ইতিহাস পড়তে পড়তে...
[আগের দুই পর্বে জাহানারার নিকোলাসের প্রতি প্রেমানুভূতি তৈরির প্রেক্ষাপট বর্ণিত হয়েছিল। নিকোলাস সুরাটে চলে গেছেন, শাহজাদির হৃদয় রক্তাক্ত, বিরহকাতর।]
৩.
"I'm not a man of too many faces
the mask I wear is one"
বিশাল সুদৃশ্য বাতায়নের পাশে দাঁড়িয়ে আছে দারাশুকো। বিশাল উদ্যানে সুবিন্যস্ত বৃক্ষের সারি। বৃক্ষ, বিশেষ করে ফলবান বৃক্ষ বড় ভালো লাগে তার। ভারতবর্ষ বিশাল বৈচিত্র্যময় এক দেশ। বিচিত্র সব ফল ফলে এই দেশে। বিভিন্ন অঞ্চল থেকে সেসব ফলের চারা এনে লাগানো হয়েছে তার এই বাগানে। ফলের মধ্যে মোগলদের প্রিয় আম। সেসব আমের পৃথক পৃথক গাছের বাগান গড়ে তুলেছে রাজকীয় মালিরা। সম্প্রতি স্পেন থেকে একটা বিশেষ আমের চারা উপহার এসেছে তার জন্য। আলফান্সো তার নাম। অপূর্ব তার স্বাদ, অদ্ভুত তার গড়ন। সেই গাছের চারা লাগানো হচ্ছে বাগানে। এটা তার প্রাসাদ। আগ্রা দুর্গের বাইরে কেবল তার আর শাহজাদি জাহানারাই আছে, এমন পৃথক প্রাসাদ। এসব গাছপালা, ফুল–পাখি, গানবাজনা বড় পছন্দ করেন তিনি। পছন্দ করেন মানুষের সঙ্গে মিশতে। যা একজন মোগল শাহজাদা আর ভাবী সম্রাটের জন্য মানানসই নয় মোটেই। কী অদ্ভুত সুন্দর এ দেশের মানুষ। কী বৈচিত্র্য ধর্মাচরণ, আর গভীর দর্শন তাদের। জন্মসূত্রে তিনি মুসলিম। কিন্তু ধর্মের যে অন্তর্নিহিত আত্মা, তা যেন তিনি অনুভব করেন এখানে হিন্দুস্থানের ধর্মগুলোর মধ্যে। তার দৃষ্টিতে প্রতিটি ধর্মই মহান, প্রতিটি ধর্মই সৌন্দর্যমণ্ডিত। যা কিছু দূষিত, যা কিছু সীমাবদ্ধ, তার সবকিছুর জন্যই দায়ী মোল্লাতন্ত্র। ভাবছিলেন তিনি, আসলে মনটা কিছুটা ভারী হয়ে আছে তার। গতকাল গোয়ালিয়র থেকে ফিরেছেন আগ্রায়। পিতা অসুস্থ, তাকে দেখতে যাওয়ার আগে গেছিলেন ভগিনী জাহানারার কাছে। এই বোনটিকে বড়ই ভালোবাসেন তিনি। শুধু কি তাকেই? অন্য ভাইবোনদের? একই মা–বাবার সন্তান তারা। এক শ ভাগ সমান্তরাল রক্তপ্রবাহ তাদের ধমনিতে।
‘শাহজাদা’ খাস পরিচারকের ঘোষণায় চিন্তার জাল ছিন্ন হলো তার ‘শাহজাদা সুলায়মান শুকো আপনার দর্শনপ্রার্থী’।
সুলায়মান, এ সময়! ভাবতে ভাবতে চিন্তিত মুখে ঘুরে দাঁড়ান দারা, ‘আসতে বলো’ পরিচারককে আদেশ দিয়ে গিয়ে বসেন তার জন্য নির্মিত স্বর্ণ আসনে। কক্ষে প্রবেশ করে সুলায়মান শুকো। তার মতোই দীর্ঘদেহী যুবক শাহজাদা সুলায়মান শুকো। চেহারার আদল প্রায় পিতৃব্য আওরঙ্গজেবের মতো, তারই মতো অতিশুভ্র গাত্রবর্ণ। তবে চেহারায় কাকার মতো কঠোরতা, গাম্ভীর্যের পরিবর্তে একটা কোমল হাসিখুশি ভাব। সামনে এসে তাকে তসলিম করে তরুণ শাহজাদা এগিয়ে এসে হাঁটুমুড়ে বসে চুমু খায় পিতার ডান হাতের পাতায়।
