প্রথম আলোয় গত ২০ এপ্রিল প্রকাশিত ‘ফোনে আড়িপাতা নিয়ন্ত্রণ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়’ শীর্ষক সংবাদের ব্যাখ্যা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।ব্যাখ্যায় বলা হয়, প্রকাশিত প্রতিবেদনে একটি গোয়েন্দা সংস্থা, পুলিশ ও পদস্থ সরকারি কর্মকর্তাদের বরাতে বেশ কিছু তথ্য প্রকাশ করা হয়েছে, যাতে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। প্রতিবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে তথ্য প্রকাশ করা হয়েছে।মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়, রাষ্ট্র ও জননিরাপত্তার স্বার্থে গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় জাতীয় তদারকি কেন্দ্র কাজ করে যাচ্ছে। এটিকে অধিকতর কার্যকর করার উদ্যোগ সরকার গ্রহণ করেছে।এ বিষয়ে গতকাল রাতে যোগাযোগ করা হলে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘আমরা কখনো কোনো মন্ত্রী বা ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার ফোনে আড়িপাতার কাজ করি না। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই এ কার্যক্রম পরিচালিত হয়।’