স্মৃতি এবং শুধু স্মৃতিই রফিকুন নবীর সৃজনযজ্ঞের প্রধান পটভূমি, যার শুরু হয়তো নদী দিয়ে, মানুষ দিয়ে, জীবন দিয়ে, আর সবকিছু নিয়ে প্রকৃতির সঙ্গে একান্ত সম্পর্ক দিয়ে। নদীর নীল জলে তিনি সবুজ-হলুদ-লাল রং আঁকেন। আবার নদীর পার থেকে গড়ে উঠতে থাকা শহরে মানুষের আসার দৃশ্য দেখেছেন। রফিকুন নবীর দৃষ্টি আসলে তাঁর সময়, তাঁর বহমান জীবন, তার বেড়ে ওঠার কাল।
রফিকুন নবীর সৃষ্টির কেন্দ্রে আছে মানুষ—সাধারণ মানুষ। তাদের নিয়েই তাঁর আঁকা পরিসর। মানুষের ছবিই তিনি আঁকেন এমন করে, মানুষই যেন এই জগৎ আবার দেখতে পায়। রফিকুন নবী যে সময় থেকে ছবি আঁকছেন, তখন শহর-গ্রামের কোনো ভেদ স্পষ্ট ছিল না। প্রতিনিয়ত শহর কি গ্রামের দৃশ্যপট পরিবর্তন হচ্ছিল না। এক ধীর জীবনের আখ্যানই যে তাঁর শিল্পভাষা।
হয়তো ট্রেনের দৃশ্যে, নৌকার দৃশ্যে এই জনপদের মানুষের গতির কথা আছে—এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার কথা আছে। যে মানুষদের এঁকেছেন, তাদের মুখে হয়তো উৎকণ্ঠা আছে, অনিশ্চয়তা আছে। যদিও তার থেকে বেশি আছে কৌতূহল অবধারিতভাবেই। হয়তো এসব চিত্রে মানুষ সবকিছু নিয়ে বা ফেলে এসে এক গ্রাম থেকে আরেক শহরে যাচ্ছে, এক নদী থেকে আরেক নদীতে যাচ্ছে, এক জীবন থেকে আরেক জীবনে যাচ্ছে জীবনের খোঁজ করতে।
হয়তো ট্রেনের দৃশ্যে, নৌকার দৃশ্যে এই জনপদের মানুষের গতির কথা আছে—এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার কথা আছে। যে মানুষদের এঁকেছেন, তাদের মুখে হয়তো উৎকণ্ঠা আছে, অনিশ্চয়তা আছে। যদিও তার থেকে বেশি আছে কৌতূহল অবধারিতভাবেই। হয়তো এসব চিত্রে মানুষ সবকিছু নিয়ে বা ফেলে এসে এক গ্রাম থেকে আরেক শহরে যাচ্ছে, এক নদী থেকে আরেক নদীতে যাচ্ছে, এক জীবন থেকে আরেক জীবনে যাচ্ছে জীবনের খোঁজ করতে।
পরিবার বিষয় হিসেবে গ্রহণ করে অনেক ছবি এঁকেছেন তিনি। কতভাবেই দেখেছেন এই পরিবারকে। কম্পোজিশনে তিনি দেখেছেন এক মানুষের সঙ্গে আরেক মানুষ, তার সঙ্গে আরও অনেক মানুষ কীভাবে জড়িয়ে একটা জীবন তৈরি করে। রফিকুন নবীর ছবিতে কোনো জড়তা নেই শিল্প–ঐতিহ্যের সঙ্গে ঐক্য তৈরি করতে। বরং রেখার শক্তির ওপর পূর্ণ আস্থা রেখে দৃশ্যের পৌনঃপুনিক বৈশিষ্ট্য ভেঙে দেন। ছবি তিনি করে তোলেন সর্বসাধারণের। একধরনের উষ্ণতা তৈরি হয় এইসব দৃশ্যপটে, উজ্জ্বল রঙের আকর্ষণ পুরো পরিসরকে সুসংহত করে তোলে।
