’৭১-এ মা হলাম
চারদিকে অশান্তি, অস্বাভাবিক পরিবেশ। মৃত্যুভয়, নিরাপত্তাহীনতা... ১৯৭১-এর এমন সময়ে যাঁরা মা হয়েছেন, তাঁদের অভিজ্ঞতাটাও অন্য মায়েদের চেয়েআলাদা। এমন তিনজন মায়ের কথা শুনে লিখেছেন তৌহিদা শিরোপাকষ্টের মধ্যে আনন্দ—শিরীন হায়াতমনে হয় সেদিনের কথা। মাঝে কেটে গেছে প্রায় ৪০ বছর। নির্ধারিত সময়ের আগেই জন্ম হয়েছিল বিপাশার। চিকিৎসক সময় দিয়েছিলেন ১৫ এপ্রিল। ১৯৭১ সালের ২২ মার্চ। হঠাৎ করেই বিপাশার বাবার (আবুল হায়াত) নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। ভয়ে আমার প্রসবব্যথা ওঠে। এরপর নিজেই হাসপাতালের দিকে রওনা দিলাম। আমার স্বামীকে নিয়ে সবাই ব্যস্ত। ২৩ মার্চ পৃথিবীতে এল আমাদের প্রথম সন্তান। পাশে কেউ ছিল না। পৃথিবীর সবচেয়ে আনন্দের মুহূর্ত, আবার মনের মধ্যে নানা চিন্তা। ১৯৭১ সালে মা হওয়ার সেই অভিজ্ঞতার কথা বলেন শিরীন হায়াত। তিনি অভিনয়শিল্পী বিপাশা হায়াতের মা। বাড়ি থেকে ননদেরা, আত্মীয়রা দেখা করতে এলেন হলি ফ্যামিলি হাসপাতালে। আমার শ্বশুরবাড়ি ছিল মালিবাগে। শুধু শাশুড়ি আর বিপাশার বাবা এল না। হাসপাতালের বিছানায় শুয়েও খবর পেলাম, দেশের পরিস্থিতি ভালো নয়। যেকোনো মুহূর্তে একটা কিছু হয়ে যেতে পারে। আমার মনে নানা প্রশ্ন। আমার চার ননদ আর বিপাশার বাবা পরিবারের একমাত্র ছেলে। ভাবলাম, কন্যাসন্তান হওয়ায় হয়তো মন খারাপ হয়েছে। তাই বলে ওর বাবাও আসবে না! ২৭ মার্চ পরিচিত এক ছেলে আমাকে দেখতে এসেছিল। সে জানাল, আমি হাসপাতালে ভর্তি হওয়ার পর আমার স্বামীর শরীর বেশি খারাপ হয়। রক্তশূন্য হয়ে পড়ে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সে কারণে আমার শাশুড়িও আসতে পারেননি। হাসপাতালেই শুনলাম ২৫ মার্চ রাতের ভয়াবহতার কথা। সেসব দিন কীভাবে পার করেছি, এখন ভাবলে অবাক লাগে। সব শুনে আমার ভয় লাগে। সেদিনই বিপাশাকে নিয়ে মালিবাগের বাসায় যাই। শাশুড়ি বললেন, এখানে থাকা নিরাপদ নয়। পাকিস্তানি সেনাদের ক্যাম্প রয়েছে বাসার কাছেই। আমার ননদেরাসহ বিপাশাকে নিয়ে রওনা দিলাম গ্রামের বাড়িতে। বাড্ডা থানা থেকে ভেতরের দিকে বেরাইদে আমাদের আদি বাড়ি। এ রকম শরীর নিয়ে হেঁটে এক ঘণ্টার দূরত্বের পথ গেলাম চার ঘণ্টায়। দেশে যুদ্ধ শুরু হয়ে গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তখন তেমন চিকিৎসক ও সেবিকা ছিলেন না। চিকিৎসক রাব্বি আমার স্বামীর বাঁচার আশা ছেড়ে দিলেন। স্ট্রেচারে করে তাকেও গ্রামের বাড়িতে নিয়ে আসা হলো। তখন প্রথম বিপাশাকে দেখে ওর বাবা। সন্তান জন্মের সময় স্বামীকে কাছে না পাওয়ার কষ্টটা বলে বোঝানো যাবে না। পুরো নয় মাস আমরা গ্রামেই থাকি। দেশ স্বাধীন হলো। ফিরে এলাম ঢাকায়। শুরু হলো নতুন দেশে নতুন জীবন।