>

বিশ্বের নামজাদা সংগ্রহশালায় স্থান পেয়েছে তাঁদের শিল্পকর্ম। বৃত্ত নামের উদ্যোগ তাঁদের দিয়েছে শিল্পের দুনিয়ায় সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি। সামনে যুক্তরাষ্ট্রের এলি অ্যান্ড এডিথ ব্রড জাদুঘরে শুরু হচ্ছে দুজনের মিলিত প্রদর্শনী। এ সময়ের উজ্জ্বল এই শিল্পী-জুটিকে নিয়ে লিখেছেন ইকবাল হোসাইন চৌধুরী।
করো আনন্দ আয়োজন করে পড়ো
লিপি চিত্রিত লিপি আঁকাবাঁকা
জয় গোস্বামী
জয় গোস্বামী আপনাকে নিয়ে কবিতা লিখেছেন, জানেন তো? লিপি হাসতে হাসতে বলেন ‘কই, না!’ কেন? ওই যে লিপি চিত্রিত, লিপি আঁকাবাঁকা। ‘হৃদি ভেসে যায় অলকানন্দা জলে’ কবিতা মনে নেই? আর আপনি তো চিত্রকলারই মানুষ।
কথাটা বলার জন্য বলা হয়তো। না, তৈয়বা বেগম লিপিকে নিয়ে নিশ্চয়ই কবিতাটা লেখেননি পশ্চিমবঙ্গের কবি জয় গোস্বামী। কিন্তু সময় তো এখন আসলে লিপিকে নিয়ে লেখারই। খুব ভালো করে বললে লিপি-মাহবুব দম্পতিকে নিয়ে লেখারই সময় এটা। যুক্তরাষ্ট্রের সুবিখ্যাত গগেনহাইম জাদুঘরে জায়গা করে নিয়েছে লিপির শিল্পকর্ম লাভ বেড বা ভালোবাসার শয্যা। মাহবুবুর রহমানের এন্ড অব দ্য সোশাল সিস্টেমসহ তিনটি কাজ আছে জাপানের ফুকোওকা জাদুঘরে। বৃত্ত নামের শিল্পোদ্যোগ তাঁদের দিয়েছে দেশে–বিদেশে সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি।
আগামী মার্চে যুক্তরাষ্ট্রের মিশিগানে এলি অ্যান্ড এডিথ ব্রড জাদুঘরে শুরু হচ্ছে দুজনের প্রদর্শনী আর্টিস্ট অ্যাজ অ্যাকটিভিস্ট। ২ জানুয়ারি গুলশান ১ নম্বর এলাকায় বেঙ্গল আর্ট লাউঞ্জে তাঁদের সঙ্গে আলাপ। সেটাও তো কাজের সূত্র ধরেই। সেদিন লিপির নো ওয়ান হোম শিরোনামের প্রদর্শনীর শেষ দিন। লিপি ও মাহবুব সেই ছাত্রজীবন থেকে শিল্পসঙ্গী। পরে জীবনসঙ্গীও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পড়তে গিয়ে দেশের অন্যতম সেরা দুই শিল্পী কীভাবে এক সুতোয় মিললেন, সেই গল্প পরে। আপাতত লিপির প্রদর্শনী আমাদের সামনে।

ব্লেডের কী রূপ দেখলাম সংসারে
এ যেন ব্লেডের রাজত্ব। ব্লেডের নানা রূপ চারদিকে ঘিরে আছে। ব্লেড দিয়ে তৈরি সেলাই মেশিন। ব্লেডের তৈরি স্নানপাত্র। এমনকি ব্লাউজ, বক্ষবন্ধনী, বিকিনি, ব্যাগ, জুতা, সবকিছুই তৈরি ধারালো ব্লেড দিয়ে।
ব্লেডের এই অভাবনীয় ব্যবহার শুরুতেই চোখ আটকায়। মগজে আলোড়ন তোলে। ব্লেডের প্রতি এই ঝোঁকটা কীভাবে? লিপির জবাব, ‘ব্লেড দিয়ে জানেন তো ধাত্রীরা নাড়ি কাটে নবজাতকের। বিশেষ করে গ্রামাঞ্চলে এটা বেশি দেখা যায়। আমার জন্ম গাইবান্ধায়। আর আমরা ছিলাম অনেকগুলো ভাইবোন। তো, ব্লেডের এই ব্যবহার ছাপ ফেলেছিল আমার ওপর।’
কিন্তু ব্লেডের বিচিত্র ব্যবহারের অন্য শৈল্পিক ব্যাখ্যাও তো থাকতে পারে। আর একজন দর্শকের সেই ব্যাখ্যা যে শিল্পীর চিন্তার সঙ্গে মিলে যাবে, এমন কোনো ব্যাপার নেই। এই যে জুতাগুলো আপনি সাজিয়ে রেখেছেন। জুতাগুলোর সাইজ খুব বড় নয়। সাইজ ফোর। এর কোনো আলাদা মানে কি আছে?