‘কীখবর বেটা’—সামনে গালিচায় বসা ছেলের কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করেন দারা।
মোগল রাজপরিবারের মধ্যে স্ত্রী–পুত্র–কন্যাদের সঙ্গে সবচেয়ে সাবলীল সম্পর্ক দারাশুকোর। পিতা শাহেনশাহ শাহজাহানের চেয়েও অধিক সন্তানবৎসল পিতা তিনি।
‘খবর ভালো না আব্বাজি, চাচাজান শাহ সুজার বাহিনী সুসজ্জিত আর অনেক বড়। এর মধ্যে গঙ্গা পার হওয়ার জন্য তৈরি হচ্ছে তারা।’
‘ছেলের কোমল মুখে উদ্বেগের রেখাটা দেখতে পান দারা। বর্তমান সময়ে শাহজাদা আওরঙ্গজেবের পর মোগল শাহজাদাদের মধ্যে সেনা পরিচালনা সমরবিদ্যা সমর কুশলতায় অন্যতম সেরা হয়ে উঠছে সুলায়মান। যদিও তার দক্ষতা হিন্দুদের মহাকাব্য মহাভারতের অনন্য চরিত্র অর্জুনপুত্র অভিমন্যুর মতোই অনেকাংশেই সীমাবদ্ধ বয়স আর অভিজ্ঞতার কারণে।
৪.
শানশওকত আর জাঁকজমকপূর্ণ তার রাজকীয় তাঁবুতে একা বসে আছে শাহজাদা মুরাদ। একটু আগে তার সেনাপতি আর সভাসদদের সভা ভঙ্গের আদেশ দিয়েছে সে। গোলাকার মুখমণ্ডলে খেলা করছে তৃপ্তির আভা। সমাপ্ত হয়েছে তার সুরাট অভিযান। তার নৌবাহিনীর অবরোধে পতন হয়েছে ইংরেজ কেল্লার। ওদের রণপোত প্রায় কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি তার যৌথ বাহিনী। আসলে দুদিক থেকে আক্রমণ করেছে তার বাহিনী। মোগল নৌবাহিনীর সঙ্গে স্থলের অশ্বারোহী পদাতিকের আক্রমণে নিমেষেই ছত্রভঙ্গ হয়ে গেছে কেল্লার প্রতিরোধ। প্রায় চার কোটি স্বর্ণমুদ্রা হস্তগত হয়েছে তার। ইংরেজদের পরিচালকমণ্ডলীর প্রধান উইলিয়াম ডানকানকে ধরে আনা হয়েছিল তার তাঁবুতে। লোকটার আগের সেই গর্বিত উদ্ধত মুখটা ঝুলে গেছে রীতিমতো।
‘হাইনেস’, বলেছিল লোকটা। ‘আমার এবং কেল্লায় অবস্থিত ইংরেজ আর পরিবারের নিরাপত্তা প্রার্থনা করছি আপনার কাছে।’
‘দুদিন আগের কথা মনে আছে ডানকান?’ মধ্যমায় পায়রার ডিমের সমান চুনি বসানো আংটিটায় আলোর ঝলক দেখে শুধিয়েছিল মুরাদ। জবাবে নিচু মুখটা আরও নিচু করেছিল ইংরেজ লোকটা।
গমগমে গলায় বলে গিয়েছিল শাহজাদা, ‘বেশি না মাত্র পঞ্চাশ লাখ স্বর্ণমুদ্রা ধার হিসাবে চেয়েছিলাম আপনাদের কাছে...’
