রূঢ় বাস্তবের বিপরীতে লেখকেরা অনেক সময় নতুন কোনো জগৎ সৃষ্টি করেন। কল্পনার সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে তৈরি করেন অচেনা কোনো ভুবন। বাস্তবের কঠিন ও কর্কশ রূপকে এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি করে বলে এ–জাতীয় সাহিত্যকে বলা হয় পলায়নমুখী সাহিত্য বা ‘এসকেপিস্ট ফিকশন’। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে এ ধরনের সাহিত্যের রুশ ভাষায় অনুবাদের চাহিদা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে।
সাধারণত ‘এসকেপিস্ট ফিকশন’–এর আওতায় পড়ে ক্রাইম থ্রিলার, বৈজ্ঞানিক কল্পকাহিনি, রোমান্টিক বা ফ্যান্টাসি ঘরানার উপন্যাসগুলো। এ ধরনের বইয়ের ইংরেজি থেকে রুশ ভাষায় অনুবাদস্বত্ব পাওয়ার জন্য প্রদান করা হচ্ছে মোটা অঙ্কের লেখক সম্মানী।
তবে যুদ্ধ চলাকালে ইউক্রেনের সাধারণ মানুষের দুর্দশা বিবেচনা করে এই বাড়তি টাকা গ্রহণ করা ঠিক হবে কি না, এ বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন ইংরেজি ভাষার লেখকেরা। অনুবাদস্বত্ব পেতে প্রচলিত হারের চেয়ে দ্বিগুণ অর্থ প্রদান করতে চাইছে রাশিয়ার বেশ কিছু প্রকাশনা সংস্থা। নৈতিকভাবে সঠিক মনে না হওয়ায় ইতিমধ্যে অনেক লেখক এ ধরনের প্রস্তাবে ‘না’ জানিয়ে দিয়েছেন।
বলা দরকার, গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হলে নিল গেইম্যান ও স্টিফেন কিংয়ের মতো খ্যাতনামা লেখকেরা যুদ্ধ চলাকালে তাঁদের কোনো বইয়ের রুশ সংস্করণ প্রকাশ না করার সংকল্পের কথা জানিয়েছিলেন। একইভাবে লেখিকা জে কে রাওলিং তাঁর লেখা ‘হ্যারি পটার’ সিরিজের বইগুলোর অনলাইন স্বত্ব রাশিয়ার ই-বুক প্লাটফর্ম থেকে প্রত্যাহার করেছেন এ বছরের এপ্রিলে। এর বাইরে অনেক লেখক আবার রাশিয়ায় বিদেশি সাহিত্যের জোগান অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ মনে করছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
গ্রন্থনা: নাফিস সাদিক