পেয়েছিলাম জীবনের সেরা উপহার—সুরাইয়া আমিনমনে তাঁর শঙ্কা ও ভয়। এই বুঝি সবটুকু সুখ শেষ হয়ে গেল। কিন্তু সত্যিই যে জীবনের সবটুকু সুখ নিমেষেই হারিয়ে যাবে, সে কথা ঘুণাক্ষরে টের পাননি সুরাইয়া আমিন। সায়েন্স ল্যাবরেটরির স্টাফ কোয়ার্টারের বি-১৯ বাড়িটাই তাঁর জীবনের সব। বিয়ের পরে বউ হয়ে এ বাড়িতেই উঠেছিলেন। আমিন উদ্দিন সায়েন্স ল্যাবরেটরির জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা। ১৯৭০ সালে পিএইচডি শেষ করে দেশে ফিরে বিয়ে করেন সুরাইয়া আমিনকে। বন্ধুর বোন হওয়ার সুবাদে তাঁরা পূর্বপরিচিত ছিলেন। সুরাইয়া বেগম বলেন, ‘১৯৭১ সাল আমার জীবনটাকে বদলে দিয়েছে। এত সুখ ছিল সংসারে। টোনাটুনির সংসার। যুদ্ধের শুরু থেকে আমরা এ বাসাতেই ছিলাম। এপ্রিল মাসের দিকে আমি দুই মাসের অন্তঃসত্ত্বা। আমার দেখভাল কে করবে, তাই সে আমাকে পাঠিয়ে দিল ভোলায়। সেখানে আমার মা-বাবা থাকতেন। কিন্তু মন টিকল না। দুশ্চিন্তা ও আশঙ্কায় শরীর ক্রমেই খারাপ হতে থাকল। শুধু মনে হতো, ওকে হারিয়ে ফেলব না তো। আমার অবস্থা দেখে মা ঢাকায় আমার স্বামীকে খবর পাঠালেন। গ্রামে তখন চিকিৎসকও ছিলেন না। এমন অবস্থায় ও আমাকে নিয়ে এল ঢাকায়। শান্তি পেলাম যেন ওকে দেখে। ঢাকার বাসায় এসে তো আমি অবাক। সন্তান হওয়ার আগেই ও সব কিনে রেখেছে। যাতে আমার কোনো অসুবিধা না হয়। মনে মনে খুশি হলেও মুখে তা প্রকাশ করলাম না। শুধু বললাম, মা বলেছেন সন্তান হওয়ার আগে এসব কিনতে নেই। এ সময় প্রায়ই সে রাত করে বাড়ি ফিরত। তখন বুঝতে পারিনি সে স্বাধীনতার পক্ষে কাজ করে যাচ্ছে। ২৪ সেপ্টেম্বর ধানমন্ডির ৪ নম্বরের সুফিয়া ক্লিনিকে আমার কোলজুড়ে এল আয়ন। আমাদের সন্তান। ছেলেকে দেখে ওর বাবার খুশির যেন সীমা নেই। সে সময় হাসপাতালে খাবার নিয়ে যাওয়াও কঠিন ছিল। পাকিস্তানি সৈন্যরা রাস্তায় আটকিয়ে পরীক্ষা করত। আয়নকে নিয়ে বাসায় ফিরলাম। আশপাশে যাঁরা ছিলেন, সবাই ওকে দেখতে এলেন। আমরা আসার আগেই ওর বাবা সবাইকে মিষ্টি খাওয়ানোর পালা শেষ করেছেন। আয়নকে ঘিরেই কাটত আমাদের দিনরাত। কখনো আমি, কখনো ওর বাবা রাত জেগে থাকত ছেলের পাশে। গোসল করানো, খাওয়ানো, কোলে নিয়ে ঘুম পাড়ানোতে ওর বাবার আগ্রহের শেষ ছিল না। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হতো তাকে। তবে আমার স্বামীকে হারানোর শঙ্কা তবুও মন থেকে দূর হয়নি। দরজায় কেউ কড়া নাড়লেই বুকটা কেঁপে উঠত। দুশ্চিন্তার কারণে প্রায়ই অসুস্থ থাকতাম। ১৪ ডিসেম্বর সব শঙ্কা সত্যে পরিণত হলো। নিমেষেই জীবন অন্ধকারে ছেয়ে গেল। সকাল আটটার দিকে ওকে আলবদরেরা ধরে নিয়ে গেল। ওকে ছাড়া বেঁচে থাকা খুব কষ্টকর মনে হতো। তবে ও তো আমাকে সেরা উপহার দিয়ে গিয়েছিল। আমাদের আয়ন। ওকে মানুষ করার জন্য নিজেকে শক্ত করলাম। আয়ন এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। অনেক কষ্ট করে ওকে বড় করেছি।’আনন্দ-অনিশ্চয়তার দিন—লুৎফা তাহের‘মেয়ের নাম আগেই ঠিক করেছিলাম। তাহের তো বিশ্বাসই করত, প্রথম সন্তান মেয়ে হবে। যেন ছেলে হওয়ার কোনো কারণই নেই। এত আকাঙ্ক্ষিত, ভালোবাসার সেই সন্তান হওয়ার সময় ও থাকতে পারেনি।’ বলেন কর্নেল তাহেরের স্ত্রী লুৎফা তাহের। ‘আমি তখন সাত মাসের অন্তঃসত্ত্বা। তখন পশ্চিম পাকিস্তানে তাহেরের পোস্টিং ছিল। দেশের পরিস্থিতি ভালো না দেখে ও আমাকে পাঠিয়ে দেয় পূর্ব পাকিস্তানে। ১৯৭১ সালের ৯ ফেব্রুয়ারি ঢাকায় আমার এক ফুপাতো বোনের বাসায় উঠি। সারা দেশে অস্থিরতা। যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার পথে। আমার মা-বাবা থাকতেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। সেখানকার সরকারি হাসপাতালের চিকিৎসক ছিলেন তিনি। ট্রেন চলাচল একটু শুরু হলে ১৩ ফেব্রুয়ারি ঈশ্বরগঞ্জের উদ্দেশে রওনা দিলাম। একদিকে শরীরের অবস্থা ভালো না, অন্যদিকে মানসিক টানাপোড়েন। তাহেরের সঙ্গে কোনো যোগাযোগ হচ্ছে না। বড় ধরনের কোনো ঝামেলা ছাড়াই বাড়িতে পৌঁছালাম। এর মধ্যে ৭ মার্চ বঙ্গবন্ধুর ডাক শুনলাম। ঈশ্বরগঞ্জে তখনো আন্দোলন ছিল না। কিন্তু ৭ মার্চের ভাষণের পর আমাদের এলাকায় প্রতিরোধব্যবস্থা গড়ে ওঠে। বাড়িতে আকাশবাণী শুনতাম। তাহের আমাকে আগেই বলেছিল, পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করবে না। যুদ্ধ হবেই। তখন আমাকে নিয়ে কোথায় যাবে। তাহেরের কথাই সত্যি হলো। শুরু হলো মুক্তিযুদ্ধ। ঈশ্বরগঞ্জে পাকিস্তানি সেনা আসার কোনো আশঙ্কা ছিল না। তাই আত্মীয়স্বজন সবাই আমাদের বাড়িতে আসেন। ‘৬ এপ্রিল রাত আড়াইটার দিকে আমার প্রসবব্যথা ওঠে। বাইরে খুব ঝড়বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে বাবা গেলেন ধাত্রী আনতে। ভোরে পৃথিবীতে এল আমাদের প্রথম সন্তান জয়া। ওর বাবার দেওয়া নামই রাখা হলো—জয়া তাহের। এক সপ্তাহের মধ্যে ঈশ্বরগঞ্জও আর নিরাপদ থাকল না। শুনতে পেলাম, পাকিস্তানি সেনারা ময়মনসিংহ শহরে চলে এসেছে। যেকোনো সময় ঈশ্বরগঞ্জে চলে আসতে পারে। আর আমাদের বাড়িটি ছিল স্টেশনের পাশেই। বাবা চিন্তিত হয়ে পড়লেন। চারপাশ থেকে খবর এল, বাঙালি সেনাবাহিনীর কর্মকর্তাদের পরিবারকে খুঁজে খুঁজে হত্যা করা হচ্ছে।