’৭২-এর প্রটোকল অনুযায়ী চার্জ দিচ্ছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিদায়ী হাইকমিশনার রজিত মিত্তার বলেছেন, বাহাত্তরের নৌ প্রটোকল অনুযায়ী আশুগঞ্জ নৌবন্দর দিয়ে ট্রানজিট চালু হয়েছে। আর এই রুটে ট্রানজিটের জন্য পুরো চার্জই দিচ্ছে ভারত।গতকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে রজিত মিত্তার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন। দুই বছর ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের পর তিনি আগামী ১ নভেম্বর ঢাকা ছাড়ছেন।আশুগঞ্জে ট্রানজিট চালুর কথা ভারতের বিদায়ী হাইকমিশনার উল্লেখ করলেও মূলত নৌ প্রটোকলের আওতায় এই রুটে ট্রানজিট শুরু হয়েছে। আর তা শুরু হয়েছে কোনো রকম প্রস্তুতি ছাড়াই। এমনকি কোনো অবকাঠামোও নেই।দীপু মনির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রজিত মিত্তার ট্রানজিট প্রসঙ্গে বলেন, ‘এটা তো (আশুগঞ্জ নৌবন্দরের ব্যবহার) প্রটোকলে আছে। আগেও ছিল। শেরপুরে ট্রানশিপমেন্ট পয়েন্ট দিয়ে এটি হতো। ওটা খুব বেশি ব্যবহূত হয়নি। আশুগঞ্জ সবচেয়ে সুবিধাজনক পয়েন্ট। এ পর্যন্ত পণ্যের দুটি চালান গেছে।’মাশুল ছাড়াই ভারতীয় পণ্য যাচ্ছে বলে মন্তব্য করা হলে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘চার্জেস অবশ্যই দেওয়া হচ্ছে। পোর্ট, পাইলট, আনলোডিং, ক্রেন ও ড্রেজিং চার্জ আছে। এগুলো সব প্রটোকলে আছে।’রজিত মিত্তার আরও বলেন, ‘অভ্যন্তরীণ নৌ ট্রানজিট ও বাণিজ্য প্রটোকল তো ১৯৭২ থেকে চলছে। নতুন যেটি হয়েছে তা হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের পরে সিদ্ধান্ত হয়েছিল, আশুগঞ্জ হবে একটি নতুন পোর্ট অব কল।’ভারত ট্রানজিটের মাশুল দেবে কি না, জানতে চাইলে রজিত মিত্তার বলেন, ‘আমাদের বাণিজ্যমন্ত্রী যখন এসেছিলেন, তখন তিনি বলেছেন যে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যা মাশুল নির্ধারণ করা হবে, তা দেব।’নিয়মিত ট্রানজিট চালু হয়নিআখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ঁজানান, দুই দেশের শুল্ক বিভাগের আনুষ্ঠানিকতা শেষ না হওয়ায় গতকাল মঙ্গলবার ট্রানজিটের প্রথম নিয়মিত চালান ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় যায়নি।পণ্যসহ ট্রাক ভারতে প্রবেশের অনুমতিপত্র (কার পাস) জোগাড় করে আজ বুধবার চালান আগরতলায় যেতে পারে বলে জানিয়েছে পরিবহন সংস্থা ইন্দো-বাংলা শিপিং লাইনস।ট্রানজিটের এই পণ্যের জন্য কোনো মাশুল বা ফি নিচ্ছে না বাংলাদেশের শুল্ক বিভাগ। তবে ব্যাংক গ্যারান্টি নেওয়া হয়েছে।কুমিল্লা শুল্ক বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হোসেন গতকাল আখাউড়া স্থলবন্দরে প্রথম আলোকে বলেন, ‘নৌ প্রটোকলের আওতায় এই পণ্য যাচ্ছে। এটি আংশিক ট্রানজিট। আগে পরীক্ষামূলক উল্লেখ থাকলেও এখানে তা নেই। পণ্য ঠিকমতো গেলে গ্যারান্টির টাকা ফেরত দেওয়া হবে।’আখাউড়া স্থলবন্দরের শুল্ক বিভাগ সূত্র জানায়, ট্রানজিটের পণ্যবোঝাই বাংলাদেশি ট্রাকগুলোর আগরতলায় পৌঁছানোর অনুমতিপত্র ঠিকমতো তৈরি করতে পারেনি ইন্দো-বাংলা শিপিং লাইনস। এ কারণে ট্রানজিটের প্রায় ১৬০ টন লোহার পাত নিয়ে বাংলাদেশি নয়টি ট্রাক গতকাল আখাউড়া স্থলবন্দর প্রাঙ্গণেই অবস্থান করে।আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা সুবাস চন্দ্র কুণ্ডু প্রথম আলোকে বলেন, ‘অনুমতিপত্র ঠিক করবে ট্রানজিট পণ্যের পরিবহন সংস্থা। অনুমতিপত্র ঠিক হলে পণ্যগুলো আগরতলায় যেতে বাধা নেই।’ইন্দো-বাংলা শিপিং লাইনসের সহকারী বাণিজ্য ব্যবস্থাপক তপন বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘কাজটি নতুন। এ জন্য কাগজপত্র ঠিকমতো তৈরি করতে সময় লাগছে। বুধবার এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে। আশা করছি, বেলা ১১টার মধ্যেই ট্রানজিটের প্রথম চালান আগরতলায় পৌঁছাবে।’ব্রাহ্মণবাড়িয়া শুল্ক সার্কেল ট্রানজিটের পণ্য ছাড়করণ প্রসঙ্গে কুমিল্লা বিভাগীয় কর্মকর্তাকে দেওয়া এক পত্রে উল্লেখ করেছে, ট্রানজিট/ট্রানশিপমেন্টের আওতায় বাংলাদেশি জাহাজ এম ভি নীলকণ্ঠ ৬২১ দশমিক ৬৮ মেট্রিক টন পণ্য নিয়ে খুলনার শেখবাড়িয়া শুল্ক স্টেশন থেকে আশুগঞ্জ নৌবন্দরে এসেছে। এই পণ্যের বিপরীতে ২৬ লাখ পাঁচ হাজার ১২৮ টাকা ব্যাংক গ্যারান্টি দেওয়া হয়েছে। আশুগঞ্জ থেকে ট্রাকে করে আখাউড়া স্থলবন্দর হয়ে পণ্যগুলো আগরতলায় নিয়ে যাবে ইন্দো-বাংলা শিপিং লাইনস।শুল্ক বিভাগ জানায়, এর আগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পণ্যবোঝাই ট্রাকগুলো আগরতলা স্থলবন্দরে নিয়ে খালাস করার অনুমতি দেয়। এ নিয়ে এনবিআরের একটি আদেশ গত সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম কাস্টমস কমিশনারের কার্যালয় থেকে আখাউড়া শুল্ক বিভাগে আসে।