’৭২-এর সংবিধান বহাল রয়েছে: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধনে গঠিত বিশেষ সংসদীয় কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, দেশে বর্তমানে ’৭২-এর সংবিধান বহাল রয়েছে। তিনি বলেন, উচ্চ আদালত সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করায় ’৭২ এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সেমিনার হলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ আয়োজিত ‘স্বাধীনতা, মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও বর্তমান সংবিধান সংশোধন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আবদুল হক সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্যে দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মহীউদ্দীন খান আলমগীর ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।‘দেশে কোনো সংবিধান নেই ফলে সাংবিধানিক সংকট চলছে’ বলে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সম্প্রতি দেওয়া বক্তব্যকে সুরঞ্জিত ‘দায়িত্বজ্ঞানহীন, নৈরাজ্যকর ও চরমপন্থী’ উল্লেখ করে এর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, অতীতের অবৈধভাবে ক্ষমতা দখলকারী সামরিক শাসকদের জারি করা ফরমান, নোটিশ ও সংশোধনী বাতিল হলেই দেশে সাংবিধানিক সংকট তৈরি হয় না।সুরঞ্জিত বলেন, ‘৭১-এর ৭ মার্চ বঙ্গবন্ধুর ‘যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে’ ঘোষণার মধ্য দিয়ে যে সংবিধানের যাত্রা শুরু হয় এবং ১০ এপ্রিল মুজিবনগরে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এর দ্বিতীয় মাত্রা যুক্ত হয়। সামরিক শাসকেরা এ সংবিধান কলুষিত করেছিল উল্লেখ করে তিনি বলেন, বর্তমান যুগ গণতন্ত্রের ও মানুষের অধিকার প্রতিষ্ঠার যুগ। এ সময়ে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা ঠিক নয়। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, দেশে যদি সংবিধানই না থাকে তবে পার্লামেন্ট থাকে কী করে এবং তিনি বিরোধীদলীয় নেতাই বা কী করে থাকেন? বিরোধীদলীয় নেত্রী যুদ্ধাপরাধীদের বিচার চান বলে যে দাবি করেছেন, সুরঞ্জিত সেনগুপ্ত তারও সমালোচনা করেন। তিনি বলেন, যে আইনে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, তা প্রণীত হয়েছিল ১৯৭৩ সালে। এর পর জিয়াউর রহমান পাঁচ বছর এবং বেগম জিয়া দুই মেয়াদে সরকার গঠন করে যুদ্ধাপরাধীদের বিচার দূরের কথা, বরং নানাভাবে তাঁদের পুনর্বাসিত ও পুরস্কৃত করেছেন।মহিউদ্দিন খান আলমগীর বলেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এবং রাজাকার, আল-বদর ও অতি বামদের নিয়ে দল গঠন করে জিয়া বাংলাদেশে সামরিক স্বৈরশাসন প্রতিষ্ঠা করেন। জিয়া শুধু কর্নেল তাহেরকেই নয় একই সঙ্গে আরও ৪১৩ জন মুক্তিযোদ্ধা কর্মকর্তাকে হত্যা করেন উল্লেখ করে তিনি বলেন, জিয়ার প্ররোচনায় সেদিন যাঁরা মুক্তিযোদ্ধাদের ফাঁসি দিয়েছিলেন, আজ তাঁদের বিচার করতে হবে। বাসস।