‘৮০ ভাগ সড়ক দুর্ঘটনার জন্য চালকেরা দায়ী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান ও চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন মনে করেন, দেশের সড়ক দুর্ঘটনার জন্য ৮০ ভাগ ক্ষেত্রেই চালকেরা দায়ী। তাঁর মতে, যোগ্যতার পরীক্ষা ছাড়াই চালকের লাইসেন্স দেওয়ায় দুর্ঘটনা বাড়ছে। রাজধানীর কাকরাইলে নিরাপদ সড়ক চাই সংগঠনের কার্যালয়ে গতকাল মঙ্গলবার প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে ইলিয়াস কাঞ্চন এসব কথা বলেন। সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারিয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। এরপর থেকে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছেন তিনি। সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত শনিবার মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় খ্যাতিমান চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক মিশুক মুনীরসহ পাঁচজন মারা যান। ওই ঘটনার পর নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, চালকদের কারণে দুর্ঘটনা হয় না। মন্ত্রীর এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘উনি তো চালকদের নেতা। তাই চালকদের পক্ষেই কথা বলছেন।’নৌমন্ত্রীর চাপে অযোগ্য চালকদের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়ারও সমালোচনা করেন ইলিয়াস কাঞ্চন। তিনি জানান, ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত এক লাখ চালককে লাইসেন্স দেওয়া হয়েছে। যথাযথ প্রক্রিয়া ছাড়া এভাবে লাইসেন্স দেওয়ার কারণেই সড়ক দুর্ঘটনা বাড়ছে।ইলিয়াস কাঞ্চনের মতে, ভাড়া করা গাড়িগুলোর সমস্যা সবচেয়ে বেশি। কারণ এসব গাড়ির চালকেরা রাত নেই, দিন নেই গাড়ি চালান। দেখা গেল, সারারাত গাড়ি চালিয়ে পরের দিন সকালে আবার তাঁকে গাড়ি চালাতে হলো। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়তে থাকে। তাঁর স্ত্রী মারা যাওয়ার পেছনেও ভাড়া করা মাইক্রোবাসের চালক দায়ী ছিল বলে মনে করেন তিনি। ইলিয়াস কাঞ্চন বলেন, বাসগুলোতে ট্রিপভিত্তিক টাকা দেওয়ার কারণে চালকেরা বেশি ট্রিপ দিতে চান। আবার অনেক বাস রিকশার মতো দিনভিত্তিক চালকদের দিয়ে দেওয়া হয়। আসলে পরিবহন খাতে কোনো নিয়ম-শৃঙ্খলা নেই। এগুলো সরকারকে দেখতে হবে। বেহাল রাস্তাগুলো ঠিক করার দাবি জানিয়ে এই নায়ক বলেন, দুর্ঘটনা রোধে ‘উস্তাদদের মাধ্যমে সাগরেদদের চালক তৈরির পদ্ধতি’ বন্ধ করতে হবে। কমপক্ষে এসএসসি উত্তীর্ণদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ দিয়ে চালক বানাতে হবে। তাঁদের বিনা পয়সায় প্রশিক্ষণ ও লাইসেন্স দিতে হবে। এ জন্য প্রতি জেলায় প্রশিক্ষণ ইনস্টিটিউট করতে হবে। ১৯৯৩ সালের ২২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারান ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ওই ঘটনার পর সরকার, বিরোধী দল, সাংবাদিকসহ সব মহলের লোক আসেন আমাকে সান্ত্বনা জানাতে। ওই সময় একজন সাংবাদিক আমাকে বলছিলেন, আপনি ইলিয়াস কাঞ্চন হয়েছেন বলেই আমরা এসেছি। আপনি ভক্তদের ভালোবাসায় ইলিয়াস কাঞ্চন হয়েছেন। আপনার ভক্তরাও তো দুর্ঘটনায় মারা যাচ্ছে। পরে মানুষের কথা ভেবে ওই বছরের ২৭ নভেম্বর সংবাদ সম্মেলন করে আন্দোলনের ঘোষণা দিই। এরপর ১ ডিসেম্বর এফডিসি থেকে প্রেসক্লাব পর্যন্ত শোভাযাত্রা করি।’ইলিয়াস কাঞ্চন বলেন, ‘১৮ বছর ধরে আন্দোলন করে যাচ্ছি। আমরা দাবি জানিয়ে সরকার ও বিরোধী দলের কাছে স্মারকলিপি দিয়েছি। আইন বাস্তবসম্মত করে সেটি বাস্তবায়ন করতে বলেছি। পাশাপাশি জনগণকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছি। এ পর্যন্ত আড়াই শয়ের মতো জনসভা করেছি। মানুষ কিছুটা হলেও সচেতন হচ্ছে। কিন্তু প্রশাসন সেভাবে হচ্ছে না।’ আন্দোলনের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে কিছুটা হতাশা ব্যক্ত করে এই অভিনেতা বলেন, ‘আমাদের দাবি অনুযায়ী হাইওয়ে পুলিশ হয়েছে। এখন মনে হচ্ছে, এতে কিছু লোকের চাকরি হয়েছে মাত্র। তাঁদের দিয়ে কাজ হচ্ছে না।’ তিনি বলেন, ‘সব মানুষকে আন্দোলনের সঙ্গে যুক্ত করার জন্য নিরাপদ সড়ক দিবস করার দাবি জানিয়েছিলাম। পরে ২০০২ সালের ২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবস ঘোষণা করা হলেও আজ অবধি সরকার গেজেট আকারে তা প্রকাশ করেনি।’সড়ক দুর্ঘটনা রোধে আইনের কঠোর প্রয়োগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে এই চলচ্চিত্র অভিনেতা বলেন, ‘আইনও সচেতনতার সৃষ্টি করে। আইন প্রয়োগ না করে যদি আমরা মুখে বলি তোমরা খুন করো না, এটা করো না, ওটা করো না, তাহলে কি হবে?’ইলিয়াস কাঞ্চন বলেন, দুর্ঘটনার ক্ষয়ক্ষতিসংক্রান্ত প্রচলিত আইন বদলাতে হবে। বর্তমানে যে আইন আছে, সেটা জামিনযোগ্য এবং শাস্তি সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড। তিনি বলেন, এই আইন জামিন অযোগ্য করতে হবে। শাস্তি বাড়াতে হবে। আর এই শাস্তি শুধু চালককে নয়, দুর্ঘটনার জন্য দায়ী সবাইকে এর আওতায় আনতে হবে।