শিল্পীর দায়বদ্ধতার জায়গা হলো তাঁর কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালিদাস কর্মকার (১৯৪৬—১৮ অক্টোবর ২০১৯)। ছবি: সংগৃহীত
কালিদাস কর্মকার (১৯৪৬—১৮ অক্টোবর ২০১৯)। ছবি: সংগৃহীত
>১৮ অক্টোবর মারা গেছেন বরেণ্য চিত্রশিল্পী কালিদাস কর্মকার। এই চিত্রকরের অপ্রকাশিত সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল ২০১৪ সালে। এখানে শিল্পকলা ও ছবির নানা দিক নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন মুকুল মল্লী। 

মুকুল মল্লী: শিল্পীই হবেন, এমন লক্ষ্য স্থির হলো কবে থেকে? 

কালিদাস কর্মকার: মোটেই আমার শিল্পী হওয়ার কোনো লক্ষ্য ছিল না। আমি এখনো শিল্পী নই, আমি কারিগর, আমি পরীক্ষা-নিরীক্ষা করতে পছন্দ করি। রং, তুলি, মাটি, পাথর, কড়ি, তাবিজ, লোহালক্কড়—এগুলো ছবিতে লাগাই। সেই ১৯৭৪ সাল থেকে ছবিতে এগুলো ব্যবহার করে আসছি আমি। সেই জন্যই আমাকে লোকজনে চেনে, বলে যে রং ছাড়া ছবি এঁকেছিলাম। 

মুকুল: আপনাকে ‘তান্ত্রিক আর্টিস্ট’ বলা হয় কেন? 

কালিদাস: কে বলে? আমি তো শুনিনি কোনো দিন। 

মুকুল: তাহলে আপনাকে ‘তান্ত্রিক আর্টিস্ট’ কি বলা হয় না, বা বলা হলেও এমনিই বলা হয়? 

কালিদাস: দেখো, এই প্রশ্নের উত্তর একমাত্র যাঁরা শিল্প-সমালোচক তাঁরাই ভালো দিতে পারবেন। তবু বলব যে পেশাদার শিল্প–সমালোচক আমাদের দেশে নেই। এখানে বিভিন্নজন বিভিন্ন মাধ্যমে কাজ করেন এবং তাঁদের শিল্পের প্রতি একটু ভালোবাসা আছে, পড়াশোনা একটু করেন দেখে তাঁরা শিল্প-সমালোচক হন। তবে পেশাদার শিল্প–সমালোচক যদি বলি, মানে যাঁদের পেশাই হবে শিল্প-সমালোচনা করা বা শিল্প সম্পর্কে বই লেখা, সেটা আমাদের দেশে একেবারেই নেই। ফলে সবাই নিজের মতো করে লেখেন, নিজের মনের মাধুরী মিশিয়ে বিশেষণ যুক্ত করে দেন। আমাদের দেশে আর্ট অ্যাপ্রোসিয়েশন হয়, আর্ট ক্রিটিসিজম হয় না। আর্ট ক্রিটিসিজম ইজ অ্যা ভেরি ডিফিকাল্ট জব। 

মুকুল: শিল্পীর সামাজিক দায়বদ্ধতাকে কীভাবে দেখেন? 

কালিদাস: আমি মনে করি, যাঁরা সৃজনশীল মানুষ—কেবল চিত্রশিল্পী নন, শিল্প-সাহিত্য সব শাখার লোকজন—ছবি আঁকিয়ে, কবি, গায়ক—সবারই সামাজিক দায়বদ্ধতা থাকা উচিত। সৃজনশীল মানুষ বা শিল্পীর দায়বদ্ধতার জায়গা হলো তাঁর কাজ। আর সেই কাজ অর্থাৎ সাহিত্য বা ছবি বিক্রি হলো কি হলো না, লোকের মনোরঞ্জন করল কি করল না, এগুলো পরের ব্যাপার। প্রথম দায়িত্ব হচ্ছে, সমাজের যে অবক্ষয়, তার পাশাপাশি সমাজের যে ভালো দিক আছে সেটাকে ফুটিয়ে তোলা; এমনকি ওই অবক্ষয়ের মধ্যেও একটা ধনাত্মক চিন্তা ধারণ করা, এটা এমন যে, একজন শিল্পী যদি বেদনার ছবি আঁকেন, দুর্ভিক্ষের ছবি আঁকেন, একটা ধ্বংসস্তূপের ছবি আঁকেন তার মধ্যে একটা ধনাত্মক দিক তুলে ধরা। কারণ, সব ধ্বংসের মধ্যেই রয়েছে সৃষ্টির বীজ। অতএব পজিটিভ দিক তুলে ধরা, ধনাত্মক দিক তুলে ধরা—এটাই মূলত সমাজের প্রতি শিল্পীর দায়বদ্ধতা। ধরা যাক, ‘বিশ্ববেহায়া’ ছবিটি যদি কামরুল হাসান না আঁকতেন, শহরজুড়ে রাতের বেলায় সেই ছবির হাজার হাজার পোস্টার যদি না লাগত, তাহলে এরশাদের পতন হতো না। শিল্পীর সামাজিক দায়বদ্ধতা এখানেই। শিল্পী হিসেবে শুধু ছবি আঁকলেই হবে না, সমাজ সম্পর্কে তিনি কতটা সচেতন এবং সমাজের ওপর তাঁর কতটা দায়বদ্ধতা—এটা হলো প্রধান বিচার্য। 

