রাজধানীর কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় অধিকাংশ পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। কিছু কিছু সবজির দাম কমেছে। গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারসহ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।দোকানিরা জানান, চলতি সপ্তাহে নতুন করে কোনো পণ্যের দাম বাড়েনি। কিছু কিছু পণ্যের দাম আগের সপ্তাহে বেড়ে এখন ওই দামেই স্থিতিশীল রয়েছে। এ সপ্তাহে পণ্যের দাম বাড়েনি, বরং শীতের অনেক সবজির দাম কেজিতে পাঁচ থেকে ছয় টাকা পর্যন্ত কমেছে।এক সপ্তাহ আগে ঢাকার বিভিন্ন বাজারে প্রতি কেজি উস্তা (উচ্ছে) বিক্রি হয়েছিল ১৪০ থেকে ১৫০ টাকায়। গতকাল উস্তা বিক্রি হয়েছে ১০০ টাকা কেজি। তবে মানভেদে কোনো কোনো বাজারে ৯০ টাকা কেজিতেও তা বিক্রি হয়েছে।বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি টমেটো ২০ থেকে ২৫ টাকা, আলু ১৫ থেকে ১৮ টাকা, ফুলকপি প্রতিটি ২০ থেকে ২৫ টাকা, বাঁধাকপিও প্রতিটি ২০ থেকে ২৫ টাকা, বেগুন প্রতি কেজি ৪০ টাকা, শিম ৩০ থেকে ৩৫ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, লতি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছে। কাজীপাড়া বাজারের সবজি বিক্রেতা আল আমিন জানান, শীতের অনেক সবজির সরবরাহ কমতে শুরু করেছে। এরই মধ্যে নতুন আলু বাজারে এসেছে। দামও কমতির দিকে।সবজির দাম কমলেও মাছ-মাংসের দাম ছিল অপরিবর্তিত। প্রতি কেজি গরুর মাংস ২৬০ থেকে ২৮০ টাকা। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৫০ থেকে ১৫৫ টাকায়। কয়েক দিন আগে এই দাম ৫ থেকে ১০ টাকা বেড়েছে। রুই মাছ প্রতি কেজি ২৩০ থেকে ২৫০, কাতল ২২০ থেকে ২৮০ টাকায় বিক্রি হয়েছে। তবে আকারভেদে দামের কিছুটা হেরফের ছিল।মিরপুরের কাজীপাড়া বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৩৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হয়েছে। বিক্রেতারা জানান, সরবরাহ ভালো থাকায় পেঁয়াজের দামও কমতির দিকে রয়েছে।