‘কিন্তু হাইনেস’ বলে উঠতে যেতেই ‘চুপ করুন’ বলে ধমক দিয়ে তাকে থামিয়ে দিয়েছিল সে।
সেই সঙ্গে তার দেহরক্ষী প্রধানকে ইঙ্গিত করেছিল লোকটাকে নিয়ে বিদায় হতে। লোকটাকে হয়তো কতল করার আদেশই দিত সে। কিন্তু লোকটার ছোট্ট মেয়েটার মুখ মনে হতেই মনটা নরম হয়ে গিয়েছিল তার। পিতা শাহজাহানের জন্মতিথির এক রাজকীয় অনুষ্ঠানে বাচ্চা মেয়েটাকে নিয়ে এসেছিল ডানকান। ছয় বছরের চটপটে শিশুটির পবিত্র মুখে ‘প্রিন্স’ ডাকটা বড় ভালো লেগেছিল তার। ‘প্রিন্স’ ইংরেজিতে কথাটার মানে যে শাহজাদা, সেটা অনেক আগে থেকেই জানে সে। ছোটবেলায় নিকোলাস ওই শব্দে সম্বোধন করত তাকে, আর তার ভাইদের। নিকোলাস ব্যালেন্টাইন, কোথায় সেই হতভাগা? শুনেছিল এখানেই আছে সে।
‘জাহাঁপনা’, দ্বাররক্ষকের ডাকে চিন্তার জাল ছিন্ন হয় তার। ‘আপনার সঙ্গে নিকোলাস ব্যালেন্টাইন দেখা করার অনুমতি চান।’
‘ভাবতে না ভাবতেই! অনেক দিন বাঁচবে লোকটা’—একচিলতে হাসিতে ঠোঁটের কোনাটা বেঁকে যায় মুরাদের।
একটু পরেই তাঁবুতে প্রবেশ করে দীর্ঘদেহী ইংরেজ।
তছলিম শাহজাদা, ঘাড় ঝুঁকিয়ে কুর্নিশ করে নিকোলাস।
শাহজাদা! জাহাঁপনা কেন নয়? একটা ভ্রু ওপরে তুলে প্রশ্ন করে মুরাদ।
‘শাহেনশাহ শাহজাহান জীবিত থাকতে আমার পক্ষে আর কাউকে ওই সম্বোধন করা সম্ভব নয় শাহজাদা।’
দ্রুত রাগের জন্য কুখ্যাতি আছে মুরাদের। মোগল খাজাঞ্চির চাবি দিতে না চাওয়ায় সেটা টের পেয়েছে আলী নকি। নিজে হাতে তাকে পরপারে পাঠিয়েছে মুরাদ। নিকোলাসের কথায় মুখটা নিমেষেই লাল হয়ে ওঠে তার। যদিও এ ক্ষেত্রে নিজেকে দ্রুত সামলে নিতে বাধ্য হয় সে। লোকটা নিকোলাস ব্যালেন্টাইন। শৈশবে সেই পলাতক দিনগুলোতে লোকটার ঘোড়ায় কোলের কাছে ঘুমিয়ে পড়েত সে। পরম মমতায় ঘুমে যাতে ব্যাঘাত না ঘটে, একহাতে তাকে জড়িয়ে রাখত যুবক নিকোলাস। লোকটার গভীর নীল চোখে অতলান্ত শান্ত দৃষ্টি। চোখের পাশে কিছু বলিরেখার দাগ ছাড়া তামাটে হয়ে যাওয়া ত্বক টানটান আর মসৃণ। মুখে নরম সোনালি দাড়ি, সোনালি চুল বেণিবদ্ধ। এই বয়সেও তরুণ।
‘আব্বাহুজুর এখনো জীবিত? কে বলল তোমাকে?’
‘শাহেনশাহ মৃত, এটাই কীভাবে নিশ্চিত হলেন শাহজাদা?’ পাল্টা প্রশ্ন করে নিকোলাস।
‘যা হোক, হয় তিনি মৃত, নাহয় বড়ভাইজান বন্দী করে রেখেছে তাকে,’ বলে মুরাদ। ‘সাম্রাজ্যের স্বার্থে নিজেকে সম্রাট ঘোষণা করতে বাধ্য হয়েছি আমি। আমার নামে পৃথক মুদ্রা আর মসজিদে খুতবার আদেশও দিয়ে দিয়েছি এর মধ্যে।’
‘শাহজাদা আওরঙ্গজেব, শাহ সুজা তাদের কী মত?’ জিজ্ঞাসা করে নিকোলাস।
প্রশ্নটা শুনে একটু অস্থিরতা প্রকাশ পায় মুরাদের চিত্তে।
‘সেজ ভাইজানের এসব দুনিয়াদারি ব্যাপারে কোনো আগ্রহ নেই। তিনি শুধু হিন্দুস্থানে পরিপূর্ণ ইসলামি হুকুমত কায়েম হোক এটাই চান। আমাদের বিজয় সম্পন্ন হলে মক্কায় হজব্রত পালনের ইচ্ছা আছে তার।’
কথাটা শুনে হাসল নিকোলাস।
‘আর শাহজাদা শাহ সুজা, তিনিও কি সিংহাসনের দাবি ত্যাগ করে তার অনুজের সঙ্গে তীর্থে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন?’