মুকুল: একজন শিল্পীর রাজনৈতিক সচেতনতা কতটা জরুরি? 

কালিদাস: আমরা যাঁরা ছবি আঁকি বা সাহিত্য লেখি, আমাদের প্রধান দায়িত্ব সমাজ ও রাজনীতিসচেতন হওয়া। কারণ, একটি দেশের সব কিছু নির্ভর করে সামাজিক ও রাজনৈতিক দিকনির্দেশনার ওপর। ফলে কবি-শিল্পীকে অবশ্যই রাজনীতিসচেতন হতে হবে। তবেই তাঁর পক্ষে একটা ভালো শিল্প, ভালো সাহিত্য সৃষ্টি করা সম্ভব হবে। বাংলাদেশে ১৯৭৪ সালে যখন দুর্ভিক্ষ হয়েছিল, কামরুল হাসান তখন দুর্ভিক্ষের ওপর প্রচুর উডকাট করেছিলেন। যে কারণে ওই সময় সরকারিভাবে তাঁকে নেকনজরে দেখা হতো না; এবং তারপরও এরশাদের শাসনামলে ‘বিশ্ববেহায়া’ নামে ছবি এঁকেছিলেন। 

তবে নব্বইয়ের পরে দেশে গণতন্ত্র আসলেও কামরুল হাসানের জন্য িকছুই করা হয়নি—না, তাঁর নামে েকােনা জাদুঘর করা হয়নি। কিন্তু এটা তাঁর প্রাপ্য িছল। বরেণ্য এই িশল্পীর জীবিত অবস্থায় ১৯৮৬ সালে তাঁর ছবি জাপানের একটি জাদুঘরে দেখিয়েছিলাম আমি। তারা বলেছিল, কামরুল হাসান এশিয়ার অত্যন্ত শক্তিশালী শিল্পী, আমরা তাঁর প্রদর্শনী করতে ইচ্ছুক। কিন্তু দুর্ভাগ্যবশত এর কিছুদিন পরই তিনি মারা গেলেন। আমি মনে করি, বাংলাদেশের চারুকলার প্রথম দিকে শিল্প সৃষ্টিতে যাঁরা অগ্রণী ভূমিকা রেখেছেন, তাঁদের মধ্যে সবচেয়ে শক্তিমান শিল্পী হচ্ছেন কামরুল হাসান, কিন্তু তিনি তাঁর প্রাপ্য পাননি। 

মুকুল: বর্তমান লোকায়ত শিল্পের ধারাকে কীভাবে দেখেন আপনি? 

কালিদাস: লোকায়ত শিল্পের ধারা সব সময় আধুনিক শিল্পকলার ধারাকে অনুপ্রাণিত করে। সে গান হোক, সাহিত্য হোক বা ছবি আঁকা হোক। এ দেশে লোকায়ত শিল্প বলতে আমাদের যতটুকু আছে তা অত্যন্ত সমৃদ্ধশালী, এর একটা প্রভাব সব শিল্পের মধ্যেই আছে। এই যে আধুনিক শিল্পকলা, তার মধ্যেও আছে, ঐতিহ্যকে অনুসরণ করে যাঁরা ছবি আঁকেন, তাঁদের মধ্যেও আছে। তবে ছবিটা কী, তা আগে নিজের ভেতরে ধারণ করতে হবে। স্লোগান ও ছবির মধ্যে পার্থক্য আছে। গোলাপ ফুল কিন্তু ছবি নয়, গোলাপের গন্ধটা ছবি। একটা গান ছবি নয়, গান শুনে হৃদয়ের মধ্যে যে একটা অনুভব হয়, ওই অনুভবটাই হলো ছবি। ছবি কী, শিল্প কী, তা ধরতে না পারলেই সমস্যা। স্লোগান আর ছবির মধ্যে যে ফারাক আছে, বাংলাদেশে আমরা এটা প্রায়ই গুলিয়ে ফেলি, যেহেতু আমাদের সে রকম উচ্চমানের শিল্প–সমালোচক নেই। যতক্ষণ না আমরা এই জিনিসটা ধারণ করতে পারব যে শিল্প কী, আর ছবি কী, তত দিন এ সমস্যা থেকেই যাবে।