লিপি আবার হাসেন। ‘এটা আসলে আমার নিজের পায়ের মাপ।’

মনে হচ্ছিল এই জুতার ভেতরে যদি কেউ পা রাখে পা কিন্তু কেটে যাবে। ব্র্যান্ডেড পণ্যের প্রতি নারীর যে আকর্ষণ তার প্রতি শিল্পীর খানিকটা বক্র দৃষ্টি কি কাজ করেছে এখানে? লিপি প্রশ্নটা মাপলেন কিছুক্ষণ, তারপর বললেন।, ‘সেটা কিছুটা তো বলাই যায়। আপনি আরও একটা জিনিস খেয়াল করে দেখবেন ব্যাগ-জুতা ওগুলো কিন্তু ঠিক শপিং মলে যেভাবে থাকে সেভাবে সাজানো।’
তৈয়বা বেগম লিপির কাজের অভিনবত্ব চোখে পড়ার মতো। এর বাইরে তাঁর কাজে প্রায়ই ছায়া ফেলে বিষণ্নতা, একাকিত্ব আর নারীর বন্দিদশা। নো ওয়ান হোম বা কেউ বাড়ি নেই শিরোনামের প্রদর্শনীও তার বাইরে নয়। একাকিত্বের কথা যখন এল তখন স্নানপাত্রটার কাছে যাওয়া যাক। বেঙ্গল গ্যালারির একটা ঘরে সেটা রাখা হয়েছে একলা একা। ব্লেডের তৈরি স্নানপাত্রটার দৃষ্টি আকর্ষণ করতে ইচ্ছে করে শিল্পীর।
লিপির ব্যাখ্যা, ‘হ্যাঁ ইচ্ছে করেই ওটাকে একলা রেখেছি আমি। মানুষের কিন্তু নিজের সঙ্গেও সময় কাটানোর দরকার পড়ে। ওটা নারীর নিজস্ব জায়গা। নিজের সঙ্গে নিজের যোগাযোগের একটা ব্যাপার।’
তৈয়বা বেগম নানা মাধ্যমে কাজ করেন এটা তাঁর শিল্পের অনুসারীরা এত দিনে বিলক্ষণ জানেন। তাঁর বিশ্ব ঘুরে আসা নানা প্রদর্শনীর মতো এবারেও ছিল নানা মাধ্যম। চিত্রকর্ম আর স্থাপনার সঙ্গে আছে ভিডিও ইনস্টলেশনও। তারই একটার শিরোনাম নো ওয়ান হোম। একাকিত্ব আর বিচিত্র বিষণ্নতা ছায়া ফেলেছে এই ভিডিওচিত্রেও। যেখানে আমরা দেখি চারদিক সুনসান। শিল্পী তাঁদের গাইবান্ধার পারিবারিক কবরস্থানে। ছোট বেলচা হাতে তিনি পূর্বপুরুষের কবরস্থানের শেওলা ধরা দেয়াল ঘষে চলেছেন। আছে একটি পুরোনো আর বাতিল কুয়ার ভিডিওচিত্রও। যেখানে কুয়ার পাড় ঘেষে বারবার পাক খায় ক্যামেরা।
শিল্পী তৈয়বা বেগমের সঙ্গে আলাপ চলছিল। এর মধ্যে দর্শক সমাগম বাড়তে শুরু করেছে প্রদর্শনীতে। দর্শকদের একটি বড় অংশই ভিনদেশি মানুষজন।

শিল্পের সংসার