নিকোলাসের কণ্ঠে শ্লেষের টানটা কানে বিঁধে মুরাদের, ভেতরটা রাগে গরগর করলেও এবারও নিজেকে সামলে নিয়ে বলে, ‘না, মানে মেজ ভাইজান বাংলা মুল্লুকের শাসনভার গ্রহণ করবেন আর আমি পাঞ্জাব, কাশ্মীর, গুজরাটসহ এপারের মুল্লুকগুলো গ্রহণ করব।’ জবাব দিল মুরাদ।
‘তা তুমি কী করবে? থাকবে আমার সঙ্গে?’ এবার পাল্টা প্রশ্নে নিকোলাসকে বেকায়দায় ফেলে মুরাদ।
একটু বিব্রত হয় নিকোলাস পরক্ষণেই উদাস হয়ে যায় সে। সময়ের এই সমৃদ্ধশালী ঐশ্বর্যশালী রাজপরিবারের প্রতিটি ছেলেমেয়েকে চোখের সামনে বেড়ে উঠতে দেখেছে সে। এই মুরাদ, আওরঙ্গজেব, শাহ সুজা অদ্ভুত এক মায়ায় হৃদয় আচ্ছন্ন হয়ে যায় এদের জন্য। অথচ আজ ভাগ্যের কী নির্মম পরিহাস একই মা–বাবার সন্তান হওয়া সত্ত্বেও মোগলদের সেই ‘সিংহাসন অথবা কফিন’ সূত্রের অভিশপ্ত পুনরাবৃত্তি ঘটতে চলেছে অতিপ্রিয় এই রাজবংশের মানুষগুলোর জীবনে।
৫.
"Her face was like a king's command
When all the swords are drawn."
উত্তরে দিগন্তবিস্তৃত প্রান্তর, এরপরই শুরু হয়েছে পাহাড়ের সারি। দক্ষিণ দিকে শুরু হয়েছে বনরেখা। নিজের মিশ্র ইউরোপীয় সহযোগীদের নিয়ে একটা পাহাড়ি নদীর প্রান্তে ক্যাম্প করেছে নিকোলাস। গ্রীষ্মের এই রাতে চলছে চমৎকার হাওয়ার খেলা। ফুটফুটে জোছনায় ভেসে যাচ্ছে চরাচর। মাঝেমধ্যেই ভেসে আসছে বাঘসহ হিংস্র বন্য প্রাণীর গর্জন। ক্যাম্পের অগ্নিকুণ্ড থেকে বেশ একটু দুরে একটা বোল্ডারে হেলান দিয়ে বসে আছে সে। পাশেই তার বাদামি ঘোড়াটা ঘাস খাচ্ছে একমনে। তার সাদা ঘোড়াটা দক্ষিণের কান্দাহার অভিযানে হারিয়েছে নিকোলাস। দীর্ঘ সময় ঘোড়াটা সঙ্গী ছিল তার। বড় পছন্দ ছিল শাহজাদি জাহানারা আর মুরাদের। মোগল শাহজাদি ভালোবেসে তার নাম দিয়েছিল ‘পবন’। পবন ভারতীয় শব্দ, ইংরেজিতে যার অর্থ ‘উইন্ড’, মানে বাতাস। বাতাসের মতোই ছিল ঘোড়াটা। শান্তির সময় শান্ত সাবলীল আবার যুদ্ধের ময়দানে দুর্দান্ত গতিময়। মনে আছে, ছোট্ট চার বছরের মুরাদ চড়ে বসত সেটায়। তার আব্বা শাহজাদা খুররম ছোট বলে তার জন্য যে শান্তশিষ্ট মাদী টাট্টু ঘোড়াটা বরাদ্দ দিয়েছিলেন, সেটা মোটেও পছন্দ ছিল না তার। শাহজাদা মুরাদের সেই অনেক দিন আগে বলা কথাগুলো স্মৃতির পাতা খুলে যেন ভেসে আসে বাতাসের খামে।
‘নিকোলাস, তোমার এই ঘোড়াটা আমাকে দিয়ে আমারটা তুমি নিতে পারো’ বলেছিল ছোট্ট শাহজাদা।
‘আমি কি আপনার ঘোড়া নিতে পারি প্রিন্স?’ হেসে জবাব দিয়েছিল সে।
‘কেন পারবে না, আমি আদেশ দিয়ে দেব। জানো, আব্বাজান বলেছেন আমি বড় হয়ে গেছি।’
‘তাই?’
