’লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এগোতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ৭ আগস্ট এসেছিলেন প্রযুক্তিতে বাংলাদেশের সাধারণ সম্পাদক এবং এসএনএ কনসালটেন্সি সার্ভিসেসের প্রধান নির্বাহী সুফি ফারুক ইবনে আবুবকর। কথা বলেছেন কথাবন্ধু ব্রতীর সঙ্গে। উদ্যোক্তা হওয়ার নানা দিক নিয়ে আলোচনা করেছেন তিনি।কথাবন্ধু: বাংলাদেশে আইটি সেক্টর তথা তথ্যপ্রযুক্তি খাতের বর্তমান অবস্থা কেমন? দেশের ভেতরে এই পেশায় কাজের পরিধি কতখানি?সুফি ফারুক ইবনে আবুবকর: সময়টাই এখন তথ্যপ্রযুক্তিনির্ভর। চাকরি, ব্যবসা-বাণিজ্য বা পড়াশোনা যে ক্ষেত্রেই যান না কেন, তথ্যপ্রযুক্তির সহায়তা আপনার লাগবেই। এ ক্ষেত্রে কাজের পরিধি অনেক বড়। এ বিভাগে কাজের অনেক সুযোগ রয়েছে, যা ভবিষ্যতে আরও বাড়বে। সে জন্য এ ক্ষেত্রে আমি উদ্যোক্তা তৈরির উদ্যোক্তা হিসেবেই কাজ করছি। আমাদের একটি প্রকল্প আছে এন্টারপ্রেনার রিপাবলিক। যেখানে আমরা এক বছরের মধ্যে তাঁদের উদ্যোক্তা হিসেবে তৈরি করি। এ ক্ষেত্রে সহযোগিতার জন্য যা যা প্রয়োজন আমরা সেভাবে তাঁদের সাহায্য করি। কথাবন্ধু: আইটিতে বাজার বা মার্কেটগুলো সম্পর্কে কিছু বলুন?সুফি ফারুক ইবনে আবুবকর: এখানে আসলে দুটো বাজার রয়েছে। এক হচ্ছে আন্তর্জাতিক বাজার। যেখানে খুব দ্রুত পৌঁছানো সম্ভব। আন্তর্জাতিক বাজারে যদি আউটসোর্সিংয়ের কথা বলি, যেখানে বিভিন্ন দেশের কাজ আমরা দেশে বসেই করতে পারি। এর বর্তমান বাজার প্রায় ১৫০ বিলিয়নের মতো। যাঁরা তরুণ উদ্যোক্তা, তাঁরা অধিকাংশই আউটসোর্সিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। এ ছাড়া আমাদের প্রায় ১৬ কোটি মানুষের বাজার রয়েছে। এই বাজার লক্ষ্য করে আমাদের এগিয়ে যেতে হবে। এ জন্য অবশ্যই দক্ষ লোকের প্রয়োজন রয়েছে।কথাবন্ধু: কী পরিমাণ বিনিয়োগ করে একজন ব্যক্তি এই খাতে ব্যবসা শুরু করতে পারেন? আয়-রোজগারের সুযোগই বা কতখানি? সুফি ফারুক ইবনে আবুবকর: একজন সাধারণ উদ্যোক্তাকে তিনটি জায়গায় বিনিয়োগ করতে হবে। একটি হচ্ছে কম্পিউটার বা এর সঙ্গে সম্পর্কিত তথ্যপ্রযুক্তি। এরপর ইন্টারনেট সংযোগ রাখতে হবে। একই সঙ্গে কাজ শুরু করার ক্ষেত্রে যে বিষয়টি নিয়ে এগিয়ে যেতে হবে, সে বিষয়ে দক্ষতা অর্জনের জন্য একটি বিনিয়োগ। একটি ভালো কোর্স করতে হবে, যাতে ওই বিষয়ে তাঁর দক্ষতা এবং জানাশোনাটা বাড়ে। এরপর তাঁকে এখান থেকে আয় করে তাঁকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রয়োজনে লোকজনের সংখ্যা বাড়িয়ে কাজ শুরু করতে হবে। এ বিভাগে বিভিন্ন ক্ষেত্রে আয়ের সুযোগ রয়েছে। আইসিটির মার্কেট এখন অনেক বড়। এ ছাড়া আমাদের স্থানীয় বাজারেও অনেক সুযোগ রয়েছে এবং এ সুযোগ আরও বাড়ছে।কথাবন্ধু: আইটিতে যাঁরা লেখাপড়া করেছেন শুধু কি তাঁরাই এ ক্ষেত্রে ভালো করেন, নাকি অন্যদের জন্যও এই খাতটি সম্ভাবনাময়?