্যান্স করা উচিত ছিল, আমরা সে রকম করতে পারিনি।্রঅবশ্যই জিম্বাবুয়ে সিরিজটা আমাদের পাওয়া উচিত ছিল। দুর্ভাগ্যক্রমে সেটা হাতছাড়া করেছি। এর কয়েকটা কারণ আছে। প্রথম কথা, আমাদের ওখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার দরকার ছিল। আমরা চেষ্টা করেছি, দক্ষিণ আফ্রিকায় একটা প্রস্তুতি ম্যাচ খেলতে। তারা আশ্বাস দিয়েও শেষ পর্যন্ত সেটা করল না। কেন করল না?এনায়েত: তারা বলল, আবহাওয়া ভালো থাকবে না...ঝুঁকি থেকে যায়। তারপরও আমরা গেলে হাইপারফরম্যান্স দলের সঙ্গে একটা ম্যাচের ব্যবস্থা করবে। তবে সব খরচ আমাদেরই দিতে হবে। টেকনিক্যাল কমিটি তখন চিন্তা করল, এই ঝুঁকিটা আমরা কেন নিতে যাব? ক্রিকেট দলের প্রস্তুতিতেও বিসিবির কাছে অর্থ সমস্যা হয়ে দাঁড়াল!এনায়েত: এখানে টাকাপয়সার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ছিল না। গুরুত্বপূর্ণ ছিল আবহাওয়া। এত টাকা খরচ করে গিয়ে যদি খেলার সুযোগ না পেতাম! তারাও তাই বলেছে। টেকনিক্যাল কমিটি তখন মনে করেছে, এর চেয়ে ভালো, জিম্বাবুয়ের সঙ্গে একটা প্রস্তুতি ম্যাচ বাড়ানোর চেষ্টা করা, কয়েক দিন আগে সেখানে যাওয়া। কিন্তু তারাও আমাদের সহযোগিতা করেনি। এ সফরের ব্যাপারে তাদের অ্যাপ্রোচ কোনো দিক দিয়েই পজিটিভ ছিল না। হয়তো জিম্বাবুয়ে শঙ্কিত ছিল, আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিলে তাদের সমস্যা হতে পারে। বাড়তি প্রস্তুতি ম্যাচ খেলার এসব উদ্যোগ কি আরও আগে নেওয়া যেত না?এনায়েত: আমার মনে হয় না আগে নেওয়ার কোনো সুযোগ ছিল। আমরা আগে কেমন করে করব? প্রস্তুতি ম্যাচ তো সফরের আগেই করতে হবে। আমার মনে হয় না আমরা এসব দিক দিয়ে খুব ব্যাকফুটে আছি। সময়মতোই সবকিছু অ্যাপ্রোচ করেছি। ওদের অ্যাপ্রোচটা নেগেটিভ ছিল। জিম্বাবুয়ে সফরে দলের ঐক্য নিয়েও প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে আপনার কোনো ধারণা আছে?এনায়েত: দলের সঙ্গে সেখানে হেড অব ডেলিগেশন আছেন, ম্যানেজার আছেন। তাঁদেরই দায়িত্ব সব বিষয় সুষ্ঠুভাবে পরিচালনা করা। তাঁরা এসে রিপোর্ট দেবেন। এ ছাড়া পত্রপত্রিকার মাধ্যমে যেসব জেনেছি, সবই আমরা পরবর্তী বোর্ড সভায় নিয়ে যাব। আমরা জানার চেষ্টা করব, এসব বিষয় কতটুকু গুরুত্ব সহকারে নেওয়া যায়। দলের ভেতরের টুকটাক সমস্যা নিয়ে অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান হিসেবে এসব সমাধানে কি আপনি কখনো কোনো উদ্যোগ নিয়েছেন?এনায়েত: এগুলো তো দৃশ্যমান না। বাইরে থেকে বোঝা যায় না। যারা টিম ম্যানেজমেন্টের সঙ্গে থাকবেন, এগুলো তাঁরা ভালো বুঝবেন। বিশ্বকাপের সময় আমি কোনো সমস্যা দেখিনি। আমার মনে হয় না দৃশ্যমান এ রকম কিছু আছে, যেটা আমরা নিবারণ করতে পারি। তারপরও জিম্বাবুয়ে থেকে এসে হেড অব ডেলিগেশন আমাদের যা জানাবেন, আমরা সেসব নিয়ে আলোচনায় যাব। সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ। জিম্বাবুয়ের ব্যর্থতা কাটিয়ে উঠতে এই সিরিজে কি বাড়তি কোনো চেষ্টা থাকবে?এনায়েত: হোম সিরিজে এ রকম হবে না আশা করি। কারণ আমরা আমাদের কন্ডিশনে খেলব। সবাই একসঙ্গে পারফর্ম করতে পারেনি—এটাই জিম্বাবুয়েতে আমাদের মূল ব্যর্থতা। একসঙ্গে পারফর্ম করলে এই ফলাফল হতো না। তারপরও শেষ দুই ম্যাচের জয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজের অনুপ্রেরণা হবে। আগামী মাসের প্রথম সপ্তাহে অনুশীলন শুরু হবে। ‘এ’ দল ও একাডেমি দলের সঙ্গে জাতীয় দলের একটি প্রস্তুতিমূলক টুর্নামেন্টের চিন্তাভাবনা আছে। সব ঠিক থাকলে আশা করি, বড় কোনো সমস্যা হবে না।