‘হয়রানিমূলক’ মামলা যাচাইয়ে ফের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহার-সংক্রান্ত জাতীয় কমিটির কর্মকাণ্ড নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এখন এ ধরনের মামলা যাচাই-বাছাই করতে ‘রাজনৈতিক কমিটি’ গঠন করা হয়েছে। আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু এ কমিটির প্রধান। আর জাতীয় কমিটির নেতৃত্বে রয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।জানা যায়, ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের আবেদন এখন আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে কয়েক হাজার আবেদন জমা পড়েছে। সাবেক আইনমন্ত্রী সাংসদ আবদুল মতিন খসরু জানিয়েছেন, তাঁর নেতৃত্বাধীন কমিটি এসব আবেদন যাচাই-বাছাই করছে। তবে আইন প্রতিমন্ত্রী জানিয়েছেন, মামলা প্রত্যাহারে দলীয় কমিটি সুপারিশ করলে তাঁর কমিটির কিছুই করণীয় নেই।আবদুল মতিন খসরু জানান, ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা প্রয়োগ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই যেকোনো মামলা প্রত্যাহারের জন্য আদালতের কাছে সুপারিশ করতে পারে। এ জন্য বিশেষ কোনো কমিটির প্রয়োজন হয় না।প্রসঙ্গত, স্বাধীনতার পর থেকে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর পর্যন্ত ‘রাজনৈতিক বা অন্য কোনোভাবে হয়রানির উদ্দেশে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে, এমন ছয় হাজার ৪৮৫টি মামলা সম্পূর্ণ বা আংশিক প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছে বর্তমান সরকারের ২৩ মাসে। ফলে কমবেশি ৮১ হাজার অভিযুক্ত খালাস পেয়েছে বা খালাসের প্রক্রিয়ায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে।তবে দুদক সম্মতি না দেওয়ায় দুদকের ৩০৭টি মামলা প্রত্যাহারের চেষ্টা এখনো সফল হয়নি। ‘দ্য ক্রিমিনাল অ্যামেনমেন্ট অ্যাক্ট’ ১৯৫৮-এর ১০(৪) ধারা অনুযায়ী দুদকের সুপারিশ ছাড়া দুদকের মামলা প্রত্যাহারের সুযোগ নেই।২০০১-২০০৬ মেয়াদে বিএনপি-জামায়াত জোট সরকারও ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বলে পাঁচ হাজার ৮৮৮টি মামলা সম্পূর্ণ প্রত্যাহার এবং ৯৪৫টি মামলা থেকে কিছু আসামিকে অব্যাহতি দেয়। এ প্রক্রিয়ায় মোট ৭৩ হাজার ৫৪১ জন অভিযুক্ত খালাস পায়। এর মধ্যে অনেক খুন, ডাকাতি, ধর্ষণের মামলাও ছিল।জানা যায়, মামলা প্রত্যাহারের সুযোগে খুন, অগ্নিসংযোগ ও ডাকাতির মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরাও দলীয় বিবেচনায় মুক্তি পাচ্ছে। এ প্রক্রিয়ায় দাগি অপরাধীরা মুক্ত হওয়ায় রাজনৈতিক মহলে সমালোচনার পাশাপাশি পুলিশও অসন্তোষ প্রকাশ করেছে। ইতিমধ্যে খুন-ডাকাতির ৫২টি মামলা প্রত্যাহারের সুপারিশ করায় পুলিশ সদর দপ্তর চিঠি দিয়ে আপত্তি জানায়। পুলিশের আশঙ্কা, এই অপরাধীরা ছাড়া পেয়ে আবার অপরাধে জড়িয়ে পড়বে।