‘২৪ হাজার ঘাতক আসছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইরে তখন রৌদ্রোজ্জ্বল আকাশ। তা সত্ত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে নেমেছিল গাঢ় অন্ধকার। সড়ক দুর্ঘটনায় নিহত এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীর ও বরেণ্য চলচ্চিত্রকার তারেক মাসুদের স্মরণসভায় সবাই ছিলেন শোকে বিহ্বল। একপর্যায়ে শোক পরিণত হয় ক্ষোভে। নিরাপদ সড়কের দাবিতে ডাক দেওয়া হয় প্রতিবাদের।ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আজ বৃহস্পতিবার এ শোক ও স্মরণসভার আয়োজন করে। বিভাগের চেয়ারপারসন গীতি আরা নাসরীনের সভাপতিত্বে মিশুক মুনীরের স্ত্রী মঞ্জুলী কাজী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের দেশে বিনা পরীক্ষায় লাইসেন্স দিয়ে মানুষ মারা হচ্ছে। তার চেয়ে একসঙ্গে সকলকে নিয়ে বোমা মেরে দিন। জনসংখ্যা কমে যাবে।’ ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের উদ্দেশে মঞ্জুলী কাজী বলেন, ‘আপনারা দলমত-নির্বিশেষে নিরাপদ সড়কের জন্য আন্দোলনের নামুন।’পরিবহনব্যবস্থায় চরম অব্যবস্থাপনা ও নৈরাজ্যের দায় স্বীকার করে যোগাযোগ ও নৌপরিবহন মন্ত্রীর পদত্যাগ দাবি করা হয় সভা থেকে। এ ছাড়া কোনো ধরনের পরীক্ষা ছাড়াই ড্রাইভিং লাইসেন্স দেওয়ার বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আলোচকেরা। অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, ‘অনবরত সান্ত্বনাহীন মৃত্যুতেও আমাদের চৈতন্যবোধ হয় না। এ মৃত্যু নিছক অপচয়। যদি সড়কব্যবস্থা ভালো হতো, মৃত্যুর হার কমানো যেত।’ পরীক্ষা ছাড়াই ২৪ হাজার ড্রাইভিং লাইসেন্স দেওয়ার খবরের প্রতি ইঙ্গিত করে অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী বলেন, ‘২৪ হাজার ঘাতক আসছে। আসুন আমরা এর প্রতিবাদ করি, সংগঠিত হই। আমরা সহনশীল হয়ে গেছি বলেই আমরা স্বজন হারাচ্ছি।’চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘শুধু শোক প্রকাশ করলেই হবে না। আমরা তারেক-মিশুককে আর পাব না। কিন্তু চেষ্টা করলে ভবিষ্যতে কিছু মৃত্যু ঠেকাতে পারব। প্রতিবাদ না করলে প্রতিদিন শোক দিবস পালন করতে হবে।’ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে বাজেট দরকার, নীতিমালা দরকার। সবার আগে দরকার গাড়িচালকের শিক্ষা। ওস্তাদকে পান-সিগারেট খাইয়ে চালকের আসনে বসে যান সাগরেদ। এতে মানুষ তো মরবেই। স্কুলের পাঠ্যপুস্তকে নিরাপদ সড়কের বিষয়ে তথ্য অন্তর্ভুক্ত করতে হবে। কঠোর আইন প্রণয়ন ও তা প্রয়োগের জন্য সকলকে সোচ্চার হতে হবে। শুধু চালক নয়, দায়ী সকলকেই আইনের আওতায় আনতে হবে। আইন নিজেই মানুষকে সচেতন করবে। সুবিচার নিশ্চিত হলে মানুষ সচেতন হবে।’শিল্পী মাহমুদুজ্জামান বাবু ক্ষোভের সঙ্গে বলেন, ‘এ দেশে মানুষের দাম সবচেয়ে কম। এই দুজনের প্রস্থান বা খুন আমি মানি না।’প্রয়াত মিশুক মুনীরকে নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান বলেন, ‘তিনি ছিলেন আদ্যোপান্ত আধুনিক মানুষ, ছিলেন প্রচারবিমুখ। তাঁকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি। তাই হয়তো অভিমান করে মিশুক মুনীর ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে গেছেন।’শোকসভায় মিশুক মুনীর ও তারেক মাসুদের নিহত হওয়ার ঘটনায় গণমাধ্যমের ভূমিকার কড়া সমালোচনা করা হয়। অনুষ্ঠানের সঞ্চালক ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস অভিযোগ করে বলেন, ‘তারেক মাসুদের ১৫ মাস বয়সী ছেলেকে ঘুম থেকে তুলে তাঁর ছবি নেওয়ার মতো ঘটনা ঘটেছে। নিহতদের স্বজনদের কাছে তাত্ক্ষণিক অনুভূতি জানতে চাওয়া হয়েছে। সাংবাদিকতায় এটা কতটা নৈতিক, এ ঘটনার পরিপ্রেক্ষিতে তা ভাবা দরকার।’অভিনয়শিল্পী রোকেয়া প্রাচীও গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করেন। তিনি অভিযোগ করে বলেন, ‘লাশের বিকৃত ছবি ধারণ করার জন্য কোনো কোনো সাংবাদিক মর্গে ঘুষ দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি।’ ভবিষ্যতে লাশের ছবি দেখানো নিয়ে প্রতিযোগিতা না করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।মিশুক মুনীরের ছোট ভাই আসিফ মুনীর সবার প্রতি প্রশ্ন করেন, ‘অন্যের ওপর দোষ না চাপিয়ে আমাদের কি কিছুই করার নেই?’ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, মিশুক মুনীর ও তারেক মাসুদের স্বজন, সতীর্থ ও শুভাকাঙ্ক্ষীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত ‘নরসুন্দর’ চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়। এ ছবির প্রধান চিত্রগ্রাহক ছিলেন মিশুক মুনীর।মিশুক মুনীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং পরে শিক্ষক ছিলেন। আর তারেক মাসুদ ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্টাডিজ বিভাগ চালুর ব্যাপারে পাঠ্যসূচি প্রণয়নে তারেক মাসুদ সাংবাদিকতা বিভাগকে সহায়তা করছিলেন।