’৭২ সাল থেকেই ট্রানজিট ব্যবহার করছে ভারত: রজিত মিত্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিদায়ী হাইকমিশনার রজিত মিত্তার বলেছেন, দীর্ঘমেয়াদে সব পক্ষই অর্থনৈতিকভাবে লাভবান হবে—এটা বিবেচনায় রেখেই ট্রানজিটের মাশুল নির্ধারণ করতে হবে। স্বল্পমেয়াদে তা পরিবর্তন করা হলে মাশুলের হার বেশি, এ যুক্তি দিয়ে ব্যবসায়ীরা ট্রানজিট ব্যবহার করবে না।আজ শুক্রবার দুপুরে ভারতীয় হাইকমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রজিত মিত্তার ট্রানজিট মাশুল প্রসঙ্গে এ মন্তব্য করেন। আগামী ১ নভেম্বর দায়িত্ব পালন শেষে তাঁর দিল্লি ফেরা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এক ঘণ্টার আলাপচারিতায় বাংলাদেশে তাঁর দুই বছরের কর্মজীবনের অভিজ্ঞতা, দুই দেশের সম্পর্ক নিয়ে কথা বলেন। যথারীতিই এ সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে গুরুত্ব পেয়েছে ট্রানজিট আর তিস্তার পানিচুক্তি। ভারতের এ কূটনীতিক ট্রানজিটের মাশুলকে এ সময়ের ‘আলোচিত বিষয়’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ’৭২ সাল থেকেই দ্বিপক্ষীয় বাণিজ্য ও ট্রানজিট বাণিজ্যের জন্য বাংলাদেশ দিয়ে ট্রানজিট সুবিধা ব্যবহার করছে ভারত। বাংলাদেশে বিভিন্ন সরকারের আমলে এটি অব্যাহত ছিল। এখন আশুগঞ্জ নৌবন্দর যুক্ত হয়েছে ট্রানশিপমেন্ট পয়েন্ট হিসেবে। এটিও নতুন নয়। এর আগে শেরপুুর ট্রানশিপমেন্ট ছিল। কিন্তু অবকাঠামো সুবিধা না থাকায় এটি ব্যবহূত হয়নি।রজিত মিত্তারের মতে, ট্রানজিটের মাধ্যমে বাংলাদেশই বেশি লাভবান হচ্ছে। কারণ, বাংলাদেশের যানবাহনের মাধ্যমে ভারতে পণ্য পরিবহন হচ্ছে। আর জাহাজে যেসব পণ্য আসছে তার ৯৫ শতাংশই হচ্ছে বাংলাদেশের। অথচ সবাই শুধু মাশুলের বিষয়টিতেই বেশি গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, ট্রানজিটে লাভের বিষয়টি মূল্যায়ন করতে হলে দুই পক্ষের লাভের বিষয়টিতে গুরুত্ব দিতে হবে। এতে এক পক্ষের লাভ হলে চলবে না। আর এর মাধ্যমে দীর্ঘমেয়াদে সব পক্ষ অর্থনৈতিকভাবে লাভবান না হলে তা টেকসই হবে না।ট্রানজিটের বিনিময়ে বাংলাদেশকে মাশুল দেওয়ার বিষয়ে ভারতের ভাবনা জানতে চাইলে রজিত মিত্তার বলেন, ‘আমরা সব সময় বলেছি, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী মাশুল দেব। ইতিমধ্যেই নৌ প্রটোকলের আওতায় যেসব চার্জ দেওয়ার কথা আমরা তা দিচ্ছি। তবে চট্টগ্রাম ও মংলা বন্দরে ট্রানজিট চালু হলে, নতুন করে মাশুল নির্ধারণ হবে। তখন এ নিয়ে নিশ্চয় আমাদের সঙ্গে আলোচনা করে একটা কিছু হার দাঁড়াবে। তবে দেখতে হবে শেষ পর্যন্ত এটি যেন সবার জন্য লাভজনক হয়। তা না হলে ব্যবসায়ীরা বলবে হারটা বেশি হয়ে গেছে। কারণ, এটি ব্যবহার করবে তো ব্যবসায়ীরাই। ছয় মাস পরপর যদি বদল করা হয় তবে তা ঠিক হবে না।’ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তা চুক্তি সই না হলেও বিষয়টিকে বড় করে দেখতে নারাজ বাঙালি কূটনীতিক রজিত মিত্তার। তিনি বলেন, ‘বিষয়টি (তিস্তা চুক্তি সই না হওয়া) বাংলাদেশের জন্য হতাশার। তাই বলে একটি প্রসঙ্গ সব কিছুকে ছাপিয়ে যাবে এমনটা সমীচীন নয়। তবে আমি আশাবাদী আমরা কিছুটা সময় নিয়ে এ বিষয়ে একটা সমাধানে পৌঁছাতে পারব।’