মামলা প্রত্যাহার নিয়ে বিতর্ক: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী গ্রামের আবু সাঈদের ছেলে পোশাকশ্রমিক আয়ুব আলী হত্যা মামলা থেকে ১৫ জনের মধ্যে ১২ জনের নাম প্রত্যাহারের সুপারিশ নিয়ে বিতর্ক হয়েছে। এ ছাড়া রাজধানীর মালিবাগে চাঞ্চল্যকর চার খুনের মামলা, মিরপুরের ব্যবসায়ী আফতাব উদ্দিন হত্যাসহ আরও বেশ কিছু মামলা প্রত্যাহার নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হয়। প্রতিমন্ত্রীর বক্তব্য: সচিবালয়ে নিজ দপ্তরে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ দলীয়ভাবে মামলা প্রত্যাহারের আবেদন নিচ্ছে, এটি তাঁর জানা নেই। তবে ২০০৯ সালের ১২ জুলাইয়ের মধ্যে যারা জেলা কমিটি বা মন্ত্রণালয়ের কাছে আবেদন করেনি, তাদের বিষয়ে সরকারের গঠিত মামলা পর্যালোচনা কমিটির কিছুই করার নেই। তিনি জানান, আর দুটি সভার পরই হয়তো কমিটির কার্যক্রম বিলুপ্ত হয়ে যাবে। তিনি জানান, কমিটির ২৫তম বৈঠক পর্যন্ত ২৭ ডিসেম্বর কমিটির কাছে জেলা কমিটি থেকে ১০ হাজার ৪৮৯টি আবেদন এসেছে। এর মধ্যে কয়েক শ নাকচ করে দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, কমিটির কাছে এক হাজারের মতো আবেদন বিবেচনার জন্য রয়েছে। এ থেকে যতটা ন্যায্য হয়, সুপারিশ করা হবে। এখন পর্যন্ত কতটি মামলা বা কতজন আসামিকে খালাসের জন্য সুপারিশ করা হয়েছে জানতে চাইলে আইন প্রতিমন্ত্রী বলেন, পুরো প্রক্রিয়া শেষ হলে তখন প্রকৃত সংখ্যা বলা যাবে।খুন-ডাকাতির মামলা প্রত্যাহার নিয়ে সমালোচনার জবাবে প্রতিমন্ত্রী বলেন, জেলা কমিটিতে জেলা প্রশাসক প্রধান। এ কমিটিতে পুলিশ সুপার, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি থাকেন। এ কমিটি কীভাবে মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। মন্ত্রণালয়ের কমিটির কাছে হাজার হাজার মামলা থাকে। এর মধ্যে কিছু ভুলভ্রান্তি হতে পারে। তিনি বলেন, ‘আমি মানুষ। ফেরেস্তা নই। ঘুষ খেয়ে মামলা প্রত্যাহারের সুপারিশ আমি করিনি। তার পরও যদি ভুল হয়, তা সংশোধনের সুযোগ রয়েছে।’আ.লীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কমিটি হয়েছে: আবদুল মতিন খসরু প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁর নেতৃত্বে কমিটি করা হয়েছে। যেসব ব্যক্তি প্রকৃত রাজনৈতিক হয়রানির শিকার এবং যাঁরা সরকারের নির্ধারিত সময়ে আবেদন করতে পারেননি, তাঁদের মামলা যাচাই-বাছাই করে সরকারের কাছে প্রতিবেদন দেওয়া হবে। সরকার যে ব্যবস্থা নেয় নেবে। তিনি বলেন, আগামী মাসে আইনজীবীদের নিয়ে তিনি বৈঠক করে সুপারিশ চূড়ান্ত করবেন। মতিন খসরু বলেন, এখনো অনেক মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘরছাড়া। সারা দেশ থেকে হাজার হাজার নেতা-কর্মীর আবেদন জমা হচ্ছে। এগুলো যাচাই-বাছাই চলছে।২০০৯ সালের ৬ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর ওই বছরের ফেরুয়ারি মাসেই ‘রাজনৈতিক হয়রানিমূলক মামলা’ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার। এ সংক্রান্ত আদেশে বলা হয়, সংক্ষুব্ধ ব্যক্তি সংশ্লিষ্ট জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের (জেলা প্রশাসক) কাছে আবেদন করবেন। জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটি সরকারি আইনজীবীর মতামতসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় কমিটিতে পাঠাবে। জেলা প্রশাসকের প্রতিবেদন অনুযায়ী জাতীয় কমিটি ব্যবস্থা নেবে।