সারা দেশের গণগ্রন্থাগারে বেঙ্গলের চিত্রকলার বই

দুই দশকের বেশি সময় শিল্পচর্চায় নিয়োজিত বেঙ্গল ফাউন্ডেশন। শিল্পকলার নানা মাধ্যমে তারা কাজ করলেও চিত্রকলা সেখানে সব সময় গুরুত্ব পেয়ে এসেছে। শুধু প্রদর্শনী আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এই পথচলা। পাশাপাশি বিভিন্ন আর্ট ক্যাটালগ, বই, ফোলিও প্রকাশ করেছে তারা। এই প্রকাশনাগুলো নিয়েই এবার অন্য রকম এক উদ্যোগ নিয়েছে বেঙ্গল ফাউন্ডেশন। তাদের প্রকাশিত ৪০ হাজার আর্ট ক্যাটালগ, ফোলিও ও বই দেশের ৭০টি শাখা, উপজেলা, জেলা ও বিভাগীয় গণগ্রন্থাগারে ইতিমধ্যেই সফলভাবে পৌঁছে দিয়েছে তারা। আর এ কাজ তারা সম্পাদন করেছে ৬০ দিনে। দেশের ৬৪টি জেলার এ গণগ্রন্থাগারের প্রতিটিতে ২৩৭টি আইটেমের ৫৬৪টি করে ক্যাটালগ হস্তান্তর হয়েছে। আর এই কাজটি করতে তাদের সহযোগিতা করেছে সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদপ্তর।
এই ক্যাটালগগুলোতে প্রায় ১ হাজার ২০০ শিল্পীর কাজের প্রতিলিপি, শিল্পীর সংক্ষিপ্ত জীবনী এবং প্রদর্শনী ও শিল্পরীতি সম্বন্ধে শিল্প সমালোচকদের প্রবন্ধ পত্রস্থ হয়েছে। আছে শিশুশিল্পী ও নারী শিল্পীদের কাজের প্রতিলিপিও। গণগ্রন্থাগারগুলোতে এই ক্যাটালগগুলো সফলভাবে হস্তান্তর এবং শিল্পরসিকদের কাছে এই খবরটির জানান দিতেই আজ দুপুরে বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়েরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব আকতারী মমতাজ ও গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। অনুষ্ঠানের শুরুর দিকে কীভাবে দেশের বিভিন্ন অঞ্চলের গণগ্রন্থাগারগুলোতে এই ক্যাটালগ ও বইগুলো পৌঁছানো হয়েছে, সে বিষয়ে আট মিনিটের একটি তথ্যচিত্র দেখানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, ‘অনেকে বলেন বই পড়া কমে গেছে, কথাটি আমি বিশ্বাস করি না। তবে বই পড়া হয়তো যথেষ্ট হচ্ছে না। এ জন্য পাঠককে আরও উৎসাহ দিতে হবে, প্রেরণা দিতে হবে। এ ধরনের বই গণগ্রন্থাগারে দেওয়ার ফলে বৈচিত্র্য সংযোজিত হলো। দেশে এখন নানা ধরনের অপরাধ হচ্ছে, এটার প্রতিরোধে সংস্কৃতিচর্চা প্রয়োজন। অপরাধীদের ব্যাপারে আমাদের আরও কঠোর হতে হবে। কারণ, এরা ধর্মও বোঝে না সংস্কৃতিও বোঝে না। কিন্তু ধর্মের নামে মানুষ হত্যা করছে। এ জন্য সর্বস্তরের মানুষকে সচেতন করার ভূমিকা আছে। সেই সচেতনতা আসতে পারে সংস্কৃতির চর্চা থেকে।’
আবুল খায়ের বলেন, ‘বেঙ্গল ফাউন্ডেশন সারা বছর শিল্পের প্রায় সব ধরনের মাধ্যম নিয়ে কাজ করে। বইয়ের কোনো বিকল্প নেই। আমরা পরবর্তী সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুলে এ বইগুলো দেওয়ার পরিকল্পনা করছি।’