তিস্তা পানিবণ্টন চুক্তি সইয়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা কতটা কিংবা এ নিয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের মতপার্থক্য দূর হয়েছে কি না, জানতে চাইলে সরাসরি কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, ‘এ চুক্তির সঙ্গে অনেকগুলো বিষয় জড়িত। সবগুলো বিষয় দেখে অন্তর্বর্তীকালীন চুক্তিটি সই করতে হবে। এ ব্যাপারে আমাদের চেষ্টা অব্যাহত আছে। তবে সবার কাছে গ্রহণযোগ্য এবং ন্যায্যতা ও সমতার ভিত্তিতেই এ চুক্তিটি হতে হবে। পাশাপাশি নদীতে পানি কতটা আছে চুক্তি সইয়ের সময় সেটিকেও বিবেচনায় আনতে হবে।’বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের দুই মাস আগে ঢাকায় ভারতের হাইকমিশনার পদে যোগ দেন রজিত মিত্তার। তাঁর দায়িত্ব পালনের সময়ে দুই দেশের সম্পর্কে বিশেষ অগ্রগতি হয়েছে বলে তিনি দাবি করেন। কারণ, এ সময়ের মধ্যে দুই প্রধানমন্ত্রী দুবার বৈঠকে বসার পাশাপাশি মন্ত্রী ও সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। সুরাহা হয়েছে ১৯৪৭ সাল থেকে অমীমাংসিত সীমান্ত সমস্যার। আর ’৭৪-এর সীমানা চিহ্নিতকরণ চুক্তি সইয়ের ঘটনাকে ঢাকায় দায়িত্ব পালনের সময় উল্লেখযোগ্য সাফল্য হিসেবে মনে করেন রজিত মিত্তার। তিনবিঘা করিডরে বাংলাদেশের লোকজনের ২৪ ঘণ্টা অবাধ চলাচলের সিদ্ধান্ত বাস্তবায়নেও তিনি সন্তোষ প্রকাশ করেন।চুক্তি সইয়ের এক বছর পেরিয়ে গেলে ভারতের প্রতিশ্রুত ১০০ কোটি ডলার ঋণচুক্তির প্রকল্পগুলো এখনো বাস্তবায়িত হয়নি। কিন্তু ভারতীয় হাইকমিশনার মনে করেন, এতেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তাঁর ভাষায়, ‘এতে যথেষ্ট দ্রুত অগ্রগতি হয়েছে। এ অগ্রগতিতে আমরা সন্তুষ্ট। এ পর্যন্ত আমরা ৭৫ কোটি ডলারের প্রকল্প চূড়ান্ত করেছি। দুই প্রকল্পের বাস্তবায়ন শুরুর জন্য কার্যাদেশের চুক্তি সই হয়েছে।’বাংলাদেশ ও ভারতে বিশেষ কোনো দল ক্ষমতায় এলে দুই প্রতিবেশীর সম্পর্কে গুণগত পরিবর্তন ঘটে। ভবিষ্যতে সরকার পরিবর্তন হলে কি সম্পর্কের অগ্রযাত্রা ব্যাহত হবে। এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি রজিত মিত্তার। তবে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার ইতিবাচক সহযোগিতার কারণে সাম্প্রতিক সময়ে সম্পর্কের বিশেষ উন্নতি হয়েছে। বাংলাদেশের সরকারের এ মনোভাবের কারণে সম্পর্ককে এগিয়ে নেওয়াটা আমাদের জন্য সহজ হয়েছে।’আসামের বিচ্ছিন্নতাবাদী নেতা অনুপ চেটিয়ার ব্যাপারে ভারতের কেন্দ্রীয় সরকারের মনোভাব কী অর্থাত্ তাঁকে বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ভারতের আগ্রহ প্রসঙ্গে জানতে চাইলে রজিত মিত্তার বলেন, ‘আমি নির্দিষ্টভাবে কোনো ব্যক্তির কথা বলব না। তবে নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের চমত্কার সহযোগিতা রয়েছে। ভবিষ্যতে এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।’