‘১২ মার্চ ঢাকায় রিকশা চলারও পথ থাকবে না’
মহাসমাবেশের দিন ঢাকাকে কার্যত অচল করে রাখবে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট। এ জন্য মহাসমাবেশের জন্য নির্ধারিত নয়াপল্টনের রাস্তা ছাড়াও আশপাশের এলাকাগুলো এবং রাজধানীতে ঢোকার সব পথে অবস্থানের পরিকল্পনা নিয়েছে দলটি।বিএনপি সূত্রে জানা গেছে, ঢাকার ছয়টি প্রবেশপথে অভ্যর্থনা সেন্টারের মাধ্যমে নেতা-কর্মীরা অবস্থান নেবেন। এগুলো হলো—উত্তরা, গাবতলী, মহাখালী, সদরঘাট, সায়েদাবাদ ও যাত্রাবাড়ী। এর বাইরে রাজধানীর অভ্যন্তরে গুরুত্বপূর্ণ আরও ১৮টি স্থানে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের নিয়ে অবস্থান করবে বিএনপির সংশ্লিষ্ট ওয়ার্ড ও থানার নেতারা। শহরের আবাসিক হোটেল, কমিউনিটি সেন্টার, খাবারের দোকানগুলোও ওই দিন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে থাকবে বলে চার দলের সূত্রে জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘মহাসমাবেশে লোকের সংখ্যা বলতে পারব না। তবে এটুকু বলতে পারি, সেদিন ঢাকা শহরের কোথাও গাড়ি বা রিকশায় চলার মতো জায়গা পাওয়া যাবে না।’ জোটের শরিক জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেন, ১২ মার্চের জনসমাগম হবে অন্য রকম, যা হবে সরকারের হিসাবের বাইরে।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কর্মসূচিতে বিপুলসংখ্যক লোকসমাগমের জন্য দলের নেতাদের নির্দেশ দিয়েছেন। ঢাকা মহানগরের একজন নেতা প্রথম আলোকে বলেন, সরকারের তরফ থেকে যত বাধাই আসুক না কেন, মহাসমাবেশে কমপক্ষে পাঁচ লাখ লোকের সমাগম নিশ্চিত করার নির্দেশনা আছে। তবে বিএনপি, জোট শরিক ও সমমনা দল এবং সংগঠনের যৌথ চেষ্টা রয়েছে এর চেয়ে বেশি লোকের সমাগম ঘটানো। যেখানে সমাবেশ: বিএনপির ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন বলেছেন, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের প্রধান মঞ্চ করা হবে। তবে লোকসমাগম ব্যাপক হওয়ায় শাহবাগ থেকে মৎস্য ভবন, প্রেসক্লাব হয়ে মতিঝিল পর্যন্ত এবং অন্যদিকে কাকরাইল হয়ে মালিবাগ পর্যন্ত এলাকায় তাদের অবস্থান নিতে হবে। এই পুরো এলাকায় মাইক ব্যবহারেরও চিন্তা আছে। জামায়াতের প্রস্তুতি: জোটের সূত্রে জানা গেছে, কর্মসূচিতে বিপুলসংখ্যক লোকসমাগমের জন্য জামায়াতে ইসলামীকে চাপ দিয়েছে বিএনপি। এর আগের বিভিন্ন কর্মসূচিতে জামায়াতের অংশগ্রহণ কাগজে-কলমে ছিল অভিযোগ করে বিএনপির নেতারা ক্ষোভও প্রকাশ করেছেন বলে জানায় সূত্র। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, এই মহাসমাবেশ রাজনীতির অনেক কিছু বদলে দেবে। এ জন্য শরিক দলের উল্লেখযোগ্য অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বলা হয়েছে। তিনি বলেন, এটা চারদলীয় জোটের মহাসমাবেশ। তাই জামায়াতসহ অন্য শরিকদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে শক্তি জানান দিতে বলা হয়েছে। জানতে চাইলে জামায়াতের এক নেতা নাম প্রকাশ না করে বলেন, মহাসমাবেশে ব্যাপক উপস্থিতির মাধ্যমে তাঁরাও শক্তি জানান দিতে চান। এ কাজে ছাত্রশিবিরকেও সম্পৃক্ত করেছে জামায়াত। ইতিমধ্যে তারা একাধিক যৌথ প্রস্তুতি সভাও করেছে। জামায়াতের নেতা নুরুল ইসলাম বলেন, ‘ঢাকাকে জনসমুদ্রে পরিণত করতে আমরা সর্বশক্তি নিয়োগ করব। আশা করছি, আমরা ঢাকায়ই আড়াই লাখ লোক উপস্থিত করতে পারব।’ রাজনৈতিক দলগুলোর পরিকল্পিত এই শক্তি প্রদর্শনের আয়োজনের বিপরীতে ঢাকার মানুষের ভোগান্তির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন বলেন, ‘বিএনপি জনগণের ভোটাধিকারের জন্য আন্দোলন করছে। জনগণের এই আন্দোলনে ওই দিন ঢাকাবাসীর কিছুটা সমস্যা হবে। আশা করছি, জনগণ বিষয়টি ইতিবাচকভাবে দেখবে।’