এই শিল্পী শহর ঢাকা দেখে বড় হয়েছেন। ইটের শহরে মানুষ দেখেছেন, প্রাণবন্ত জীবন দেখেছেন। এই শহরে বড় বড় ভবন গড়ে ওঠার দৃশ্যও এঁকেছেন জলরঙে। আবার মিরপুরে জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠে ঝামা ইটে গড়লেন মাটিতে পড়ে থাকা মুক্তিযুদ্ধে অনেক মৃত মানুষের দৃশ্য। একই সঙ্গে কালো রঙে এঁকেছেন বধ্যভূমি। আবার এই কালো রঙে চিত্রপট গড়ে অন্ধকার থেকে আলোতে বিষয় ও উপাদান নিয়ে আসেন আলোতে কাঠখোদাই করা ছাপচিত্রে।
রফিকুন নবীর সৃজনশীল জগতে রোমান্টিকতা আছে। তবে এর চেয়ে বেশি আছে স্মৃতিরোমন্থনের তীব্র জোয়ার। মানুষের মাথার ওপর কিংবা গুরু-ছাগলের শরীরে রঙিন পাখি বসে থাকার চিত্র এঁকেছেন। সেটি আবার রফিকুন নবীর সৃষ্টির কেন্দ্রে থাকা মানুষের বিপরীতে নন্দনধারণার ভিন্ন প্রেক্ষাপটের মুখোমুখি করে। হয়তো মানুষের দেখার জগৎকে আরও প্রসারিত করতেই এ আয়োজন।
রফিকুন নবীর ছবির মূল শক্তি হলো রেখা। কত ধরনের বলিষ্ঠ রেখার আয়োজন তার ছবিতে মেলে। রেখাই তাঁর ছবির কাঠামো—তাঁর ছবিকে নির্মাণ করে, আকার দেয়। ফলে দৃশ্যকে নানা ধরনের দেখার ভঙ্গি নির্দিষ্ট আকারের চিত্রপটে বলিষ্ঠ রূপে ধরা দেয়। এই রেখা দিয়েই আঁকলেন ‘টোকাই’।
রফিকুন নবী থেকে হলেন রনবী। খুবই সাধারণ রেখায় আঁকা টোকাই কথা বলে সমাজ নিয়ে, দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে—কত অবান্তর ও প্রাসঙ্গিক প্রশ্ন করে। একইভাবে কত ব্যতিক্রমী প্রশ্ন, কত জিজ্ঞাসাই না সে করে। কোনো রাখঢাক নেই তাতে—টোকাই প্রশ্ন করে সরাসরি, স্বতঃস্ফূর্ততার সঙ্গে।
রফিকুন নবীর মধ্যে থাকা এই রনবী হয়তো চায় সমাজ ও মানুষের কাছে থাকা প্রশ্ন ও জিজ্ঞাসাটা চলমান রাখতে। ফলে রফিকুন নবীর জগতে অবশ্যই প্রাসঙ্গিকভাবে রাষ্ট্র নিয়ে, সমাজ নিয়ে, মানুষ নিয়ে চিন্তার প্রেক্ষাপট তৈরি হয়।
শিল্প–ঐতিহ্য নয়, সর্বজনীন মানুষের কাছে শিল্পের ভাষায় পৌঁছাতে চাওয়ার প্রতি রয়েছে তাঁর অঙ্গীকার। শিল্পীর ভাষায় তিনি জীবনের প্রতিদিনকার মনোটনি ভাঙতে ছবি আঁকার কাছে ফিরে যান। ফিরে যান সেই ফেলে আসা জীবনের কাছে, ফেলে আসা এই ঢাকা শহরে, যে শহরে সাইকেলে করে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া যেত এক অনাবিল আনন্দ নিয়ে।
ষাটের দশকের বাংলাদেশ জন্মের দাবিতে যে চিত্রমালা ও সাংস্কৃতিক উপাদান তৈরি হয়েছিল সেই সময়ে যাঁদের মাধ্যমে, রফিকুন নবী যে তাঁদেরই একজন। মানুষের কথা, মানুষের দাবিই যে শিল্পের ভাষা, শিল্প সৃষ্টিতে প্রয়োজন সেটা—শিল্পী ঠিকই তা জেনেছিলেন। গণমানুষের ভাষা যে শিল্পের ভাষা, এটা যে কয়জন অগ্রগামী শিল্পী বুঝেছেন, তিনি তাঁদের দলে।
হয়তো এ কারণেই সমাজের নানা শ্রেণি–পেশার মানুষ, শ্রমজীবী মানুষের জীবনাচরণ তিনি বুঝেছেন। হয়তো পরিবার আঁকতে গিয়ে কিছুটা মধ্যবিত্তের মূল্যবোধ নিয়ে বেঁচে থাকার আখ্যানের প্রতি পক্ষপাতিত্ব করেছেন।
