এই গ্রীষ্মে পড়তে পারেন যে ছয় বই

গরমের ছুটি মানেই আরাম করে বই পড়ার সময়। এমন কিছু গল্প, যেগুলো বই শেষ হওয়ার পরও মাথায় রেশ থেকে যাবে। সেই ভাবনা থেকে এ গ্রীষ্মের কিছু সেরা নতুন বই বেছে নিয়েছেন সমালোচকেরা। তালিকায় আছে রাজনৈতিক ব্যঙ্গ, পারিবারিক গল্প, জলবায়ু সংকট নিয়ে উপন্যাস ও থ্রিলার।

গ্রাফিকস: প্রথম আলো
বেন ফাউন্টেনের ‘রাসপুটিন সুইমস দ্য পোটোম্যাক’ বইয়ের প্রচ্ছদ

বেন ফাউন্টেনের ‘রাসপুটিন সুইমস দ্য পোটোম্যাক’

এটি একটি রাজনৈতিক ব্যঙ্গধর্মী উপন্যাস। গল্পে একজন মার্কিন প্রেসিডেন্ট আছেন, যিনি আগে রিয়েলিটি শো তারকা ছিলেন এবং আবারও তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে চান। কিন্তু নির্বাচনী প্রচারের সময় দেশে হঠাৎ এক অদ্ভুত রোগ ছড়িয়ে পড়ে, মানুষ কারণ ছাড়াই কান্নায় ভেঙে পড়ে। এই অদ্ভুত পরিস্থিতির মধ্যেই গল্প এগোয়। এ ছাড়া আছে এক সাংবাদিক, একজন সাবেক কণ্ঠশিল্পী, এক তারকা যিনি এখন হোয়াইট হাউসে কাজ করেন এবং রহস্যময় একজন রেসলার, যার মধ্যে হয়তো অতিপ্রাকৃত শক্তি আছে। সব মিলিয়ে বইটি খুবই অদ্ভুত, হাস্যরসাত্মক ও রাজনৈতিক।

সিগ্রিড নুনেজের ‘ইট উইল কাম ব্যাক টু ইউ: কালেকটেড স্টোরিজ’ বইয়ের প্রচ্ছদ

সিগ্রিড নুনেজের ‘ইট উইল কাম ব্যাক টু ইউ: কালেকটেড স্টোরিজ’

এটি ১৩টি ছোটগল্পের একটি সংকলন। প্রতিটি গল্পেই আছে মানুষের জীবন, সম্পর্ক, একাকিত্ব, বার্ধক্য ও মৃত্যুর মতো গভীর বিষয়। লেখক খুব সচেতনভাবে মানুষের অনুভূতিগুলো তুলে ধরেছেন। তাঁর লেখা পড়ে পাঠকের মনে হবে, খুব জ্ঞানী কিন্তু আবেগপ্রবণ এক মানুষের সঙ্গে বসে আছেন। যিনি জীবনের ছোট ছোট বিষয়গুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন।

ক্লেয়ার ভে ওয়াটকিন্সের ‘ইয়েলো পাইন’ বইয়ের প্রচ্ছদ

ক্লেয়ার ভে ওয়াটকিন্সের ‘ইয়েলো পাইন’

এই গল্পের কেন্দ্রীয় চরিত্র রোজ, যে জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় আছে। সে কি আবার পুরোনো প্রেমিকের সঙ্গে সম্পর্ক ও সংসারের দিকে যাবে, নাকি নিজের প্রিয় মরুভূমির জায়গাটিকে বাঁচাতে কাজ করবে? কারণ, তার প্রিয় মরুভূমি এলাকায় বড় একটি সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরি হতে যাচ্ছে, যা পুরো পরিবেশকে বদলে দেবে। বইটি শুধু ব্যক্তিগত জীবনের দ্বিধা নয়, বরং জলবায়ু পরিবর্তন, প্রকৃতি ধ্বংসের গল্প।

নাথানিয়েল রিচের ‘ক্লাউডথিফ’ বইয়ের প্রচ্ছদ

নাথানিয়েল রিচের ‘ক্লাউডথিফ’

এটি একটি থ্রিলারধর্মী উপন্যাস। গল্পে টিম নামের এক সাংবাদিক আছে, যার ক্যারিয়ার ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। সেই মুহূর্তে রহস্যময় খবরের পেছনে ছুটতে শুরু করে। এরপর দেখা হয় ভার্জিনিয়ার সঙ্গে এবং তারা একসঙ্গে একটি বিশাল ডেটা সেন্টারে ঢোকার পরিকল্পনা করে। এই বই কেবল অ্যাকশন নয়, বরং আধুনিক প্রযুক্তি, তথ্য সংরক্ষণ এবং মানুষের জ্ঞান কীভাবে বড় বড় সার্ভারে আটকে যাচ্ছে—এই বিষয়গুলো নিয়েও প্রশ্ন তোলে।

ভ্যালেরিয়া লুইজেলির ‘বিগিনিং মিডল এন্ড’ বইয়ের প্রচ্ছদ

ভ্যালেরিয়া লুইজেলির ‘বিগিনিং মিডল এন্ড’

এটি এক মা ও তার ১২ বছরের মেয়ের গল্প। তারা একসঙ্গে সিসিলি ভ্রমণে যায়। সেখানে তারা সেই জায়গা দেখতে যায়, যেখানে মেয়েটির দাদি একসময় প্রত্নতত্ত্ববিদ হিসেবে কাজ করত। এই ভ্রমণের সময় মা ও মেয়ে দুজনেই নিজেদের পারিবারিক জীবন, অতীত ও ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করে। একই সঙ্গে মা নিজের জীবন নিয়ে উপন্যাস লেখার চেষ্টা করছে। লেখক খুব সুন্দরভাবে পরিবার, স্মৃতি ও সম্পর্কের জটিলতা তুলে ধরেছেন।

জন ম্যানুয়েল আরিয়াসের ‘ক্রোকোডিলোপলিস’ বইয়ের প্রচ্ছদ

জন ম্যানুয়েল আরিয়াসের ‘ক্রোকোডিলোপলিস’

এটি কোস্টারিকার দুই ভাই সেথ ও ওসারিওকে ঘিরে লেখা একটি বড় উপন্যাস। তারা নিজেদের পরিবার ও দেশের রাজনৈতিক ইতিহাসের ভেতর দিয়ে বড় হয়েছে। গল্পে আছে পারিবারিক দ্বন্দ্ব, গোপনীয় সত্য, হত্যাকাণ্ড ও দেশের রাজনৈতিক অস্থিরতা। সেই সঙ্গে প্রকৃতির ভয়ংকর দিক, যেমন কুমিরের উপস্থিতি, যা গল্পকে আরও রহস্যময় করে তোলে। এটি একদিকে পারিবারিক গল্প, অন্যদিকে অন্ধকার ও নাটকীয় রাজনৈতিক উপন্যাস।

  • সূত্র: লস অ্যাঞ্জেলেস টাইমস

  • গ্রন্থনা: রবিউল কমল