ছবিগুলো কার্ড হবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মগ্ন হয়ে তোমাদের আঁকা ছবি দেখছিলেন সমরজিৎ রায় চৌধুরী
মগ্ন হয়ে তোমাদের আঁকা ছবি দেখছিলেন সমরজিৎ রায় চৌধুরী
আলোচনা চলছে অশোক কর্মকার আর আবুল বারক আলভীর মধ্যে
আলোচনা চলছে অশোক কর্মকার আর আবুল বারক আলভীর মধ্যে
কোনটা রেখে কোনটা বাদ দেবেন, ভেবে পাচ্ছিলেন না শিল্পী রফিকুন নবী ও  কাইয়ুম চৌধুরী। ছবি: সাবিনা ইয়াসমিন
কোনটা রেখে কোনটা বাদ দেবেন, ভেবে পাচ্ছিলেন না শিল্পী রফিকুন নবী ও কাইয়ুম চৌধুরী। ছবি: সাবিনা ইয়াসমিন

তোমাদের আঁকাআঁকির দক্ষতার কাছে হার মানলেন শিল্পী কাইয়ুম চৌধুরীও! বলছিলেন, ‘ফরাসি শিল্পী হেনরি মাতিস বলতেন, “ছোটদের মতো আঁকতে পারলে তো বর্তেই যেতাম।” আমিও তাঁর সঙ্গে একমত। ছোটরা খুব রোমাঞ্চপ্রিয়। আমরা যে গাছের পাতাটা সবুজ আঁকি, ওরা সেটা লাল আঁকতে দ্বিধা করে না। ওদের কল্পনাশক্তি আমাকে সব সময় মুগ্ধ করে।’ কাইয়ুম চৌধুরী যেমন হেনরি মাতিসের কথা বললেন, তেমনি রফিকুন নবীও শোনালেন আরেক শিল্পীর গল্প। ‘বিখ্যাত চিত্রকর পল ক্লি। তিনি সব সময় ছোটদের মতো করে আঁকতে চেষ্টা করতেন।’ তোমাদের আঁকা ছবি যে রনবীর ভীষণ প্রিয়, তার কিছু উদাহরণও দিলেন। ‘ছোটদের দেখার চোখটা অন্য রকম। মাকে আঁকার সময় ওরা কানে দুল আঁকে, গলায় মালা আঁকে। আবার বাবাকে আঁকার সময় চশমা, গোঁফ...! রাগী বাবা আঁকতে গেলে বড় বড় দাঁত এঁকে ফেলে! দেখতেই মজা লাগে!’

যাহোক, শেষ পর্যন্ত কোন নকশাগুলো বাছাই হলো, তা তো দেখতেই পাচ্ছ। এই ছবিগুলো দিয়ে তৈরি হবে কার্ড, আর আঁকিয়েরা প্রত্যেকে পাবে ১০ হাজার টাকার বই! ঈদের ছুটির পর আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে৷ বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করবে প্রথমআলো৷ শুধু তাই নয়, আগামী ঈদুল আযহার আগেই কার্ডগুলো পৌঁছে যাবে প্রথম আলোর পাঠকদের হাতে।

যারা পুরস্কার পাওনি, বিশ্বাস করো, তোমাদের চেয়েও বেশি মন খারাপ হয়েছে বিচারকদের। শিল্পী সমরজিৎ রায়চৌধুরী বলছিলেন, ‘হাজার হাজার নকশা থেকে মাত্র ১০টা বাছাই করা তো সহজ না। এখানে কোনো ছবিই বাদ দেওয়ার মতো না, প্রতিটা ছবিই পুরস্কার পাওয়ার মতো। তবু, ১০টা বাছাই করতে হবে বলেই করা। এবার যারা বিজয়ী হলো না, তাদের নিশ্চয়ই আগামীবার পুরস্কার জেতার সুযোগ আছে।’