’৯৬-র শেয়ার কেলেঙ্কারি: তিনজনের বিরুদ্ধে মামলা চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৬ সালে শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় করা মামলায় সিকিউরিটিজ কনসালটেন্ট লিমিটেডের তিনজনের অব্যাহতির আবেদন খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি মামলার কার্যক্রমে ইতিপূর্বে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।একই সঙ্গে রায়ের অনুলিপি পাওয়ার পর ছয় মাসের মধ্যে নিম্ন আদালতে মামলাটি নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে ওই তিনজনের বিরুদ্ধে মামলা চলবে। এ তিনজন হলেন—এম জি আজম চৌধুরী, মোহাম্মদ শহীদুল্লাহ ও অধ্যাপক মাহবুব আহমেদ।আদালত-সংশ্লিষ্টরা জানান, ১৯৯৬ সালের ওই শেয়ার কেলেঙ্কারির ঘটনায় পরের বছর এম জি আজম চৌধুরী, মোহাম্মদ শহীদুল্লাহ ও অধ্যাপক মাহবুব আহমেদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। মামলার অভিযোগে বলা হয়, আইন ও বিধিবহির্ভূত পন্থায় শেয়ারবাজার অবৈধভাবে প্রভাবান্বিত করে তাঁরা উচ্চমূল্যের বাজার সৃষ্টি করেছেন, যা ১৯৬৯ সালের আইনের ১৭ ধারার বিধি অনুযায়ী বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ।পরে ওই মামলায় ১৯৯৯ সালে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের বিরুদ্ধে এ তিনজন হাইকোর্টে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালের ২৯ এপ্রিল হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত ও রুল জারি করেন। রুলের ওপর তিন দিন শুনানি নিয়ে আদালত আজ রায় ঘোষণা করেন।সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষে আবুল কাশেম মোহাম্মদ আলী এবং আবেদনকারীদের পক্ষে সাফায়েত সুলতানা রুমি মামলা পরিচালনা করেন।আবুল কাশেম মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, নিম্ন আদালতে তিনজন অব্যাহতি চেয়ে আবেদন করেন। আদালত তা খারিজ করে দেন। এর বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে ফৌজদারি রিভিশন করেন। এর ওপর শুনানি নিয়ে আদালত রায় দেন।