’৭৫-এর পর মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা চলেছে
যুদ্ধাপরাধীদের বিচারকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে আখ্যায়িত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। প্রতিমন্ত্রী অভিযোগ করে বলেন, ’৭৫-পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, ৭ মার্চ বঙ্গবন্ধু যে স্থানে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এবং পাকিস্তানের হানাদার বাহিনী যেখানে আত্মসমর্পণ করেছেন, সেখানে শিশুপার্ক বানানো হয়েছে। এটা পরিকল্পিতভাবে জিয়াউর রহমান করেছেন, যাতে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্ম জানতে না পারে। আজ শনিবার বিকেলে কেরানীগঞ্জে আটিভাওয়াল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত শহীদ মিনার ও মুক্ত মঞ্চ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।আইন প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে এই যুদ্ধে আমরা জয়লাভ করব। বিজয়ের এ মাসে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে নানা ষড়যন্ত্র চলছে। তবে এ ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।’ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও আটিভাওয়াল উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল জলিল ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. শাহিন আহমেদ, বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাবুল মিয়া প্রমুখ।