‘হুম, আম্মি বলেছেন, এবার দাদাজানের পাঠানো দুষ্টু মোহাব্বত খানের বাহিনী মোকাবিলায় আমাকেই পাঠাতে বলবেন আব্বাজানকে।’
‘আচ্ছা!’ বিস্মিত হওয়ার ভঙ্গিতে বলেছিল সে।
‘আমি আম্মিকে বলেছি’ পাখির মতো কোমল স্বরে বলে গিয়েছিল ছোট্ট শাহজাদা। ‘নিকোলাসকে আমার সেনাপতি করতে হবে, পবন আর নিকোলাস ছাড়া আমি যুদ্ধে জিততেই পারব না।’
‘থ্যাংক ইউ প্রিন্স, আমার সৌভাগ্য’, বিনয়ের সঙ্গে মাথা ঝুঁকিয়ে বলেছিল সে।
‘আমাকে ভালো করে যুদ্ধ শিখিও দাও তো, তুমি শুধু ভাইজান আওরঙ্গজেবকেই শেখাও সবকিছু’, কিছুটা অনুযোগের গলায় বলেছিল মুরাদ।
‘শেখাব, অবশ্যই শেখাব শাহজাদা ’, বলেছিল সে। কথাগুলো মনে হতেই হাসিতে মুখটা উদ্ভাসিত হয়ে ওঠে নিকোলাসের। আহা, সেই দিনগুলো, কত অনিশ্চিত ছিল সবকিছু। বাংলার পথেপ্রান্তরে সেই পালিয়ে বেড়ানো, খণ্ডযুদ্ধ আর বাংলার বর্ষা। বৃষ্টি, ইংল্যান্ডের সঙ্গে কত পার্থক্য তার। ভারতবর্ষের সব জায়গার বৃষ্টিই সুন্দর কিন্তু বাংলার বৃষ্টি এককথায় অনন্য। ঝরে চলে অঝোর ধারায়। মাটি ভিজে অদ্ভুত এক সোঁদাগন্ধ ছড়িয়ে পড়ে বাতাসে। নতুন চিনতে শেখা পুরুষের কাছে অচেনা নারীর গায়ের গন্ধের মতো শিহরণ–জাগানিয়া রোমাঞ্চকর সেই গন্ধ। খুব উদাস হয়ে যেত নিকোলাস। সাদা ঘোড়াটা যেন সেই উদাসীনতা ভাগ করে নিত তার সঙ্গে। পবন, সুদূর সেই কান্দাহারের নীরস পাহাড়ের ঢালে পড়ে আছে তার দেহাবশেষ। মনে হয়, সে–ই একমাত্র সৌভাগ্যবান ঘোড়া, যাতে সাওয়ার হয়েছে কোনো কুমারী মোগল শাহজাদি। তখন সবে শেষ হয়েছে যুদ্ধটা। সম্রাট জাহাঙ্গীর মৃত। জামাই শাহরিয়ারকে পুতুল সম্রাট হিসেবে ঘোষণা করে তাকে সামনে রেখে যুদ্ধ পরিচালনা করে হেরে গেলেন নূরজাহান। যে মোহাব্বত খান জাহাঙ্গীরের একান্ত অনুগত হয়ে তাড়া করে ফিরছিল খুররমকে, সেই মোহাব্বত খানই সম্রাটের মৃত্যুর সঙ্গে সঙ্গেই আনুগত্য প্রকাশ করেছিল খুররমের প্রতি। একে একে সব পথের কাঁটা অপসারণ করে, নূরজাহানের কবল থেকে জিম্মি থাকা সন্তান দারা আর আওরঙ্গজেবকে উদ্ধার করে খুররম। তার বিরুদ্ধে অন্ধ খসরুকে নিজে হাতে গলা টিপে হত্যার একটা গুজব ছড়িয়ে পড়ে সেই সময়ে। গঙ্গার এপারে পাটনার দুর্গে অবস্থান করা আর্জুমান্দ বানু, জাহানারা রৌশনারা আর মুরাদসহ তার