বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বের ম্যাচ খেলতে লেবানন রওনা হওয়ার আগে বড় রকমের একটা বিতর্কে জড়িয়ে পড়েন জাতীয় দলের দুই স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি ও মিঠুন চৌধুরী। মানিকগঞ্জে খেপ খেলতে যাওয়ার অভিযোগ ওঠে দুজনের বিরুদ্ধে। কিন্তু জাহিদ হাসান এমিলি এটি অস্বীকার করলেও মানছেন যে এভাবে যাওয়া তাঁদের উচিত হয়নি লেবানন যাওয়ার আগে ‘খেপ’ খেলতে যাওয়ার যুক্তি কী? জাহিদ হাসান এমিলি: ওটা আসলে ‘খেপ’ ছিল না। অথচ পেপার-পত্রিকায় লিখে ভরিয়ে ফেলা হলো, আমরা খেপ খেলতে গেছি। বুঝলাম না, কে কী শুনেছে, কে কী বুঝেছে। তাহলে মাঠে নেমে যে আপনাদের খেলতে দেখল সবাই...এমিলি: এটা সত্যি, মাঠে নেমেছিলাম। কিন্তু মাত্র ১০-১২ মিনিট খেলেই উঠে এসেছি। ওখানকার ফুটবল প্রমোট করতে আমাদের দুজনকে নিয়ে যাওয়া হয়েছিল। মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলীর সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। উনি প্রতিবছরই আমাদের ডাকেন। এবারও মিঠুন আর আমাকে অনেক অনুরোধ করেছিলেন। তাই না করতে পারিনি। ফেডারেশন কেন তাহলে আপনাদের জরুরি তলব করল?এমিলি: খেপের কথা শুনেই ডেকেছিল। তবে ফেডারেশনকেও এটাই বুঝিয়ে বলেছি। ভবিষ্যতে যাতে এমন না হয় সেই প্রতিশ্রুতি আমাদের দিতে হয়েছে। জাতীয় দলের খেলোয়াড়দের খেপ খেলা কি উচিত?এমিলি: আমাদের যখন খেলা চলে তখন খেপে যাওয়া উচিত না। যখন অফ সিজন, খেলা থাকে না, তখন ভালো কোনো টুর্নামেন্ট হলে ভেবে দেখা যেতে পারে। খেপ না হয় খেলেননি, কিন্তু কোনো দুর্ঘটনারও তো শিকার হতে পারতেন?এমিলি: ঠিকই বলেছেন। দুর্ঘটনা ঘটতেই পারত। তবে ওরা আমাদের অনেক নিরাপত্তা সহকারে অনেক ভালো গাড়িতে করে নিয়ে গেছে। আবার আমাদের ভালোভাবে ফেরতও দিয়ে গেছে। ঢাকা থেকে খুব কাছাকাছি তো এ জন্য ভাবলাম, সমস্যা নেই, যাই। অভিযোগ আছে, আপনারা ৩০ হাজার টাকা নিয়েছেন...এমিলি: সত্যি বলছি, আমরা কোনো টাকা-পয়সা নিইনি। আমাদের সঙ্গে কোনো চুক্তিও হয়নি। ওখানকার খেলোয়াড়দের উৎসাহ দিতেই আমাদের নিয়ে যাওয়া হয়েছিল। আর সবচেয়ে বড় কথা, আজ লেবানন যাব, এর আগে কেন যাব খেপ খেলতে? আমার কি মাথা খারাপ হয়েছে? লেবানন দলটা সম্পর্কে আপনার ধারণা কী?এমিলি: সে রকম কোনো ধারণা নেই। যদিও ৫-৬ বছর আগে একবার লেবাননের নেজমাহ ক্লাবের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে। তখন আমি ব্রাদার্সে ছিলাম। এএফসি প্রেসিডেন্টস কাপে ঢাকায় ও লেবাননে দুই জায়গায় খেলেছি। লেবাননে ১-২ ও ঢাকায় ১-০ হেরেছিলাম। এবার কী ভাবছেন?এমিলি: শুনেছি, কিছুদিন আগে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ওরা বাজেভাবে হেরেছে। তা ছাড়া র্যাঙ্কিংয়েও ওরা আমাদের চেয়ে পিছিয়ে। এটা মানসিকভাবে আমাদের অনেক এগিয়ে রাখবে। পাকিস্তানের বিপক্ষে জয়ও তো আপনাদের জন্য বাড়তি অনুপ্রেরণা হবে... এমিলি: তাই। আমাদের সবার মনের মধ্যে এটা ঢুকে গেছে, এই দুই ম্যাচ ভালো খেলতে পারলে এশিয়ার সেরা বিশে ঢুকতে পারব। সেটা আমাদের জন্য হবে বিশাল অর্জন। তাই সবাই এক হয়ে এবং এই স্পিরিটে খেলতে পারলে আমার মনে হয়, ওদের হারানো সম্ভব। পাকিস্তানের বিপক্ষে গোল পেয়েছেন, এই ফর্ম নিশ্চয়ই এ ম্যাচেও টেনে নিতে চাইবেন?এমিলি: অবশ্যই চাইব। তবে আমি কোনো চাপ নিতে চাই না। আমি মনে করি, চাপ নিলে সেটা আমার পারফরম্যান্সেও প্রভাব ফেলে। চাপ নেওয়ার কিছু নেই। পরবর্তী রাউন্ডে যেতে হলে গোল তো করতেই হবে। আর অ্যাওয়ে ম্যাচ বলে, যদি আমরা একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারি, তাহলে হোম ম্যাচে সুবিধা নেওয়া যাবে।