‘হয়রানির যান’ অটোরিকশার ভাড়া আবার বাড়ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগ থেকে শুক্রাবাদের দূরত্ব ২ দশমিক ৯ কিলোমিটার। সরকার-নির্ধারিত হারে এ পথে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া ১৯ টাকা। যানজট, সিগন্যাল ও যাত্রাবিরতি হিসাবে আনলে ভাড়া হতে পারে বড়জোর ২২-২৫ টাকা। কিন্তু গতকাল বৃহস্পতিবার বিকেলে এ পথটুকু যেতে ৮০ টাকা গুনতে হয়েছে ব্যাংক কর্মকর্তা আতাউর রহমানকে।আতাউর রহমান জানান, ‘৮০ টাকাতেও যেতে চায় না। অধিকাংশ চালকের উত্তর, “যাব না।” মিটারে যাওয়ার বিষয়ে বলারই সাহস পাই না। এটা এখন আসলে হয়রানির যান হয়ে গেছে।’ গতকাল বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রণালয় এই অটোরিকশার ভাড়া ও মালিকের জমা আরেক দফা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রথম দুই কিলোমিটারের জন্য ভাড়া ১৪ টাকা থেকে বাড়িয়ে ধার্য করা হয়েছে ২৫ টাকা। পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ছয় টাকা থেকে বাড়িয়ে সাত টাকা করা হয়েছে। মালিকের দৈনিক জমা ৪৫০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা ধরা হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে নতুন এই ভাড়া কার্যকর হবে। কিন্তু গত পৌনে দুই বছরে যোগাযোগ মন্ত্রণালয় সাধারণ জনগণের এই পরিবহনে শৃঙ্খলা আনার বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি।সিএনজিচালিত অটোরিকশার নীতিমালা অনুযায়ী, যাত্রীর চাহিদা অনুযায়ী যেকোনো গন্তব্যে মিটারে যেতে বাধ্য থাকবেন চালক। শুরুর দিকে এটা মানাও হয়েছে। কিছুদিন পর শুরু হলো যাত্রীদের কাছ থেকে মিটারের অতিরিক্ত পাঁচ বা ১০ টাকা চেয়ে নেওয়া। এরপর শুরু হলো মিটার কারসাজি (টেম্পারিং)। দেড় কিলোমিটার গেলে দুই কিলোমিটারের ভাড়া ওঠে। তিন বছর ধরে অটোরিকশা আর মিটারে চলাচল করছে না। যাত্রীদের ইচ্ছা নয়, চালকের ইচ্ছাই এখন মুখ্য। কয়েক গুণ ভাড়া নেওয়ার পাশাপাশি নিজের পছন্দের গন্তব্য ছাড়া যাচ্ছেন না চালকেরা। এখন অটোরিকশা মানে যাত্রীর চরম হয়রানি।২০০৩ সাল থেকে এ নিয়ে তিন দফা ভাড়ানো হলো অটোরিকশার ভাড়া আর দুবার বাড়ানো হয়েছে মালিকের জমা। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রণালয় চালক-মালিকদের সঙ্গে বৈঠক করে রাজধানী ঢাকায় চলাচলকারী অটোরিকশার ভাড়া ও মালিকের জমা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ঢাকায় চালিত এসব অটোরিকশার অধিকাংশের বয়স এখন প্রায় সাত বছর। