বাংলাদেশের অলিম্পিক দলের সর্বশেষ যোগ হওয়া সদস্য তিনি। অন্যরা যখন অলিম্পিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন দেশে ও দেশের বাইরে থেকে, সেনাবাহিনীর সিপ্রন্টার মোহন খান তখনো সংশয়ে ছিলেন লন্ডনে যাওয়া নিয়ে। সবার শেষে ওয়াইল্ড কার্ড পেলেও দেশের টানা দুবারে দ্রুততম মানবের প্রস্তুতি চলছে ভালোই অলিম্পিকে অংশ নেওয়া তো সব অ্যাথলেটেরই স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ হতে যাওয়ার অনুভূতি কেমন?মোহন খান: খুবই ভালো লাগছে আমার। স্বপ্ন তো সবার পূরণ হয় না। আমার সেটা পূরণ হয়েছে বলে খুবই ভালো লাগছে। শেষ মুহূর্তে সুযোগটা এসেছে। আশা করেছিলেন?মোহন: আসলে আমি লন্ডনে যাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) বেশ কয়েকবার আমার ছবি নিয়েছে। আমি শুধু ছবি দিয়েই যাচ্ছিলাম, কিন্তু কিছুই হচ্ছিল না। ভাবছিলাম, হয়তো জোর চেষ্টা চালানো হচ্ছে আমার জন্য। কিন্তু যাওয়া হবে বলে বিশ্বাস হচ্ছিল না। শেষ মুহূর্তে যখন জানলাম আমি যাচ্ছি, তখন কী যে আনন্দ হলো। আমি তখনো বিশ্বাস করতে পারছিলাম না যে, আমি সত্যিই যাব। যখন প্রথম আলোয় সংবাদটা ছাপা হলো তখনই বুঝতে পারলাম, আর অনিশ্চয়তা নেই। আসলে আগে বুঝতে পারিনি যে যাব। আমি খুবই দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে ছিলাম। প্রস্তুতি কেমন চলছে?মোহন: বিওএতে আমার নাম দেওয়ার পর থেকেই আমি প্রস্তুতি নিচ্ছি। এখনো প্রতিদিন দুই বেলা অনুশীলন করছি। কোচ কিতাব আলী স্যার এবং কর্পোরাল শহীদুল ইসলাম স্যারের অধীনে কঠোর অনুশীলন করছি। আরও আগে জানলে কি ভালো হতো?মোহন: অবশ্যই আরেকটু ভালো হতো। বিওএ তো চেষ্টা করে গেছে তাদের মতো করে। ফেডারেশন থেকে আমাকে বলা হয়েছে অনুশীলন চালিয়ে যেতে। তখন থেকেই আমি আমার মতো করে অনুশীলন করে যাচ্ছি। এভাবে অনুশীলন করতে করতে একেবারে শেষ মুহূর্তে যখন শুনলাম যে আমার যাওয়া হবে না, তখনো অনুশীলন করেছি। কিন্তু মনের মধ্যে সে রকম জোর পেতাম না। ওই অবস্থায় শুধু কন্ডিশনিং ট্রেনিংটাই চালিয়ে গেছি। আগে যখন বেলি ম্যাডামের অধীনে অনুশীলন করতাম তখন উনি খুব জোর দিয়ে বলতেন, তুই ভালো করে ট্রেনিং কর, যাতে অলিম্পিকে ভালো একটা রেজাল্ট করতে পারিস। অলিম্পিকে আপনি কী আশা করেন, আপনার লক্ষ্য কী? মোহন: আমি ১১ সেকেন্ডের নিচে দৌড়াতে চাই। আমার আগে অনেকেই অলিম্পিকে গেছেন, অনেকেই এটা পারেনি। তবে আগে মাহবুব ভাই, বিমলদা—অনেক পুরোনো অ্যাথলেটরা দৌড়েছেন ১১ সেকেন্ডের নিচে। ওনারা দশের ঘরে দৌড়েছিলেন, আমিও চেষ্টা করব যেন দশের ঘরে দৌড়াতে পারি। বিশ্বসেরা সব স্প্রিন্টার এখানে দৌড়াবেন, আপনার প্রিয় স্প্রিন্টার কে?মোহন: আমার প্রিয় স্প্রিন্টার উসাইন বোল্ট। বোল্টের সঙ্গে একই হিটে দৌড়াতে পারলে নিশ্চয়ই দারুণ হবে?মোহন: আমার প্রিয় স্প্রিন্টারের সঙ্গে দৌড়াব, এটা তো স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। খুব গর্বিত মনে হবে তখন নিজেকে। বোল্টকেই যেহেতু ফলো করি, তাই তাঁর সঙ্গে একটা ছবি তোলারও চেষ্টা করব।