সুফি ফারুক ইবনে আবুবকর: যাঁরা আইটিতে লেখাপড়া করে এসেছেন, আমার মনে হয় তাঁদের চেয়েও অন্যদের জন্য এখানে কাজের সুযোগ বেশি রয়েছে। কেননা উদ্যোক্তাদের জন্য এই সুযোগ বেশি। ব্যবসা করার জন্য এর প্রতিটি জায়গাই খোলা। তবে কিছুটা প্রশিক্ষণ, দক্ষতা ও জানাশোনা থাকা উচিত। আইটিতে যাঁরা পড়াশোনা করে কাজ করছেন তাঁদের তো সুযোগ রয়েছেই, উদ্যোক্তাদের জন্যও এ ক্ষেত্র অনেক বড়। এ জন্য নিজের আগ্রহ এবং এগিয়ে যাওয়ার ইচ্ছা থাকতে হবে।কথাবন্ধু: নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে বিশাল কর্মসংস্থান সৃষ্টি এবং বৃহৎ শক্তিশালী আইটি নেটওয়ার্ক গঠনের ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন। এ সম্পর্কে কিছু বলুন।সুফি ফারুক ইবনে আবুবকর: নতুন নতুন পেশার ক্ষেত্রে আমাদের মূল কাজ হচ্ছে, আধুনিক পেশাজীবী তৈরি করা। এই পেশাজীবীদের কাজে লাগানোর জন্য আমরা উদ্যোক্তা তৈরি করি। এখান থেকেই আমরা উদ্যোক্তা খুঁজে বের করছি, যাঁরা তাঁদের দক্ষতা ও আগ্রহ কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারবেন। কথাবন্ধু: নতুন উদ্যোক্তাদের জন্য সবচেয়ে বেশি কোন বিষয়গুলো বাধার কারণ হয়ে দাঁড়ায়? তাঁরা সাফল্য কীভাবে পাবেন?সুফি ফারুক ইবনে আবুবকর: অনেকেই ভাবেন আজকে শুরু করব, কালকেই আমি অমুক জায়গায় পৌঁছে যাব। এটা উচিত নয়। এত ধৈর্যহীন হলে চলবে? এতে অনেকেই পিছিয়ে পড়বেন। এ জন্য লক্ষ্য ঠিক থাকতে হবে। প্রতিটি রাস্তায় ঠিক ঠিক করে পা ফেলতে হবে। চাকরি না ব্যবসা, এ নিয়ে দোটানায় পড়বেন না। লক্ষ্য থাকতে হবে, আপনি যে উদ্যোগটা নিয়েছেন, সেটাকে সফল করতে হবে। এরপর প্রতিটি বিষয়ের মধ্যে যুক্ত হতে হবে এবং বিস্তারিত জানতে হবে। কাজ করার সময় লক্ষ্য ও উদ্দেশ্য মাথায় রেখে এগিয়ে যেতে হবে। দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। ভালোবেসে কাজ করতে হবে।কথাবন্ধু: যাঁরা এই খাতে কাজ করতে চান, তাঁদের জন্য আপনার দিকনির্দেশনা কী? সুফি ফারুক ইবনে আবুবকর: বিভিন্ন ধরনের কোর্স করা উচিত। যেকোনো একটি বিষয়ে দক্ষ হতে হবে। আপনি কীভাবে সেবা দেবেন এবং গ্রাহক আপনার কাছ থেকে কী ধরনের সেবা চায় এগুলো দেখতে হবে। সেবা দেওয়ার জন্য অভিজ্ঞতা প্রয়োজন। তাই অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে ফ্রি-ও কাজ করতে হতে পারে। এখানে খুব সহজেই আপনি ভালো আয় করতে পারবেন। পাশাপাশি এটি অনেক বড় একটি দায়িত্বেরও ব্যাপার, এটা মনে রাখতে হবে।কথাবন্ধু: প্রথম আলো জবস আয়োজিত অনুষ্ঠানে ভিন্নধর্মী কাজের ক্ষেত্রগুলোকে তুলে ধরা হচ্ছে। এ ধরনের উদ্যোগকে আপনি কীভাবে দেখছেন?সুফি ফারুক ইবনে আবুবকর: সাধারণ পেশার পাশাপাশি এমন অসংখ্য পেশা আছে যা প্রথম আলো জবস তরুণদের মাঝে তুলে ধরছে। অনেকেই নতুন নতুন পেশা সম্পর্কে জানত না। এই অনুষ্ঠানের ফলে অনেকেই এ বিষয়ে জানতে পারছে। এটা একটি ভালো উদ্যোগ। তরুণ প্রজন্ম এতে অনেক উপকৃত হচ্ছে। এ জন্য প্রথম আলো জবস অবশ্যই প্রশংসার দাবি রাখে।গ্রন্থনা: সুদীপ দে