পরিবারকে আগ্রায় ফিরিয়ে নিয়ে আসার জন্য বিশেষ অঙ্গরক্ষক বাহিনীর সঙ্গে নিয়োজিত হয়েছিল নিকোলাস। সেই সময়েই প্রথমবার, হয়তো শাহজাদির জীবনে সেই শেষবার, ঘোড়ার পিঠে সাওয়ার হয়েছিল জাহানারা। উড়িষ্যা পার হয়ে এসেছে তারা। এক বিকেলে মহানদীর পারে স্থাপিত হয়েছে শিবির। অবহেলিত পলায়নপর বিদ্রোহী নয় সিংহাসনে অসীন পরম পরাক্রমশালী মোগল সম্রাট শাহজাহানের পরিবার, মোগল সাম্রাজ্যের মহারানি হিসেবে প্রথমবার রাজধানীতে প্রবেশ করতে যাচ্ছেন আর্জুমান্দ। তাদের সুরক্ষা সেই সঙ্গে একান্ত গোপনীয়তার শানশওকত রীতিমতো চোখধাঁধানো। রাজপুত, পাঠান, তুর্কি—তিনটি পূর্ণ রেজিমেন্টের সঙ্গে যোগ হয়েছে ভিনদেশি নিকোলাস। বিদেশি বিধর্মী হওয়া সত্ত্বেও যাকে একান্ত বিশ্বাস করেন শাহজাহান আর আর্জুমান্দ। বনের প্রান্তসহ বিশাল এক এলাকা ঘিরে রেখেছে সুসজ্জিত মোগল বাহিনী। তাদের নজর এড়িয়ে একটা পিঁপড়াও ঢোকার সুযোগ নেই মধ্যভাগে স্থাপিত রাজকীয় শিবিরে। এরপর মোগল ঐতিহ্যে শৃঙ্খলিত হবে স্বাধীনতা, তাই হয়তো এত দিনের চর্চিত স্বাধীনতার স্বাদ শেষবারের মতো উপভোগ করতে এক পরিচারিকাসহ মহানদীর পাড় ঘেঁষে হাঁটতে বেরিয়েছিল শাহজাদি। পেছনে পবনের লাগাম ধরে নিকোলাস। শিবির থেকে একটু দুরে এসেই ঘুরে দাঁড়িয়েছিল জাহানারা।
‘আমি চড়তে চাই পবনের পিঠে, ’ শুনে সে আর নিম্মি নামের পরিচারিকা চমকে উঠেছিল।
আঁতকে ওঠে ‘শাহজাদি’ বলে মুখে হাত চাপা দিয়েছিল নিম্মি।
‘চুপ, এই কথা আম্মি বা কারও কানে গেলে কতল করে ফেলব, ’ বলে নিকোলাসের দিকে এগিয়ে গিয়েছিল জাহানারা। পবনের ঘাড়ে–গলায় হাত বোলাতেই রাজকুমারীর কাঁধে মুখ ঘসেছিল অবলা জানোয়ার। দুনিয়ার সবচেয়ে সম্পদশালী আর সমৃদ্ধিশালী সাম্রাজ্যের প্রথম শাহজাদি আজ বেড়াতে বেরিয়েছে তার পূর্ণ সাজে। সবুজ মসলিনের ঘাঘরা শালীনতার চূড়ান্ত মেনে অনেক স্তরে পরলে নিম্নাঙ্গকে ঘিরে থাকলেও শেষ বিকেলের সোনালি রক্তিম আলোয় দীঘল পেলব ঊরুযুগলের আবছা আভাস স্বচ্ছ জলের অনেক গভীরে সঞ্চারণশীল মাছের মতো চকিত উদ্ভাসিত। ঘাগরার নিচের দিকে পাড়ে ভারী সোনার সুতার কাজ, সোনার চুমকির সঙ্গে জায়গায় জায়গায় বড় আকৃতির মুক্তা বসানো মহামূল্যবান বস্ত্রটা ছুঁয়ে আছে পায়ের পাতা। গোলাপি