সাক্ষাৎকার নিয়েছেন রাহীদ এজাজপ্রথম আলো: আপনি বলেছেন, ট্রানজিট বাস্তবায়নের জন্য নতুন চুক্তি সইয়ের প্রয়োজন নেই। বরং ’৭২-এর বাণিজ্য চুক্তিতেই বিষয়টির সুরাহা হয়েছে। আপনাদের এ অবস্থান তো নতুন বিতর্ক সৃষ্টি করেছে।গওহর রিজভী: এ নিয়ে তো বিতর্কের কোনো কারণ দেখছি না। ’৭২-এ সম্পাদিত দুই দেশের বাণিজ্য চুক্তিতেই ট্রানজিটের সুরাহা হয়েছে। এখন আমরা যা করছি, তা হচ্ছে যোগাযোগব্যবস্থার নেটওয়ার্ক করে দেওয়া। ’৭২-এর চুক্তি সইয়ের সময় এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা এগোয়নি। এখন আমরা ওই চুক্তিকে ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। ট্রানজিটের রুট কী হবে, কোন প্রক্রিয়ায় পণ্য পরিবহন হবে—এসব বিষয় নির্ধারণের জন্য কাজ করছি।প্র. আ.: কিন্তু যে চুক্তির আওতায় আপনারা ভারতকে ট্রানজিট দিতে চাইছেন, তার মাধ্যমে তো মাশুল আদায়ের সুযোগ নেই। এ বিষয়ের মীমাংসা কীভাবে হবে? তা ছাড়া ভারত থেকে মাশুল আদায় হবে কি না, তা নিয়ে জনমনে সংশয় রয়েছে।রিজভী: এটা তো কঠিন কিছু না। চুক্তি সংশোধনের মাধ্যমেই মাশুল আদায়ের মীমাংসা সম্ভব। মাশুল নিয়ে সংশয়ের কথা বললেন। আমরা কি কখনো বলেছি বিনা মাশুলে ভারতকে পণ্য আনা-নেওয়া করতে দেব? আমরা পকেটের টাকা খরচ করে অন্যের জন্য কেন রাস্তা তৈরি করব? দেখুন, মাশুল অবশ্যই নেব। আর এটি নির্ধারণ করবে সরকারের বিশেষজ্ঞ কমিটি। অবকাঠামোর বিনিয়োগ, যানজটের ক্ষতিপূরণ, পরিবেশের ক্ষতিসহ সব কিছু বিশ্লেষণ শেষে সরকার মাশুলের হার চূড়ান্ত করবে। আরেকটি বিষয়, মাশুলের হারটি এমনভাবে নির্ধারণ করা হবে, তা যেন ভারতের পাশাপাশি নেপাল ও ভুটানের কাছ থেকেও একই হারে আদায় করা যায়।তবে এটি যাতে প্রতিযোগিতামূলক হয়, সেটি বিবেচনায় রাখতে হবে। কারণ, আমরা যদি এমন কোনো হার নির্ধারণ করি, যাতে কেউ আমাদের ভূখণ্ড ব্যবহার করল না, তবে তো অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ ভেস্তে যাবে।প্র. আ.: কিন্তু বিরোধী দল তো বলছে, ভারতের সঙ্গে গোপনে চুক্তি করা হচ্ছে। ট্রানজিট নয়, ভারতকে করিডর দেওয়া হচ্ছে।রিজভী: এসব বলে আসলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরে যেসব চুক্তি সই হবে, তা জনসমক্ষে প্রকাশ করা হবে। ওয়েবসাইটেও তা প্রকাশ করা হবে। বিরোধী দল ট্রানজিটের সঙ্গে করিডরকে গুলিয়ে ফেলছে। ভারতকে আমরা করিডর দিচ্ছি বলে যাঁরা অপপ্রচার চালান, তাঁরা করিডরের সুনির্দিষ্ট অর্থ না বুঝেই মন্তব্য করেন। করিডর দেওয়ার মানে কোনো দেশকে বিশেষ কোনো অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ দিয়ে দেওয়া। দেশের সার্বভৌমত্ব দিয়ে দেওয়া। কিন্তু ভারতের ক্ষেত্রে তো আমরা তা করছি না। কাজেই এসব কথা যাঁরা বলেন, তাঁরা বিতর্ক উসকে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেন। আর আমরা তো আমাদের বাস-ট্রাক চলাচল বন্ধ করে ভারতকে ট্রানজিট দেব না। তা ছাড়া ট্রানজিট দেওয়ার সময় আমাদের রাস্তাঘাটের ওপর কতটা চাপ পড়বে, সেটাও তো আমরা দেখব। প্র. আ.: ভারতকে সড়ক, নৌ ও রেলপথে ট্রানজিটের সিদ্ধান্ত রয়েছে। শুরুটা কীভাবে হবে?রিজভী: ভারতকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে আমাদের অগ্রাধিকারের তালিকায় থাকবে প্রথমে নৌপথ। তারপর রেলপথ। তার মানে প্রাথমিকভাবে নৌপথ ও রেলপথে ট্রানজিট চালু হবে। এরপর সড়ক অবকাঠামো উন্নয়নের পর সড়কপথে ভারতকে ট্রানজিট দেব। এখানে একটা কথা বলে রাখি, আমি মনে করি, ভারতকে ট্রানজিট দেওয়ার মাধ্যমে আমাদের লাভ শুধু মাশুল আদায়ের মধ্যেই সীমিত থাকবে না। সড়ক অবকাঠামোর উন্নয়ন হলে, চূড়ান্তভাবে আমরাই উপকৃত হব।