আগাম জামিন ও দণ্ডিত ব্যক্তিদের গণজামিন দেওয়ার বিষয়ে তদন্ত প্রতিবেদন নিয়ে সংবাদ প্রকাশের ঘটনায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও প্রতিবেদনের লেখক মিজানুর রহমান খানের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।গতকাল মঙ্গলবার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. রইসউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। আদালত অবমাননার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে কার্যক্রম শুরু করা হবে না, তা চার সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে।গত ১৪ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘জামিনে ব্যাপক অনিয়ম’ প্রধান শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। গত বছরের ২৩ ও ২৪ নভেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চের দেওয়া আগাম ও দণ্ডিতের গণজামিন আদেশের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ওই খবর প্রকাশ করা হয়। এ খবর প্রকাশের ২৩ দিন পর সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ফখর উদ্দিন বাদী হয়ে প্রথম আলোর সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে মামলাটি করেন।আদালতে বাদীর পক্ষে আইনজীবী মোস্তফা গোলাম কিবরিয়া মামলা পরিচালনা করেন। তিনি দাবি করেন, ওই প্রতিবেদনের ফলে উচ্চ আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।