 চায়নিজ রাইফেলের ৫০০ গুলিসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ১৩ নম্বর সেকশন থেকে গত বুধবার রাতে চায়নিজ রাইফেলের ৫০০ গুলিসহ পুলিশের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন জেনাল চাকমা (৩৭) ও প্রেম চাকমা (৩৭)।গ্রেপ্তার হওয়া দুজন মিরপুর ১৪ নম্বর সেকশনে অবস্থিত পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) নায়েক। তাঁদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।কাফরুল থানার সূত্র জানায়, একে-৪৭ রাইফেল রয়েছে এমন খবরের ভিত্তিতে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে কাফরুল থানার পুলিশ মিরপুর ১৩ নম্বর সেকশনে আমানত শাহ সমিতির আবাসন হাউজিং প্রকল্পের ১৫/ডি বাড়ির দ্বিতীয় তলায় জেনাল চাকমার বাসায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান। একপর্যায়ে এসআই মাসুদ বসার ঘরে একটি চেয়ারে রাখা স্কচটেপ মোড়ানো একটি কার্টনে হাত দিলে জেনাল তাঁর ওপর হামলা চালান। পুলিশের অন্য সদস্যরা জেনালকে আটক করেন। পুলিশ কার্টনটি খুলে ভেতরে কাপড়ের ভ্রমণ ব্যাগে চায়নিজ রাইফেলের ৫০০টি গুলি পায়। ভোর চারটার দিকে গুলিসহ জেনালকে থানায় নেওয়া হয়। তাঁর তথ্যের ভিত্তিতে ভোরে বনানীর পশুর হাটে কর্তব্যরত পিওএমের আরেক সদস্য প্রেম চাকমাকে আটক করে থানায় নেওয়া হয়। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বৃহস্পতিবার বিকেলে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। জেনাল এক সপ্তাহের ছুটিতে রয়েছেন।গতকাল বিকেলে মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ডিএমপি কমিশনারের মুখপাত্র ও ডিবির উপকমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, এসব গুলির উৎস ও গন্তব্য সম্পর্কে পুলিশ সদস্য জেনাল ও প্রেম সন্তোষজনক জবাব দিতে না পারায় তাঁদের বিরুদ্ধে কাফরুল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। নিয়ম অনুযায়ী গ্রেপ্তারের পর তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গুলির উৎস, গন্তব্য এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য পেতে ওই দুজনকে আদালতে আবেদন করে রিমান্ডে আনা হবে।মনিরুল বলেন, পুলিশের ওই দুই সদস্য গুলি বেচাকেনায় জড়িত কি না, চাকরিতে যোগ দেওয়ার আগে তাঁরা কী করতেন, সেসব বিষয়েও তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। থানার পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ ঘটনার ছায়া তদন্ত করছে। তিনি বলেন, কর্তব্যরত অবস্থায় একজন পুলিশের কাছে ২০ থেকে ৫০টি গুলি বরাদ্দ থাকে। কিন্তু এত গুলি কোনো পুলিশ সদস্যের কাছে থাকার কথা নয়। এগুলো অবৈধ। সব গুলির মতো উদ্ধার হওয়া গুলির পেছনে বিওএফ (বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি) লেখা রয়েছে। তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে, উদ্ধার হওয়া গুলি সরকারি ভান্ডার থেকে আনা হয়েছিল কি না।সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মো. মাসুদুর রহমান ও অতিরিক্ত উপকমিশনার শ্যামল মুখার্জি।তদন্ত-সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া দুজন জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, কয়েকজন পুলিশ সদস্যের সহযোগিতায় রাজারবাগের অস্ত্রাগার থেকে গুলি বের করে তাঁরা বিক্রি করতেন। এর সঙ্গে জড়িত পুলিশ সদস্য ও অন্যদের নাম পাওয়া গেছে।জেনালের বাড়ি রাঙামাটির নানিয়ারচরে এবং প্রেমের বাড়ি খাগড়াছড়ির মহালছড়িতে।