তৈয়বা বেগম আর মাহবুবুর রহমান জুটি যে একটা সময় বড় কিছু করবেন, সেটা বোঝা যাচ্ছিল আগেই। প্রতিবছর পয়লা বৈশাখে নানা ক্ষেত্রের উজ্জ্বল ও সম্ভাবনাময় তরুণদের নিয়ে ছুটির দিনে একটি বিশেষ সংখ্যা প্রকাশ করে। পুরোনো ছুটির দিনে ঘেঁটে দেখা যাচ্ছে প্রতিভাবান সেই তরুণদের তালিকায় লিপি আর মাহবুব জায়গা করে নিয়েছেন পরপর দুই বছরে (২০০৪ ও ২০০৫)। ছুটির দিনের পাতায় শিল্প-সমালোচক মঈনুদ্দীন খালেদ এই দম্পতি সম্পর্কে লিখেছিলেন, ‘লিপিরা দেশের শিল্পচর্চার প্রচলিত ধারা অনুসরণ করেন না। নিজেদের চর্চাকে বিকল্পধারা বলতেও তাঁরা নারাজ। “অপর ধারা” না বলে “সমান্তরাল ধারা” বললেই বোধ হয় ঠিক হয়। তবে মূলধারার সঙ্গে তাঁদের বিশাল ফারাক। ছবির বাজারে শিল্পের প্রসার দেখে মূলধারার শিল্পীদের মতো লালায়িত নয় তাঁদের তুলি। তাই অভ্যাসের চেয়ে উদ্ভাবনের দিকে তাঁদের মুখ ঘোরানো।’
আবার আলাপে ফিরে আসি। দুই শিল্পীর সংসার হলে যেটা হয়। একটা নির্ভরশীলতা তো থাকতেই পারে। লিপির কি সে রকম কোনো নির্ভরশীলতা আছে মাহবুবের ওপরে? লিপির জবাব, ‘অবশ্যই। মাহবুব যেকোনো কিছু বাস্তবায়নে খুব দক্ষ। ও টেকনিক্যাল দিক থেকে প্রচণ্ড নিখুঁত। দেশে আমরা যে কেউ কোনো কঠিন আর অভিনব কাজের আগে মাহবুবের একটা পরামর্শ নেওয়ার চেষ্টা করি। মাহবুব কাউকে হতাশ করেছে এ রকম মনে হয় না। ’
পারস্পরিক এই নির্ভরশীলতার শুরু সেই ছাত্রজীবন থেকেই। চারুকলায় পড়তে গিয়ে প্রেম। কীভাবে হলো ব্যাপারটা। প্রসঙ্গটা উঠতেই দুই শিল্পীর একবার নীরব চোখাচোখি হয়ে গেল। শুরুটা অবশ্য লিপিই করলেন আবারও ‘১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আমরা। শুরু থেকেই আমরা বন্ধুরা ক্লাসের পড়াশোনা এসব কাজে মাহবুবের পরামর্শ নিতাম। মাহবুবের একটা চমৎকার ব্যাপার ছিল, ও কাউকে শুধু মেয়ে হিসেবে আলাদাভাবে বিচার করত না। সব বন্ধুকে ও সমানভাবে বিচার করত। এটা আমাকে শুরুতে মুগ্ধ করেছিল।’

ক্যাম্পাসের দুই বন্ধুর পরিণয় ঘটে ১৯৯৬ সালে। শিল্প ও সংসারকে যে সফলভাবে একসঙ্গে গাঁথা যায়, তার একটা দারুণ উদাহরণ এই জুটি।
মাহবুবুর রহমান সব সময়ই সাহসী শিল্পী। অভিনবত্বে, প্রতিবাদে তাঁর শিল্প সব সময় নানা রূপ, নানা ঢঙে সোচ্চার। কিন্তু প্রেমের কথা বলতে গিয়ে তিনি একটু যেন লাজুক। বুঝতে পেরে আমরা প্রসঙ্গ ঘোরাই। আপনি শিল্পী হওয়ার প্রেরণা পেলেন কোথায়? নানা মাধ্যম নিয়ে অভিনব সব কাজের ভাবনা এল কোথা থেকে?