সিল্কের আঁটসাঁট চোলি রজপুত মেয়েদের যেমন হাত বাহুর কিছু অংশসহ পেট থেকে কোমর পর্যন্ত খোলা থাকে, তেমন নয়, বরং চোলির ঝুল ঘাঘরার সোনার কোমরবদ্ধের কিনারা ছোঁয়া পুরোপুরি ঢাকা। সূক্ষ্ম রেশমি ওড়নায় হীরা আর মূল্যবান পাথরের অতিক্ষুদ্র টুকরা বসানো। সুডৌল হয়ে ওঠা বাহুতে দুর্লভ গোলাপি মুক্তার অঙ্গদ রাজকুমারীর দীঘল কালো চুলের দীর্ঘ বেণিবদ্ধ মাথায় হীরার রাজকীয় টায়রা, গলায় অদ্ভুত সুন্দর মহামূল্যবান হার, যেটা আগে শোভা পেতে দেখা যেত বর্তমান মহারানির গলায়। মাঝে নীলকান্তমণিটা পায়রার ডিমের সমান বড় সোনার ব্রাকেটে মোড়া রত্নটিকে কেন্দ্র করে ঘিরে আছে বিশাল মাপের সব মহামূল্যবান রুবি। মেয়ের জন্মতিথিতে মায়ের উপহার। প্রায় তারুণ্যে উপনীতা শাহজাদির আলো করা সৌন্দর্য, সেই সঙ্গে গ্রীবা উঁচু করে দাঁড়ানো রাজকীয় ব্যক্তিত্ব মাথা ঝুঁকিয়ে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিল নিকোলাস।
‘এই, এদিকে আয়’ অঙ্গুলি ইশারায় নিম্মিকে ডেকেছিল শাহজাদি। ‘অনাসৃষ্টি কাণ্ড শাহজাদির খামখেয়ালে তার গর্দানটাই না চলে যায়,’ ভাবতে ভাবতে এগিয়ে গিয়ে জাহানারার হাত ধরেছিল নিম্মি। স্থির লক্ষ্মী ছেলে হয়ে দাঁড়িয়ে ছিল পবন। রেকাবে পা রেখে উঠতে চেষ্টা করেছিল জাহানারা। যথেষ্ট দীর্ঘাঙ্গী সে, তবুও ঘোড়সওয়ারি না জানায় উঁচু পবনের পিঠে চড়া সম্ভব হয়নি তার পক্ষে। বেশ কয়েকবার চেষ্টার পর ঘেমে নেয়ে রণে ভঙ্গ দিয়েছিল সে। করুণ মুখে চেয়েছিল নিকোলাসের দিকে। এতক্ষণ শাহজাদি ব্যর্থ প্রচেষ্টা লক্ষ করেছিল নিকোলাস। আজ চাঁদের উজ্জ্বল রুপালি আভার দিয়ে চেয়ে সেদিনের মোগল শাহজাদির সেই মূর্তিটা যেন স্পষ্ট দেখতে পায় সে। মধ্য জুনের এমনই গরমের সময় ধারালো তরবারির মতো তীক্ষ্ণ মুখমণ্ডলসহ সারা দেহে পরিশ্রমের ঘামের রেখা, গোলাপি চোলির বাহুর তল পিঠ ভিজে উঠে অঙ্গরেখা ফুটে উঠেছে। এগিয়ে গিয়ে সাহায্য করার প্রশ্নই আসে না। যা অবলোকন করেছে, সেটুকুই তার মৃত্যুদণ্ড প্রাপ্তির জন্য অপরাধ হিসেবে যথেষ্ট। কিন্তু স্থির তার দিকে চেয়েছিল শাহজাদি। মুখ তুলে চেয়েছিল নিকোলাস।
লম্বাটে মুখমণ্ডল কাঁচা বাদামের মতো মসৃণ গাত্রবর্ণ, কপালে এসে পড়েছে চূর্ণকুন্তল ধনুকের মতো বাঁকা ভ্রুর নিচে দীর্ঘ আঁখিপল্লব ঘিরে আছে কর্তৃত্বপূর্ণ আয়ত দুটি চোখ।
