পাল যুগ থেকে মোগল পর্যন্ত আমাদের চিত্র–ঐতিহ্য জলরংকেন্দ্রিক। যদিও তার ধরন আলাদা। পরবর্তীকালে ব্রিটিশ প্রতিচ্ছায়াবাদী জলরং ঘরানা আমাদের দেশে জনপ্রিয় হয়ে ওঠে। কথাগুলো মনে এল আজমীর হোসেনের সাম্প্রতিক প্রদর্শনী নিয়ে কথা বলতে গিয়ে।
এটি শিল্পীর পঞ্চম একক প্রর্দশনী। ১৮ জুন শুরু হয়েছে গুলশানের এজ গ্যালারিতে। আজমীরকে আমরা চিনি তাঁর বৈচিত্র্যময় জলরঙের জন্য। তবে এবারের প্রদর্শনীটি বেশ ব্যতিক্রম। কারণ, এ প্রর্দশনীতে জলরঙের পাশাপাশি অ্যাক্রিলিক জলরং পেনসিল জলে দ্রবীভূত প্যাস্টেলসহ নানা মাধ্যমের সমাবেশ দেখতে পাই। আর জলরং ছাড়া অন্য মাধ্যমে করা শিল্পীর কাজগুলোতেও দেখা যাই জলরঙের আবেশ।
আমাদের দেশে জলরং মাধ্যম হিসেবে দীর্ঘদিন ছিল ব্রাত্য। ১৯৯০–এর দশকের গোড়ায় কিছু শিল্পী এ মাধ্যমকে প্রধান্য দিয়ে কাজ শুরু করেন। শিল্পী গৌতম চক্রবর্তী তাঁদের ভেতরে অন্যতম। তাঁর মধ্যে আমরা দেখি জলরংকে ভিন্নভাবে ব্যবহার করতে। পরে পাওয়া গেল আজমীর হোসেনকে। প্রচলিত প্রথা ভেঙে যিনি একান্ত নিজস্ব ধারার জলরঙে কাজ করেন। ফলে তাঁর জলরঙের করণকৌশলে এমন এক নিজস্ব চিত্রভাষা তৈরি হয়, শিল্পরসিক দর্শকেরা যা সহজেই উপলব্ধি করেন।
আমরা যদি আজমীরের প্রথম প্রদর্শনীর সঙ্গে বর্তমান প্রদর্শনীর তুলনামূলক আলোচনা করি, দেখা যাবে যে বিষয়বৈচিত্র্য ব্যাপকভাবে বদলেছেন শিল্পী। আমেরিকার প্রবাসজীবন শেষে আজমীর যখন দেশে ফেরেন, তখন পাখির চোখে দেখা ব্রুকলিন ব্রিজের ছবি যেমন দেখেছি, তেমনই তাঁর আজকের ছবিতে ঢাকার চাপচাপ জমাট দার্ঢ়্যতার সঙ্গে পাওয়া যায় গ্রামের নির্মল নৈসর্গিকতাও।
এই শিল্পীর ছবির একটা বড় দিক হলো ‘সীমার মাঝে অসীম’ হওয়ার আকাঙ্ক্ষা। আজমীর মাটিতে দাঁড়িয়ে থেকেই দিগন্ত ছপিয়ে যেতে চান। বলা দরকার, এই দিগন্তটি সেই দিগন্ত, সবসময় যা থাকে আমাদের ধরাছোঁয়া জগতের বাইরের। আজমীরের কাজের জ্যামিতিক কাঠামো প্রায়ই একটা দৃষ্টিপথ তৈরি করে। শুধু তা–ই নয়, দর্শককে ওই কাজ নিজের আবস্থান থেকে অপর স্তরে চালিত করে।
এই শিল্পীর প্রসঙ্গে আলোচনা করলে প্রায় সবাই তাঁর করণকৌশল নিয়ে কথা বলেন, যেহেতু করণকৌশলগতভাবে তা স্বতন্ত্র। আমাদের চিত্র–ঐতিহ্যে যে তিন ধরনের জলরঙের প্রচলন আছে, তার বাইরে আরও একটি শাখা আছে, যাকে আমরা ‘অবন ঠাকুর ঘরানা’ হিসেবে অভিহিত করাই বেশি সমীচীন মনে করি। এসব ধারা থেকে তিনি কেন স্বতন্ত্র?
আজমীর আমাদের দেশে সাধারণভাবে পছন্দের কোল্ডপ্রেস কাগজ ব্যবহার করেন, তবে তিনি কাগজ পুরোপুরি ভিজিয়ে নেন না। বরং তিনি পরতের পর পরতে রং লাগিয়ে সৃষ্টি করেন স্বতন্ত্র বুনট। আমাদের প্রচলিত ধারাগুলোতে স্বচ্ছ বা অস্বচ্ছ জলরঙে আমরা লক্ষ করি, এক থেকে তিনটি ওয়াশে কাজ সম্পন্ন করা হয়, সেখানে আজমীর ছবিভেদে ৭০-৮০টি ওয়াশও ব্যবহার করেন। তাঁর শিল্পযাত্রা একটা ধ্যানীর যাত্রাপথের মতো।
‘বিকনিং হরাইজন’ শিরোনামে ৭০–এর বেশি শিল্পকর্মের সমারোহ নিয়ে প্রদর্শনীটি চলবে ৬ জুলাই ২০২২ পর্যন্ত।