‘৯০ শতাংশ ধর্ষণই হয় নারী-পুরুষের ঐকমত্যে’
ভারতের হরিয়ানা রাজ্যে ধর্ষণের পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় বেশ ভালোই সমালোচনার মুখে পড়েছে রাজ্যসরকার। এরই মধ্যে বিতর্কিত এক মন্তব্য করে আলোচনায় এসেছেন হরিয়ানা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য ধর্মবীর গোয়াট। কংগ্রেসের এই নেতার মতে, ৯০ শতাংশ ধর্ষণই হয়ে থাকে ধর্ষণের শিকার নারী ও ধর্ষণকারী পুরুষের ঐকমত্যে।গত এক মাসে হরিয়ানা প্রদেশে ধর্ষণের পরিমাণ বেড়ে যাওয়ায় বিরোধী দলগুলোর কাছ থেকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে হরিয়ানা রাজ্যসরকারকে। সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ ভারতীয় জাতীয় লোক দল, হরিয়ানা জনহিত কংগ্রেস ও বিজেপির। এ রকম পরিস্থিতিতে হরিয়ানা কংগ্রেসের মুখপাত্র ধর্মবীর গোয়াট বলেছেন, ‘৯০ শতাংশ ধর্ষণের ঘটনা নারী ও পুরুষের ঐকমত্যেই হয়ে থাকে। ধর্ষণের শিকার মেয়েটা হয়তো কোনো ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যায় এবং মেয়েটি তার সঙ্গীর খারাপ মনোভাব না বুঝতে পেরে তার সঙ্গে চলে যায়। এ ধরনের ঘটনার জন্য রাজ্যসরকার কোনোভাবেই দায়ী নয়। বস্তুত বেশির ভাগ ধর্ষণের ঘটনাই ঘটে এ রকম নারী-পুরুষের ঐকমত্যে। ৯০ শতাংশ ক্ষেত্রে নারীরাই প্রথমে ছেলেদের প্রশ্রয় দেয় আর পরে তারা অপরাধীদের হাতে পড়ে গণধর্ষণের শিকার হয়।’ তবে এগুলো একান্তই তাঁর নিজের ভাবনা বলে জানিয়েছেন গোয়াট।— পিটিআই