চন্দ্রাহতের মতো এগিয়ে গিয়েছিল নিকোলাস শাহজাদিকে কোলে তুলে ঘোড়ায় বসানোর স্পর্ধা তার নেই, এ ক্ষেত্রে শূলে চড়ার চেয়ে গর্দান যাওয়া অনেক আরামদায়ক ভেবে ঘোড়ার রেকাবের সামনে হাঁটু মুড়ে পিঠ পেতে দিয়েছিল সে। মুখটায় অদ্ভুত এক খুশির আভা ফুটে উঠেছিল জাহানারার। আজ এত দিন পর বিরান এই প্রান্তরে বসে সেই বিকেলের গা ছমছমে অনুভূতিটা যেন ফিরে আসে নিকোলাসের।
পায়ের সোনামোড়া পয়জার খুলে পিঠে পা রেখেছিল জাহানারা। তারপর রেকাবে পা রেখে সফলভাবে আড়াআড়ি উঠে বসেছিল পবনের পিঠে। উঠে দাঁড়িয়েছিল নিকোলাস। দুই গালে টোল ফেলে হেসেছিল শাহজাদি। পেছন ফিরে নিম্মিকে ‘তফাৎ রাহো’ বলে পা দিয়ে চাপ দিয়েছিল পবনের পেটে। ধীর লয়ে মহানদীর রুপালি পাড় বেয়ে এগিয়েছিল ঘোড়াটা। লাগাম হাতে নিয়ে সামনে এগিয়েছিল সে। বেশ কিছুটা এগিয়েছিল তারা। জুতা হাতে অনেকটাই পেছনে পড়েছিল নিম্মি। কথা বলেছিল জাহানারা।
‘তোমাদের দেশের মেয়েরা কেমন, নিকোলাস?’
‘আমাদের মতোই শাহজাদি।’
‘না মানে...’ একটু ইতস্তত করে ‘তারা কি সুন্দর?’ কিছুটা দ্বিধা জড়ানো কণ্ঠে শুধিয়েছিল শাহজাদি।
‘আছে, সুন্দর অসুন্দর সাধারণ।’ প্রায় নির্লিপ্ত হয়ে জবাব দিয়েছিল সে।
‘আর এ দেশের মেয়েরা?’ গলায় আগ্রহ আর কৌতূহলের ঝাঁজ এড়াতে পারেনি জাহানারা।
‘হ্যা, তারাও বেশ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, হাইনেস। আমাদের ফেরা দরকার’ বলে দাঁড়িয়ে পড়েছিল সে। বিষণ্ন সন্ধ্যা নামছে মহানদীতে। আকাশে লালিমা, পাড়ঘেঁষা বনভূমি কালো হয়ে গেছে অনেক জায়গায়। তার দিকে চেয়েছিল জাহানারা, সে–ও চেয়েছিল রাজকন্যার দিকে। হাত বাড়িয়ে চাঁপার কলির মতো অঙ্গুলি ছুঁইয়ে তার কাঁধ স্পর্শ করেছিল জাহানারা। জীবনে সেই প্রথমবার নিজের পুরুষ সত্ত্বাকে তীব্রভাবে অনুভব করেছিল সে। একটা করুণ সুর ভাসছিল বাতাসে, সেই সঙ্গে শাহজাদি রিনরিনে গলা।
‘আর মনে হয় এভাবে বেড়াতে পারব না, নিকোলাস।’
‘জানি না শাহজাদি, ’ স্মৃতিতে ভাসতে ভাসতে সেই বিকেলে বলা কথাটা জোছনায় ভরা রাতের এই দিগন্তছোঁয়া প্রান্তরে অস্ফুটে আর একবার পুনরাবৃত্তি করে নিকোলাস ব্যালেন্টাইন।