‘১০ মাস ধুলায়, দুই মাস কাদায় ডুবে থাকে’
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিলহামলা-বিহারহাট সড়কের প্রায় তিন কিলোমিটার আজও পাকা করা হয়নি। গত জোট সরকারের আমলে সড়কটি পাকা করার কথা বলে মাত্র ৪০০ মিটারের কাজ হয়। পুরো সড়কটিই পাকা হচ্ছে শুনে খুশি হয়েছিল এলাকাবাসী। কিন্তু এখন তাদের সেই খুশিভাব মুখেই মিলিয়ে গেছে। সড়কটির বেহাল দশার কারণে উপজেলার তিন ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষকে চলাচলের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে এ দুর্ভোগের আর সীমা থাকে না। এলাকাবাসী তাই বলে থাকে, ১০ মাস ধুলায়, দুই মাস কাদায় ডুবে থাকে সড়কটি। ২২ মার্চ দুপুরের দিকে ওই সড়ক দেখতে গেলে সেখানে দেখা হয় তাজুল ইসলাম (৪০) নামের এক ভ্যানচালকের সঙ্গে। তিনি সচিয়ানি গ্রাম থেকে এক ব্যবসায়ীর কাঁচা তরকারি বুড়িগঞ্জ হাটে নিয়ে আসার ভাড়া খাটছেন। জ্বলন্ত চৈত্রের গরমে ভিজে জবজবে হয়ে পড়েছেন। ‘একটু কথা বলতে চাই’ বলতেই তিনি চটপট করে ভ্যানের গতি থামিয়ে দিলেন। সড়কটির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘জন্মের পর থ্যাক্যা আস্তাডা ইংকায় দেখ্যা আসিচ্ছি। বিষ্টি না হলে ধুলায় ভরা থাকে আস্তাডা, আর বিষ্টি হলে হাঁটু সমান কাদো জম্যা যায়। তকন আর হামরা চলাফিরাও করব্যার পারিন্যা।’একটু পরেই ওই সড়কে কথা হয় আরেক ভ্যানচালক রাজু মিয়ার (৩৫) সঙ্গে। তিনি বলেন, ‘বিষ্টি হলে কাদো জম্যা যায়, তখন আর ভাড়া খাটপার পারি ন্যা। ওজগারপাতি বন্দ হয়্যা যায়। আর কডা দিন পরেই বিষ্টি নামবি। হামকেরে তখন অন্য ধান্দা করা লাগবি।’বুড়িগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুকু মিয়া বলেন, ‘গত জোট সরকারের আমলে পুরো সড়কটি পাকা হওয়ার কথা শোনা গিয়েছিল। প্রকৌশলীরা এসে মাপজোকও করেছেন কয়েকবার। কিন্তু পরে সড়কটি পাকা হলো না কেন, তা আমরা আর জানতেও পারলাম না।’ কলেজছাত্র এনামুল হক জানান, ২০০৪ সালের ৩০ ডিসেম্বর এলাকার সাংসদ হুইপ রেজাউল বারী ডিনা এ সড়কটি পাকা করার জন্য আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন। তখন এলাকাবাসী খুব খুশি হয়েছিল। কিন্তু সামান্য কিছু অংশ পাকা হওয়ার পর কাজ বন্ধ হয়ে যায়। তখন হুইপকে বলা হলে তিনি বলতেন, ‘এই হবে, হচ্ছে।’ কিন্তু সে কাজ আজও শুরু হয়নি।শিক্ষক তবিবর রহমান জানান, সড়কটি পাকা না হওয়ায় সব শ্রেণীর মানুষকে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে ছাত্রছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতির হার অনেক কমে যায়। ফলে পরে তাদের অনেক সমস্যায় পড়তে হয়।বিলহামলা বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, সড়কটির বেহাল দশার কারণে তাঁরা কম পথে উপজেলা সদরে যেতে পারেন না। অনেক ঘুরে যেতে হয় তাঁদের। এতে পরিবহন ভাড়া বাবদ খরচ বেড়ে যায়। অথচ মাত্র তিন কিলোমিটার পথ পাকা করা হলে এ সমস্যা আর সইতে হতো না।পল্লিচিকিৎসক মশিউর রহমান জানান, বর্ষাকালে এলাকার মানুষের সমস্যার সীমা থাকে না। কোনো মানুষ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। সড়কটি পাকা না হওয়ায় এলাকার মানুষ অনেক কিছু থেকে পিছিয়ে পড়ছে।বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল গফুর মণ্ডল জানান, তিনি দীর্ঘদিন ধরেই শুনে আসছেন, সড়টি পাকা হবে। কিন্তু কবে কাজ শুরু হবে, তা জানতে পারেননি। তবে তিনি বিভিন্ন সময় সড়কটি পাকা করার জন্য এখানে-সেখানে ধরনা দিয়ে চলেছেন।এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী ওবায়দুল ইসলাম জানান, খুব শিগগিরই ওই সড়কের বাকি অংশের কাজ শুরু হবে। উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম বলেন, ‘সড়কটির বাকি অংশ পাকা করা না হওয়ায় বর্ষাকাল আসলেই ওই এলাকার জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হয়। আমি যতটুকু জানি, অচিরেই পাকাকরণের কাজ শুরু করা সম্ভব হবে।’এলাকার সাংসদ এ কে এম হাফিজুর রহমান বলেন, গুরুত্বপূর্ণ ওই সড়কটি এত দিনেও পাকা না হওয়াটা দুঃখজনক। তাঁর সময়েই পাকাকরণের কাজ শেষ হবে বলে তিনি জানান।