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, অনেক আগেই এসব অটোরিকশা কেনার টাকা উঠে গেছে। এ অবস্থায় মালিকদের জমা বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আছে খোদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও। ভাড়া ও জমা বাড়ানোর এ প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত ও প্রতিনিয়ত হয়রানির শিকার যাত্রী তথা জনগণের বিষয় বিবেচনায় নেওয়া হয়নি।নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি মিনিট অপেক্ষার মাশুল (যানজট, যাত্রাবিরতি ও সিগন্যালে ওয়েটিং) এক টাকার পরিবর্তে এক টাকা ২৫ পয়সা করা হয়েছে।লালমাটিয়ার বাসিন্দা মামুনুর রশিদ গতকাল রাতে বলেন, তিনি প্রতিদিন মতিঝিলে যান। এ পথের জন্য সিএনজিতে তাঁকে ১২০-১৫০ টাকা ভাড়া গুনতে হয়। তার পরও সিএনজির জন্য রাস্তায় আধঘণ্টা থেকে এক ঘণ্টা অপেক্ষা করতে হয়। অথচ এ পথের দূরত্ব মাত্র সাত কিলোমিটার। ভাড়া হওয়ার কথা বড়জোর ৫০ টাকা। ভাড়া বাড়ানো-সংক্রান্ত বেশ কয়েকটি বৈঠকে উপস্থিত ছিলেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাবের) সাবেক কর্মসূচি কর্মকর্তা এমদাদ হোসেন মালেক। তিনি প্রথম আলোকে বলেন, ভাড়া বাড়ানোর ফলে যাত্রীদের দুর্ভোগ ও হয়রানি বাড়বে বৈ কমবে না। এত দিন চালকেরা দাবি করত, মালিকেরা জমা বেশি নেওয়ায় এবং গ্যাস নিতে লাইনে দাঁড়ানোর কারণে মিটারে গেলে পোষায় না। এখন ভাড়া বাড়ানোর ফলে যাত্রী হয়রানির নতুন যুক্তি পাবেন চালকেরা।যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রথম আলোর কাছে দাবি করেন, বাস্তবতার পরিপ্রেক্ষিতে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে যারা নিয়মিত সিএনজিতে চড়ে, এমন লোকের মতামত নেওয়া হয়েছে। চালক-মালিকদের সঙ্গে বৈঠক করে সরকার ভাড়া বাড়িয়েছে। তিনি দাবি করেন, চালক-মালিকেরা ওয়াদা করেছেন, সরকার-নির্ধারিত ভাড়া ও জমা কার্যকর করবেন। অন্যথায় সরকার সিএনজির রুট পারমিট ও চালকের লাইসেন্স বাতিল করবে বলে মন্ত্রী জানান। এর আগের তত্ত্বাবধায়কের সময় দুবার ভাড়া বাড়ানোর সময়ও এ রকম আশ্বাস দেওয়া হয়েছিল।ভাড়া যেভাবে বাড়ে: ২০০৩ সালে সিএনজিচালিত অটোরিকশা চালু হওয়ার পর ভাড়া নির্ধারণের সময় তৎকালীন যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা বলেছিলেন, রাজধানীতে পর্যাপ্ত সিএনজি স্টেশন না থাকায় গ্যাস ভরতে চালকদের সময় বেশি লাগে। তাই ভাড়া একটু বেশি নির্ধারণ করা হয়েছে। সিএনজি স্টেশন বাড়লে ভাড়া কমানো হবে। কিন্তু রাজধানীতে সিএনজি স্টেশন বাড়লেও ভাড়া কমেনি। প্রথম দিকে চালকেরা যাত্রীদের চাহিদা অনুযায়ী গন্তব্যে যেতেন। তবে মিটারের অতিরিক্ত ৫-১০ টাকা চেয়ে নিতেন। কিন্তু ২০০৭ সালের মে মাসে হুট করে ভাড়া ও মালিকের জমা বাড়িয়ে দেওয়া হয়।