’৯০ ও ৯১-এর সরকারের সাংবিধানিক ভিত্তি প্রশ্নবিদ্ধ
নব্বইয়ের অস্থায়ী সরকার ও একানব্বইয়ের নির্বাচিত সরকারের সাংবিধানিক ভিত্তি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। অস্থায়ী সরকারের সম্পূর্ণ এবং নির্বাচিত সরকারের আংশিক সময়কে ক্রান্তিকাল বিবেচনা করে সংবিধানের চতুর্থ তফসিলে স্থান দিয়ে বৈধতা দেওয়া হয়েছিল। কিন্তু সংবিধানের পঞ্চম সংশোধনী মামলাসংক্রান্ত সুপ্রিম কোর্টের পুনর্মূল্যায়িত রায়ে বলা হয়েছে, ক্রান্তিকাল বলতে শুধু ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে সংবিধান কার্যকর হওয়ার দিন পর্যন্ত (১৬ ডিসেম্বর ১৯৭২) সময়কে বোঝাবে। এর বাইরে চতুর্থ তফসিলে যেসব বিষয়কে স্থান দেওয়া হয়েছে, তা বাতিল হবে।এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, সুপ্রিম কোর্টের সর্বশেষ রায়ে ক্রান্তিকাল বলতে মুক্তিযুদ্ধের শুরু থেকে সংবিধান কার্যকর হওয়ার মধ্যবর্তী সময়কে বোঝানো হয়েছে। এর বাইরে অন্যান্য বিষয়কে অপ্রয়োজনীয়ভাবে চতুর্থ তফসিলে স্থান দেওয়া হয়েছে।সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু প্রথম আলোকে বলেন, একটি দেশে ক্রান্তিকাল অনন্তকাল চলতে পারে না। ক্রান্তিকাল জাতির জীবনে একবারই এসেছিল। ক্রান্তিকালের নামে চতুর্থ তফসিলে অন্য যেসব বিষয়কে স্থান দেওয়া হয়েছিল, তা সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়ে গেছে। এর মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখলের পথ রুদ্ধ হয়ে গেছে।সে ক্ষেত্রে বিচারপতি সাহাবুদ্দীন আহমদের নেতৃত্বাধীন ১৯৯০-৯১ সালের অস্থায়ী সরকার এবং ১৯৯১ সালের বিএনপির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের সাংবিধানিক পরিণতি কী হবে, জানতে চাইলে মাহবুবে আলম ও আবদুল মতিন বলেন, সেটা সংসদ ঠিক করবে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ বলেন, সুপ্রিম কোর্টের এই রায়ের মাধ্যমে শুধু নব্বইয়ের অস্থায়ী সরকার ও একানব্বইয়ের নির্বাচিত সরকারই অবৈধ হয়নি, তার আগে-পরের সব সরকারই অবৈধ হয়ে পড়েছে। সবকিছু জটিল হয়ে গেছে। এ জটিলতা খুলবে কি না, সেটা সংসদের সদিচ্ছার ওপর নির্ভর করবে। তিনি বলেন, চতুর্থ তফসিলের স্পর্শকাতর বিষয়গুলো আদালতের টেনে আনা উচিত হয়নি। এর মাধ্যমে জাতিকে দ্বিধাবিভক্ত করা হচ্ছে।সংবিধানের চতুর্থ তফসিলের মূল অনুচ্ছেদ ১৫০-এ বলা আছে, অন্য কোনো বিধান সত্ত্বেও চতুর্থ তফসিলে বর্ণিত ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলি কার্যকর হবে। এই অনুচ্ছেদের বিধান বলেই ১৯৭১ সালের ২৬ মার্চের পরবর্তী মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকার, স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতার ঘোষণাপত্র, দেশ স্বাধীন হওয়ার পর গঠিত গণপরিষদ, সংবিধান প্রণয়ন ও সংবিধান কার্যকর হওয়ার আগ পর্যন্ত প্রণীত বিভিন্ন আইন ও অন্যান্য কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া