মীনা ছিল আমার কাছে শাড়ি পরা এক মেয়ে
>মীনা, রাজু, মিঠু—এই নামগুলো শুনলেই মনে আসে মীনা কার্টুনের মধুর স্মৃতি। এ মাসেই মারা গেছেন জনপ্রিয় কার্টুনটির পরিচালক রাম মোহন। ভারতীয় অ্যানিমেশনের জনক রাম মোহনের হাতে যেন জীবন্ত হয়ে উঠেছিল মীনা। ১৯৯০–এর দশকে জনসচেতনতামূলক এই কার্টুনটি দারুণভাবে সাড়া ফেলেছিল বাংলাদেশে। রাম মোহনকে স্মরণ করে মীনার দিকে ফিরে তাকাতেই এ আয়োজন।

প্রথমে যতই লেখা হোক মীনার সঙ্গে আমি, আদতে মীনা কার্টুনের সঙ্গে আমার দীর্ঘমেয়াদি কোনো সম্পৃক্ততা ছিল না। ১৯৯০–এর দশক। ইউনেসেেফর এক নারী কর্মী দেখা করতে চাইলেন বাংলাদেশের শিল্পীদের সঙ্গে। আমাদের বলা হলো, বিশেষ করে যাঁরা কার্টুন আঁকেন, তাঁদের সঙ্গেই দেখা করে কথা বলতে চান তিনি—সেই নারী (এত দিন বাদে তাঁর নাম আজ আর মনে নেই।) তো, আদ্যোপান্ত না জেনেই গেলাম তাঁর সঙ্গে দেখা করতে—মুস্তাফা মনোয়ার, আমি, শিশির ভট্টাচার্য্য, বাংলাদেশ টেলিভিশনের মহিউদ্দিন ফারুকসহ আরও অনেকে। আমাদের তিনি বললেন, এই অঞ্চলের মেয়েশিশুদের নিয়ে একটা অ্যানিমেটেড সিরিজ হবে, যেখানে মেয়েদের বড় হওয়া, তাদের চারপাশ—পরিবেশ–সমাজ–শিক্ষাদীক্ষা—সব বিষয়–আশয়ই থাকবে। এটা নিয়ে আমাদের ভাবতে বললেন। এই সিরিজের চরিত্র মীনা কেমন হবে, সে বিষয়ে পরামর্শও চাইলেন। তারপর বললেন, এই ধারাবাহিকের প্রধান চরিত্রটির আকার–গড়ন–পোশাক–আশাক—এসব কেমন হবে, আপনারা তার একটা নমুনা দেন তো।
দু–এক দিন সময় নিয়ে সবাই–ই নমুনা দিয়েছিলেন, আমিও দিয়েছিলাম। মীনার চেহারাটা বাঙালি লাইনে রাখার চেষ্টা করেছিলাম আমি। আমাদের বলা হয়েছিল, মেয়েটা একটু গ্রামীণ পরিবেশের হবে, শহুরে না। সেই হিসেবে আমাদের দেশের প্রেক্ষাপটে চরিত্রটি আঁকার চেষ্টা করলাম আমি। আমার ‘টোকাই’ চরিত্রটি মাথায় রেখে একটি মেয়েকে আঁকার চেষ্টা করলাম।
যতদূর মনে পড়ে, কার্টুনে মীনাকে যে বয়সী দেখানো হয়েছে, তার চেয়ে একটু ছোট বয়সের মীনাই এঁকেছিলাম। তার পরনে ছিল শাড়ি। মীনা ছিল আমার কাছে সুন্দর শাড়ি পরা ছোট্ট এক মেয়ে। মীনার সঙ্গে আমার সম্পর্ক এ পর্যন্তই। মীনা প্রকল্পে আমরা যখন আলাপ–আলোচনা করছি, সেই সময় ইউনিসেফের ওই নারী কর্মী এই সিরিজে একটি পাখি রাখার কথা বললেন, সেটি টিয়া পাখি হলেই ভালো। ওই টিয়া পাখিই কিন্তু মিঠু। অনেকটা আমাদের যাত্রাপালায় বিবেকের মতো করে এই চরিত্রকে গোটা সিরিজে উপস্থাপন করা হয়েছে।
এরপর একসময় অ্যানিমেশনটি চূড়ান্ত হলো; এবং টেলিভিশনে তা প্রচারিতও হলো। তখন দেখলাম দক্ষিণ এশিয়ার সব দেশের জন্য মীনা একটি সাধারণ চরিত্র। প্রথমে আমি ভেবেছিলাম এটা নির্দিষ্ট দেশ অনুযায়ীই হবে, অর্থাৎ যখন যে দেশে প্রচার হবে, তখন সে দেশের বাস্তবতা অনুযায়ী হবে। তাই মীনার পরনে শাড়ি দিয়েছিলাম আমি। যাহোক, এরপর তো মীনা তুমুল জনপ্রিয়তা পেল। আমার মতে এই সিরিজে মূলত ভারত ও পাকিস্তান—এই দুই দেশের ওপরে বেশি জোর দেওয়া হয়েছে। ওদের পরিবেশটাই বেশি তুলে ধরা হয়েছে। আমাদের পরিবেশটা এখানে তুলনামূলক কম এসেছে।
মীনার সবকিছুই ভালো লেগেছে। কিন্তু চরিত্র চিত্রায়ণটা আমাদের দেশের পরিবেশকে মাথায় রেখে হয়নি। এ ক্ষেত্রে নিশ্চয় আমাদের দেশের ১০ থেকে ১২ কোটি (১৯৯০ সালের হিসাবে) লোকের চেয়ে ভারত–পাকিস্তানের ১৫০ কোটি মানুষের পছন্দ ইউনেসেফর কাছে বেশি গুরুত্ব পেয়েছিল। এগুলো চেহারা বা আকার–গড়নগত ব্যাপার। এতে মিল না–ও হতে পারে। কিন্তু যে লক্ষ্য ও আদর্শ সামনে রেখে এটি তৈরি করা হয়েছিল—যেমন মেয়েদের শিক্ষায় উৎসাহিত করা, ছেলেমেয়ে উভয়ের সমান পুষ্টি প্রয়োজন এগুলো অবশ্য শাশ্বত—সব দেশ ও সমাজের জন্য তা প্রযোজ্য।
মীনায় দেখানো শিশুদের পারিবারিক শিক্ষা, পারিবারিক সম্পৃক্ততা, মা-বাবার সঙ্গে শিশুদের সম্পৃক্ততা, তাদের শিক্ষার মাধ্যম, পরিবেশের সঙ্গে শিশুদের বেড়ে ওঠা সবকিছু আমাদের এখানে প্রভাব ফেলেছে। তবে এ–ও ঠিক, অনেক দিন থেকে আমাদের এখানে একটা সামাজিক ভাগ তৈরি হয়েছে, বর্গ গড়ে উঠেছে—একটা শহুরে আরেকটা গ্রামীণ। মীনা অধিকভাবে আমাদের গ্রামীণ সমাজের প্রতিনিধি।
সবশেষে বলতে হবে, আমাদের সমাজে মীনার প্রভাব মোটেই কম নয়।