ওই সময় মালিক-শ্রমিক ও যোগাযোগ উপদেষ্টা একবাক্যে বলেছিলেন, ভাড়া বাড়ানোর ফলে এ খাতে শৃঙ্খলা ফিরে আসবে এবং চালকেরা যাত্রীদের চাহিদা অনুযায়ী গন্তব্যে মিটারে যাবেন। কিন্তু তা হয়নি। ২০০৮ সালে আবার সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বাড়ানো হয়। অর্থাৎ সরকার সিএনজি চালু করার পর ভাড়া বাড়ানো ছাড়া যাত্রী হয়রানি রোধে আর কোনো ব্যবস্থা নেয়নি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ মালিকের জমা, জ্বালানি খরচ, চালকের আয়, সিএনজিচালিত অটোরিকশার মেরামতসহ যাবতীয় খরচ হিসাব করে ভাড়া নির্ধারণ করে থাকে। এতে চালকের ঈদ বোনাস, পোশাক, মালিকের ব্যাংক ঋণসহ যাবতীয় ব্যয়ের খাত উল্লেখ থাকে। এটা করা হয় চালক মিটার অনুযায়ী যাত্রী বহন করবেন, এই শর্তে।গতকালের বৈঠকে বলা হয়, রাজধানীতে বর্তমানে প্রায় ১২ হাজার সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। এর প্রায় সব কটিরই মিটার বিকল। এসব মিটারে নতুন ভাড়া প্রতিস্থাপন ও নতুন মিটার সংযোজনের জন্য প্রায় দুই মাস সময় দেওয়া প্রয়োজন।বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নতুন ভাড়া প্রতিস্থাপনের পর মিটারটি বিএসটিআই থেকে সিলগালা করে দেওয়া হবে। এত দিন বিআরটিএ এ কাজ করত। তবে ২০০৮ সালে মিটারে ভাড়া প্রতিস্থাপনের সময় দেখা গেছে, কয়েক দিন পরই চালক-মালিকেরা সেগুলো কারসাজি করে বেশি ভাড়া জালিয়াতি করেছেন। সে সময় প্রায় ৭০ ভাগ সিএনজিচালিত অটোরিকশার মিটারে কারসাজির প্রমাণ পাওয়া যায়।শাস্তি নেই: সিএনজিচালিত অটোরিকশার রুট পারমিট পাওয়ার শর্তে বলা আছে, ‘চালক স্বল্প দূরত্বসহ সরকার নির্ধারিত এলাকার মধ্যে যে কোনো দূরত্বে যেতে বাধ্য থাকবে বা কোনো অস্বীকৃতি জানাতে পারবে না’। সিএনজিচালিত অটোরিকশার জন্য প্রণীত নীতিমালার অনুচ্ছেদ গ-তে বলা আছে, ‘বিকল/নষ্ট মিটারসম্বলিত ট্যাক্সিক্যাবে ভাড়া/যাত্রী পরিবহন করা যাবে না। এ ধরনের মিটারে যাত্রী পরিবহন করা হলে বা মিটারে কারসাজি (টেম্পারিং) পাওয়া গেলে চালকের লাইসেন্স ও মালিকের রুট পারমিট বাতিল করা হবে।’ কিন্তু প্রতিনিয়ত এ আইন লঙ্ঘন করা হলেও লাইসেন্স বা পারমিট বাতিলের কোনো একটি ঘটনাও গত সাত বছরে ঘটেনি। ঢাকার রুট পারমিট কর্তৃপক্ষ মহানগর আঞ্চলিক পরিবহন কমিটির (মেট্রো-আরটিসি) সূত্রে জানা গেছে, ২০০৮ সালে ভ্রাম্যমাণ আদালত বেশ কিছু অটোরিকশার রুট পারমিট বাতিলের সুপারিশ করেছিল। কিন্তু তা কার্যকর করা হয়নি।ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি বরকত উল্লাহ প্রথম আলোকে বলেন, সব সিএনজিতে নতুন করে মিটার সংযোজন করতে হবে। মিটারে যাওয়ার ব্যাপারে এবার মালিক-শ্রমিকেরা লিখিত অঙ্গীকার করবেন। কেউ আইন অমান্য করলে শাস্তি মাথা পেতে নেবেন।আর ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, মালিকেরা সরকার-নির্ধারিত জমা নিলে চালকেরাও মিটারে যাবেন।