’৭২-এর বাণিজ্য চুক্তি ঘিরে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতকে ট্রানজিট দিতে নতুন করে চুক্তি স্বাক্ষরের প্রয়োজন নেই, বরং ১৯৭২ সালে দুই দেশের মধ্যে সম্পাদিত বাণিজ্য চুক্তিতে বিষয়টির সুরাহা হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা মসিউর রহমান ও গওহর রিজভীর এ বক্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।এর আগে বিশেষ করে গত বছর মসিউর রহমান ট্রানজিটের বিনিময়ে ভারতের কাছ থেকে মাশুল আদায়ের তীব্র বিরোধিতা করেন। তাঁর বক্তব্যকে ঘিরেও বিতর্ক ও সমালোচনার ঝড় ওঠে।ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের আগে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা সম্প্রতি ’৭২-এর বাণিজ্য চুক্তির মাধ্যমে ট্রানজিটের বিষয়টি সুরাহার যে যুক্তি দিচ্ছেন, তা কিছুটা বিভ্রান্তির সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন। কারণ, বাংলাদেশের দুই প্রধান বন্দর ব্যবহারের ট্রানজিট পেতে ভারত ইতিমধ্যেই চুক্তির খসড়া দিয়েছে। ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মনমোহন সিংয়ের বৈঠক শেষে ভারত ওই চুক্তি সই করতে আগ্রহী। দুই উপদেষ্টার এ বক্তব্য প্রসঙ্গে সাবেক কূটনীতিক ও বিশেষজ্ঞদের মত হচ্ছে, খণ্ডিতভাবে জোড়াতালি দিয়ে কোনো আইনি কাঠামো তৈরি করা হলে তা নিয়ে একদিকে যেমন জনমনে প্রশ্ন উঠবে, পাশাপাশি এ ধরনের প্রক্রিয়া কতটা টেকসই হবে তা নিয়েও সংশয় থাকে। এ ব্যাপারে জানতে চাইলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ন কবীর প্রথম আলোকে বলেন, ‘সরকারের পক্ষ থেকে ’৭২-এর বাণিজ্য চুক্তির প্রসঙ্গ টেনে যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, সেটা ঠিক নয়। বিভিন্ন সময়ে সম্পাদিত নৌচুক্তি, রেলচুক্তিকে জোড়াতালি দিয়ে খণ্ডিতভাবে যে আইনি কাঠামো তৈরি করা হচ্ছে, সেটি একটি অসম্পূর্ণ উদ্যোগ। আর এ ধরনের উদ্যোগ নিয়ে একদিকে জনগণের মধ্যে যেমন প্রশ্ন উঠতে পারে, অন্যদিকে এ ধরনের প্রক্রিয়া কতটা টেকসই হবে তা নিয়েও সংশয় থাকে।’হুমায়ন কবীর আরও বলেন, ‘ভারতের সঙ্গে প্রায় চার দশক ধরে আমাদের নৌ-ট্রানজিট রয়েছে। এর মাধ্যমে আমাদের লাভ-ক্ষতি কী হলো, এতে কী সমস্যা আছে তা নিয়ে গবেষণার প্রয়োজন রয়েছে। কিন্তু এখন পর্যন্ত এ ধরনের কোনো গবেষণা হয়নি। হলে তার অভিজ্ঞতার আলোকে আমরা এগিয়ে যেতে পারতাম।’সাবেক এই রাষ্ট্রদূত বলেন, ‘ট্রানজিটের মতো বিষয়ের চূড়ান্ত নিষ্পত্তির আগে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সরকারের হাতকে শক্তিশালী করার প্রয়োজন ছিল। কিন্তু তেমন কোনো উদ্যোগ আমরা দেখছি না। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দেওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। সবাইকে এ প্রক্রিয়ায় যুক্ত না করে এখনই তাড়াহুড়া করে ট্রানজিট চুক্তি সইয়ের কোনো কারণ দেখছি না।’এ প্রসঙ্গে সেন্টার ফর পলিসি ডায়লগের নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ-ভারত বাণিজ্য চুক্তিতে পরস্পরের ভূখণ্ড বাণিজ্যের জন্য ব্যবহারের সুযোগ দেওয়ার যে কথা বলা হয়েছে, সেটি আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণের সম্মতি দেয়। তার মানে এই নয় যে ট্রানজিটের জন্য বা বন্দর ব্যবহারের জন্য আলাদা কোনো চুক্তি করতে হবে না।’মোস্তাফিজুর রহমান ব্যাখ্যা করে বলেন, ‘এখন নতুন একটি প্রেক্ষাপটে ট্রানজিটের বিষয়কে দেখা হচ্ছে। তাই ট্রানজিট বাস্তবায়ন করতে হলে রূপরেখা চুক্তি করতে হবে, বিভিন্ন প্রটোকল তৈরি করতে হবে। এভাবে ট্রানজিটের বিভিন্ন দিক বিস্তারিতভাবে আইনি কাঠামোর আওতায় আনতে হবে। কোন কোন পথে ট্রানজিট হবে, কী হারে মাশুল নেওয়া হবে ইত্যাদি বিষয় স্পষ্ট করতে হবে।’সিপিডির নির্বাহী পরিচালক আরও মনে করেন, ট্রানজিটকে একটি সর্বাত্মক বা বিস্তৃত কাঠামোর আওতায় এনে ভারতের সঙ্গে সমঝোতা করাটা অধিকতর লাভজনক। ভারতের সঙ্গে বিভিন্ন অনিষ্পন্নকৃত ইস্যুর সঙ্গে যুক্ত করতে হবে। এ জন্য অনেক কাজ করার প্রয়োজন।