‘পুরান ঢাকার ছেলে আমি। পুরান ঢাকার পরিবেশের মধ্যেই একটা কিছু আছে। এত বর্ণিল, এত বেশি ঘটনাবহুল জীবন এখানকার মানুষের সেটা হয়তো আমাকে শিল্পী হিসেবে সব সময় প্রভাবিত করে থাকবে।’ বলছিলেন মাহবুব।
মাহবুবের অপেক্ষাকৃত সাম্প্রতিক একটি উল্লেখযোগ্য কাজ ট্রান্সফরমেশন বা বদল। যেখানে আমরা দেখি শিল্পী পরিণত হয়েছেন একটি পশুতে। মাথায় গজিয়েছে বড়সড় শিং। আর সারা গায়ে জাল জড়ানো। মাহবুবের এই কাজের অনুপ্রেরণা ছিল সৈয়দ শামসুল হকের অমর চরিত্র নূরলদীন।
মাহবুব বলছিলেন, ‘নূরলদীন এখনো দারুণভাবে তাড়িত করে আমাকে। সেটা ছাপ ফেলেছে আমার এই কাজেও।’ শ্রমিকের জীবনের বঞ্চনা বা শ্রেণি-সংগ্রাম অথবা ঔপনিবেশিক দাসত্ব এসব নানা কিছুর ছাপ আছে এই কাজে। আলগোছে কোথাও লুকানো আছে একজন প্রতিবাদী মানুষের সংগ্রামের কথাও।
মিল-অমিল

সামনে আসছে বড় খবর। যুক্তরাষ্ট্রের মিশিগানে এলি অ্যান্ড এডিথ ব্রড জাদুঘরে শুরু হচ্ছে আর্টিস্ট এজ অ্যাকটিভিস্ট শিরোনামের প্রদর্শনী। টানা ছয় মাস চলবে। তারপর নিউইয়র্কেও থাকবে লিপির আরেকটি প্রদর্শনী। যদিও ভিনদেশি গ্যালারিতে প্রদর্শনী মোটেও নতুন কিছু নয় লিপি-মাহবুব কারও জন্য। ভেনিস বিয়েনালে জায়গা করে নিয়েছিল তাঁদের কাজ সেই ২০১১ সালেই। দেশ-বিদেশে তাঁদের প্রদর্শনীর তালিকাও বেশ দীর্ঘ।
মাহবুবুর ও লিপির শিল্পযাত্রার একটা বড় অংশের প্রতিনিধিত্ব থাকবে যুক্তরাষ্ট্রে এবারের প্রদর্শনীতে। মাহবুবুর রহমানের কাজের মধ্যে থাকছে ট্রান্সফরমেশন, সাউন্ডস ফ্রম নোহয়্যার এবং কিপ অ্যাওয়ে। ফেলানীর কথা মাথায় রেখে করা ‘স্টোরি অব অ্যা গার্ল’ শিরোনামের একটি কাজও যাচ্ছে প্রদর্শনীতে। মাহবুব বলছিলেন, ‘আমাদের কাজে তফাত আছে। আবার মিলও আছে। মেসকুলিন বা পুরুষালি ভঙ্গি আমার কাজে থাকে। লিপির কাজে নারীত্ব বা নারী ইস্যু চোখে পড়ার মতো। শেষ পর্যন্ত দেখা যায় আমাদের দুজনের কাজেই জেন্ডার ইস্যু প্রাধান্য পায়। মিশিগানের প্রদর্শনীতে প্রথমে আমাদের দুজনের প্রদর্শনীর জন্য দুটো আলাদা ঘর। তারপর একটা ঘরে একসঙ্গে আমাদের দুজনের জেন্ডারসম্পর্কিত দুটো কাজ।’
ভিনদেশি গ্যালারিতে এভাবেই শেষ পর্যন্ত একসঙ্গে, একঘরে মিলবে বাংলাদেশের দুজন কীর্তিমান শিল্পীর কাজ। যেভাবে বছর কুড়ি আগে, পড়াশোনায় আর বন্ধুত্বে তাঁদের দুজনের জীবন মিলেছিল একসঙ্গে। শিল্পে আর সংসারে।

শিল্পীর জীবন
তৈয়বা বেগম লিপি
তৈয়বা বেগম লিপির জন্ম ১৯৬৯ সালে গাইবান্ধা জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে প্রথম শ্রেণিতে মাস্টার্স সম্পন্ন করেন ১৯৯৩ সালে। ২০০২ সালে শুরু হওয়া অলাভজনক শিল্পপ্রতিষ্ঠান বৃত্ত আর্ট ট্রাস্টের তিনি ছিলেন অন্যতম উদ্যোক্তা। অনেক মাধ্যমকে একত্র করে বাংলাদেশে ক্রস-মিডিয়া চর্চার অন্যতম পথিকৃৎও তিনি। কাজের ব্যাপ্তি ছড়িয়ে আছে অনেক মাধ্যমেই। তবে মূলত ড্রয়িং, পেইন্টিং, ইলাস্ট্রেশন এবং ভিডিও আর্ট নির্মাণের প্রতি তাঁর আগ্রহ বেশি। এসব শিল্পমাধ্যমে তিনি ফুটিয়ে তোলেন জেন্ডার-প্রশ্ন, নারীবাদ, নারীত্ব-বিষয়ক নানা দিক।
বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রদর্শিত হয়েছে তাঁর শিল্পকর্ম। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইতালির ভেনিসে ২০১১ সালের দ্বিবার্ষিক আর্ট বিয়েনালে প্রদর্শনী। একই বছর ইন্দোনেশিয়ার জাকার্তা দ্বিবার্ষিক আর্ট বিয়েনালেও আমন্ত্রণ পান তিনি।
২০১২ সালে লিপি শ্রীলঙ্কার কলম্বো আর্ট বিয়েনালে অংশ নেওয়ার পাশাপাশি ঢাকা আর্ট সামিটেও প্রদর্শন করেন তাঁর শিল্পকর্ম। লিপির ‘নো কান্ট্রি’ প্রদর্শিত হয়েছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নানা দেশে।
তাঁর ভিডিও আর্ট চীনের ‘নিউ সিল্ক রোড মিউজিয়াম অব কন্টেম্পরারি আর্ট’-এ প্রদর্শিত হয়। ব্রাজিলের সাও পাওলো এবং বেল হরিজন্তে শহরে ১৪টি দেশের ১৪ জন শিল্পীর অংশগ্রহণে বিশেষ প্রদর্শনীতে লিপির ‘সাইকেল’ শিরোনামের শিল্পকর্ম প্রশংসা পায়। ইতালির ‘সিভিতেলা রেনিয়েরি’ ফেলোশিপ পান ২০১৪ সালে।

শিল্পীর জীবন
মাহবুবুর রহমান
শিল্পী মাহবুবুর রহমান ঢাকায় ১৯৬৯ সালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে প্রথম শ্রেিণতে মাস্টার্স সম্পন্ন করেন ১৯৯৩ সালে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির গ্র্যান্ড পুরস্কার পান ১৯৯৮ সালে। পরের বছর নবম এশিয়ান আর্ট বিয়েনালে তিনি সম্মানজনক গ্র্যান্ড পুরস্কার অর্জন করেন।
বৃত্ত আর্ট ট্রাস্ট প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি অন্যতম উদ্যোক্তা ছিলেন। মূলত ড্রয়িং, ভাস্কর্য, পেইন্টিং, ইলাস্ট্রেশন এবং ভিডিও-মাধ্যমে কাজ করেন মাহবুব। তাঁর আগ্রহের বিষয় ইতিহাস, সমাজ, সামাজিক মানুষ এবং সমসাময়িক দক্ষিণ এশিয়ায় আধুনিকতার প্রভাব।
বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রদর্শিত হয়েছে তাঁর শিল্পকর্ম। যৌথ প্রদর্শনীর মধ্যে উল্লেখযোগ্য ইতালির বিখ্যাত শহর ভেনিসে ২০১১ সালের দ্বিবার্ষিক আর্ট বিয়েনালে ‘প্যারাবল’ প্যাভিলিয়ন এবং ২০১৪ সালে শ্রীলঙ্কার কলম্বো আর্ট বিয়েনালে অংশগ্রহণ। ২০১০ সালে ইতালির রোমে তাঁর ‘ভিডিও জুম: বাংলাদেশ’ প্রদর্শিত হয়। ১৯৯৩-২০১৪ সময়কালে অনুষ্ঠিত দ্বিবার্ষিক আর্ট বিয়েনালে তাঁর একাধিক শিল্পকর্ম স্থান পায়। তাঁর যৌথ প্রদর্শনীর মধ্যে আরও উল্লেখ করা যায় ২০০৯ ও ২০১৪ সালে বৃত্ত আর্ট ট্রাস্টের ‘ঢাকা এক বর্গমাইল’, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বৃত্ত আর্ট ট্রাস্ট নিউ মিডিয়া ফেস্টিভ্যাল-২০০৯, ঢাকার দৃক গ্যালারিতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান আর্টিস্ট এক্সিবিশন ২০০৯।
২০০৮ সালে নিউইয়র্কের টার্কিশ কালচারাল অ্যান্ড টু্যরিজম সেন্টার এবং বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস আয়োজিত ব্রাসেলসের ইউরোপীয় ইউনিয়ন হাউসে বাংলাদেশের শিল্পকর্ম প্রদর্শনীতেও তিনি অংশ নেন।