সাত দিন বয়সী জয়াসহ বাবা আমাকে শ্বশুড়বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিলেন। নেত্রকোনার পূর্বধলার একটি প্রত্যন্ত গ্রামে ছিল তাহেরের বাড়ি। একা আমাকে কীভাবে পাঠাবে। সঙ্গে গেলেন আমার চাচি-শাশুড়ি। আমার চাচা শ্বশুর তখন ছিলেন ঈশ্বরগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার। ‘চার সিটের একটি বগি আছে, যা ইঞ্জিন জোড়া লাগানোর কাজ করে, সেটিতে করে চাচা আমাকে ও চাচিকে নেত্রকোনা পৌঁছে দিলেন। এরপর আরও তিন মাইল পথ হেঁটে যেতে হবে। আমার পক্ষে তা অসম্ভব ছিল। পরে পালকি দিয়ে আমি শ্বশুরবাড়িতে পৌঁছাই। সন্তান হওয়ার খবর তখনো আমার স্বামীকে জানাতে পারিনি। কিন্তু সেখানেও গিয়ে দেখি পরিচিত-অপরিচিত লোকে বাড়ি ভর্তি। সারাক্ষণ দুশ্চিন্তা মনে। খবরে শুনলাম, পশ্চিম পাকিস্তান থেকে সেনাবাহিনীর চার কর্মকর্তা পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। তাঁদের একজন যে তাহের, সেটা আমার বিশ্বাস ছিল। শুনলাম, তাহের ১১ নম্বর সেক্টর থেকে যুদ্ধ করছে। জুলাই মাসের দিকে।‘আমার শ্বশুর আমাদের এখানে থাকা নিরাপদ মনে করলেন না। তিন মাসের সন্তান, দুই ননদসহ শনির হাওর দিয়ে মেঘালয়ের বাঘমারা সীমান্তের দিকে রওনা দিলাম। দুটি শাড়ি, বাচ্চার পোশাক আর খাবার নিলাম সঙ্গে। এদিকে ক্ষুধায় তো জয়ার কান্না থামছে না। গরম পানিও নেই যে দুধ মিশিয়ে খাওয়াব। উপায় না দেখে হাওরের পানি দিয়ে গুঁড়ো দুধ মিশিয়ে খাওয়াচ্ছি। ভয়াবহ ডায়রিয়া হয় আমাদের মেয়ের। তিন দিন পর সেখানে পৌঁছলাম। সেখানে কালাচান মিয়া নামের এক ব্যক্তির বাড়িতে আমরা আশ্রয় পেলাম। এক রাতে হঠাৎ দেখি, পাশে জয়া নেই।‘কুপি জ্বালিয়ে দেখলাম, বেড়ার ফাঁকে পড়ে গেছে। ওকে টেনে নিলাম কাছে। কখনো ক্যাম্প, কখনো শরণার্থী শিবির—কত জায়গায় যে থেকেছি। পরে ভারতীয় বিএসএফ ও এক ভারতীয় সেনার সহায়তায় তুড়ায় পৌঁছালাম। তুড়া সীমান্তে রাস্তা বন্ধ। পাহাড়ি পথ ধরে অনেক পথ হেঁটে অবশেষে তাহেরের দেখা পেলাম। কত অনিশ্চয়তায় কেটেছে দিন। তাহের নেই। জয়া বড় হয়েছে। স্বামীসহ দুবাই থাকে ও। আনন্দ-অনিশ্চয়তায় কেটেছে একাত্তরের সেই দিনগুলো।’