’৭২-এর সংবিধানে ফিরলে দেশে বিশৃঙ্খলা তৈরি হবে: জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বলেছেন, ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। এতে দেশে বিশৃঙ্খলা তৈরি হবে। দেশ অনেক দূর এগিয়ে গেছে। এখন আর পেছনে যাওয়ার সুযোগ নেই।জামায়াতের শীর্ষ পাঁচ নেতার মুক্তির জন্য জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় মকবুল আহমাদ এ কথা বলেন। আজ মঙ্গলবার বিকেলে বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা চিকিত্সকদের সঙ্গে মতবিনিময় করেন।অনুষ্ঠানে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেন, সরকার প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার চায় না। তারা রাজনীতির ময়দান থেকে ইসলামি শক্তিকে উচ্ছেদ করতে চায়। এ জন্যই এই বিচারের প্রক্রিয়া শুরু করেছে।প্রধান অতিথির বক্তব্যে মকবুল আহমাদ বলেন, পঞ্চম সংশোধনী বাতিল করে ’৭২-এর সংবিধানে ফিরে যেতে চায় সরকার। এটা করা হলে দেশে সব ইসলামি দল রাজনীতি করার অধিকার হারাবে। বিষয়টির প্রতি ইঙ্গিত করে সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘ভারতের মতো দেশে ইসলামি দল আছে। আপনি কোন সাহসে বাংলাদেশে ইসলামি দল নিষিদ্ধ করবেন?’সংবিধান সংশোধন বিষয়ে সরকার যে সর্বদলীয় সংসদীয় কমিটি করতে চায়, সেখানে জামায়াতকে রাখেনি। এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত আমির বলেন, ‘তারা সর্বদলীয় সংসদীয় দল করবে, অথচ জামায়াতকে রাখবে না। সংসদে জামায়াতের দুজন সদস্য আছে। তারা কি সংসদ সদস্য নয়? এর মধ্যে কী গণতন্ত্র আছে?’একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ার সমালোচনা করে জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, ৪০ বছরের আগের মামলার জন্য রিমান্ড চাচ্ছেন (মিরপুর গণহত্যা মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে রিমান্ডে নেওয়া হয়েছে), অথচ এখন কার হাতে কুড়াল, চাপাতি আছে—তা দেখছেন না?...যারা নগদ মারা যাচ্ছে, তাদের খবর নাই, ৪০ বছর আগে কারা মারা গেছে, তাদের নিয়ে এখন মামলা হচ্ছে।’