যদিও একজন আরবান সোশ্যালিস্টের চেতনা বিদ্যমান আছে রফিকুন নবীর জগতে। যে কারণে নানা শ্রেণি–পেশার মানুষের গুরুত্ব সমাজে কখনো হারায় না, সেটি রফিকুন নবীর চিত্রে সমাজচেতনারই বহিঃপ্রকাশ। এসব ছবিও রনবীর মতো প্রশ্ন করে সমাজের কাছে, কাণ্ডজ্ঞানের কাছে, নীতিনির্ধারকের কাছে।
রফিকুন নবীর ছবি তাই একদিক থেকে নান্দনিক, অন্যদিকে সমাজবিষয়ক গভীর সচেতনতার প্রতিচিত্র। একই সঙ্গে লিঙ্গবিভাজনের প্রশ্নে তিনি সমতায় বিশ্বাসী। একজন আধুনিক, একজন আরবান ও প্রকৃতি-মানুষকে যাচাই করে দেখার প্রবল আকাঙ্ক্ষায় তিনি এঁকেছেন একের পর এক ছবি। যে দেশে গিয়েছেন, পৃথিবীর যে স্থানে গিয়েছেন, যে পরিবেশের সঙ্গে একাত্ম হয়েছেন, সেখানেরই দৃশ্য এঁকেছেন।
শিল্প–ঐতিহ্য নয়, সর্বজনীন মানুষের কাছে শিল্পের ভাষায় পৌঁছাতে চাওয়ার প্রতি রয়েছে তাঁর অঙ্গীকার। শিল্পীর ভাষায় তিনি জীবনের প্রতিদিনকার মনোটনি ভাঙতে ছবি আঁকার কাছে ফিরে যান। ফিরে যান সেই ফেলে আসা জীবনের কাছে, ফেলে আসা এই ঢাকা শহরে, যে শহরে সাইকেলে করে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া যেত এক অনাবিল আনন্দ নিয়ে।
এই পুরান ঢাকায় মানুষ যে সম্প্রতির ভাষা গড়েছিল, তা তিনি ভুলে যান না কখনো। ভুলে যান না বলেই তাঁর ছবি সাংগঠনিক—একটির সঙ্গে আরেকটি যুক্ত। কোনো বিষয়কে তিনি বিচ্ছিন্ন করে দেখেন না। এই মানুষের সঙ্গে তাঁর পরিবেশ, তাঁর প্রকৃতি ও প্রাণবন্ত জীবনের আশা। রফিকুন নবীর কাছে এটি কোনো কল্পনা নয়, এই জীবন যে তিনি দেখেছেন। একই কারণে পাখিও তাঁর কাছে কোনো রূপক নয়। পাখি যে এই প্রকৃতিতে, এই জনপদে, এই মানুষের সঙ্গেই থাকে।
কাঠখোদাই মাধ্যমে খাঁচার পাখি থেকে জয়নুল আবেদিনের উত্তরসূরি হয়ে কাক আঁকার মধ্য দিয়ে তিনি স্থানীয় আধুনিক শিল্প–ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করেছেন। জয়নুল স্কুলকে এগিয়ে নিয়ে জীবনকে ভালোবেসে দেখার সব আয়োজনই রফিকুন নবীর ছবিতে স্পষ্টভাবে প্রকাশিত হয়। এক সাদামাটা জীবন যে অসাধারণ জীবন, সেটা অকপটে প্রকাশ করেন শিল্পী। এমন অনাবিল আনন্দ শিল্পের ভাষায় প্রকাশিত হওয়া সত্যি সত্যিই অকৃত্রিম।
রফিকুন নবী যে রূপ ও দৃশ্য আঁকেন, সেটা মানুষ যে যাপনও করে। মানুষও দর্শক হিসেবে এই দৃশ্যের সঙ্গে সম্পর্কও গড়ে আপন ভাষায়। মানুষ যে দৃশ্য দেখে, সেটা যখন শিল্পী আঁকেন, তখন কী দেখান শিল্পী আমাদের? মায়া আর ভালোবাসাময় এক নির্ভার জীবনই আছে রফিকুন নবীর শিল্পজগতে। এই জগৎ আমাদের সবার।