হয়। কিন্তু পরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সামরিক সরকার পঁচাত্তরের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত সময়কে ক্রান্তিকাল হিসেবে গণ্য করে। ওই সরকার তাদের যাবতীয় কর্মকাণ্ড ও প্রণীত সামরিক ফরমানকে চতুর্থ তফসিলে স্থান দিয়ে বৈধতা দিয়েছিল। একই পন্থা অনুসরণ করেছিলেন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদও। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতনের পর রাজনৈতিক দলের সম্মতিতে বিচারপতি সাহাবুদ্দীন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন। এরপর তিনি ’৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিচার বিভাগে ফিরে যান। পরে পঞ্চম সংসদ ১৯৯১ সালের ৬ আগস্ট সংবিধানের একাদশ সংশোধনীর মাধ্যমে অস্থায়ী সরকারের কর্মকাণ্ড ও সাহাবুদ্দীন আহমদের বিচার বিভাগে ফিরে যাওয়াকে ভূতাপেক্ষ বৈধতা দেয়, যা চতুর্থ তফসিলের ২১ অনুচ্ছেদে স্থান পেয়েছে। একই বছরের ১৮ সেপ্টেম্বর সংবিধানের দ্বাদশ সংশোধনী পাস হয়। এর মাধ্যমে রাষ্ট্রপতির শাসনব্যবস্থা থেকে মন্ত্রিপরিষদ শাসনব্যবস্থা চালু করা হয়। একই সঙ্গে দ্বাদশ সংশোধনী আইন পাস হওয়ার আগ পর্যন্ত সংসদের সময়কে চতুর্থ তফসিলের ২২ অনুচ্ছেদের মাধ্যমে ভূতাপেক্ষ বৈধতা দেওয়া হয়।কিন্তু হাইকোর্ট ২০০৫ সালে সংবিধানের পঞ্চম সংশোধনীসংক্রান্ত মামলার রায়ে বলেন, ক্রান্তিকাল বলতে একাত্তরের ২৬ মার্চ থেকে বাহাত্তরের ১৬ ডিসেম্বরের মধ্যবর্তী সময়কে বোঝানো হবে। ক্রান্তিকালের নামে অন্য কোনো বিষয়কে চতুর্থ তফসিলে স্থান দেওয়া যাবে না। পরে ২০১০ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিষয়গুলোকে মার্জনা করেন। কিন্তু রাষ্ট্রপক্ষের পুনর্বিবেচনার আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট ১১ মে যে রায় দিয়েছেন, তাতে হাইকোর্টের রায় পুনর্বহাল করা হয়েছে। আরও বলা হয়েছে, মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের কর্মকাণ্ড ছাড়া অন্যান্য বিষয়কে অপ্রয়োজনীয়ভাবে চতুর্থ তফসিলে স্থান দেওয়া হয়েছে। এ বিষয়ে আইন বিশেষজ্ঞ শাহ্দীন মালিক প্রথম আলোকে বলেন, চতুর্থ তফসিলে একাত্তরের অস্থায়ী সরকারের কর্মকাণ্ড ছাড়া অন্য কোনো বিষয়ের স্থান পাওয়া বাঞ্ছনীয় ছিল না। কিন্তু নানা ঘটনার মধ্য দিয়ে আরও কিছু বিষয় এতে ঢুকে পড়েছে। এখন আদালত বলেছেন, এতে মুক্তিযুদ্ধের অস্থায়ী সরকারের কর্মকাণ্ড ছাড়া অন্য কোনো বিষয়কে স্থান দেওয়া যাবে না। কিন্তু এর মাধ্যমে নব্বইয়ের অস্থায়ী সরকার ও একানব্বইয়ের নির্বাচিত সরকারের সাংবিধানিক ভিত্তি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। একই মত অধ্যাপক আসিফ নজরুলের। তিনি বলেন, এই রায়ের মাধ্যমে সাহাবুদ্দীন আহমদের অস্থায়ী সরকার এবং ১৯৯১ সালের নির্বাচিত সরকারসহ ১৯৭৫-পরবর্তী সব সরকারের সাংবিধানিক ভিত্তিই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।