স্বপ্ন-মৃত্যু-ভালোবাসার আখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যাজেল গ্রেস ল্যাংকাস্টার। ১৩ বছর বয়সে থাইরয়েড ক্যানসার ধরা পড়ে তার, পরে সেটি ছড়িয়ে পড়ে ফুসফুসে। পরীক্ষামূলক একটি ওষুধের বদৌলতে বাড়তি একটু আয়ু পেয়েছে মেয়েটি, এখন তার ১৬ চলছে। সব সময় অক্সিজেন ট্যাংক নিয়ে ঘুরে বেড়াতে হয় হ্যাজেলকে, চাকাওয়ালা ছোট্ট একটা গাড়িতে বসানো থাকে সেটা। নাকে ঢোকানো স্বচ্ছ টিউব দিয়ে মিনিটে দুই লিটার করে অক্সিজেন যায় ফুসফুসে।

আক্রান্ত ফুসফুস ট্রান্সপ্লান্ট করেও লাভ নেই খুব একটা। কাজেই যেখানে আশা নেই কোনো, সেখানে ভালো একটি ফুসফুস নষ্ট করতে আগ্রহী নন িচকিৎসকেরা। অতএব ডায়াগনোসিসের সঙ্গে সঙ্গেই লেখা হয়ে গেছে হ্যাজেলের জীবনের শেষ অধ্যায়। নিজেকে সে তুলনা করে বোমার সঙ্গে, যেটি বিস্ফোরিত হতে পারে যখন-তখন।

অথচ এই হ্যাজেলের জীবনেও প্রেম এল। কর্কট রোগে আক্রান্ত ছেলেমেয়েদের পরামর্শ দেওয়ার জন্য গঠিত গ্রুপের মিটিংয়ে তার পরিচয় হলো সাগরনীল চোখের অধিকারী অগাস্টাস ওয়াটার্সের সঙ্গে। ১৭ বছরের সুদর্শন, অকপট, ব্যক্তিত্বসম্পন্ন তরুণের ঠোঁটের ফাঁকে থাকে সিগারেট, তবে ওতে আগুন ধরিয়ে ফুসফুসের ক্ষতি করার সুযোগ দেয় না কক্ষনো। ঘাতক রোগে পায়ের কিছু অংশ কেটে বাদ দিতে হয়েছে তার, তারপরও অমোঘ নিয়তির মতো বিপুল বিক্রমে ফিরে আসছে রোগটা, ছড়িয়ে পড়ছে শরীরের সব জায়গায়।

গল্পটা বাস্তবতার নিষ্ঠুর ঘা খাওয়া এই মানুষ দুজনের, মাথার ওপর মৃত্যু পরোয়ানা নিয়ে জীবনের নতুন মানে খুঁজে চলেছে যারা একে অপরের সান্নিধ্যে। পড়ে পাঠক হাসবেন, কাঁদবেন এবং আরও বেশি কিছু পাওয়ার জন্য ফিরে আসবেন বইটির কাছে।

এখানেই জন গ্রিনের মুনশিয়ানা। ২০১২ সালে প্রকাশের পরই বিশ্বব্যাপী বেস্টসেলারে পরিণত হয় দ্য ফল্ট ইন আওয়ার স্টারস। আড়াই কোটি কপির বেশি বিক্রি হয়েছে এটি এখন পর্যন্ত। অনূদিত হয়েছে অনেকগুলো ভাষায়। একাধিক চলচ্চিত্রও নির্মিত হয়েছে এ বইয়ের কাহিনি থেকে, হয়েছে মঞ্চনাটকও।

টিন রোমান্টিক ঘরানার দ্য ফল্ট ইন আওয়ার স্টারস-এর আগেও পাঁচটি উপন্যাস লিখেছিলেন গ্রিন। সব কটিই পাঠকপ্রিয়তা পেয়েছে, কিন্তু এই বই ছাড়িয়ে গেছে আগের সব িহসাব। নিশ্চয়তা আর অনিশ্চয়তার দোলাচলে জীবনকে উপভোগের মর্মস্পর্শী এ কাহিনি অনুভূতির এতটাই গভীরে নিয়ে যায় পাঠককে, একটিবারের জন্যও সেখান থেকে ফিরে আসার চিন্তা ঢোকে না মনে। সে জন্য প্রকাশের ১০ বছর পরও একটুও ভাটা পড়েনি বইটির জনপ্রিয়তায়।

এ বই সম্বন্ধে টাইম ম্যাগাজিনের মন্তব্য, ‘সাম্প্রতিক মার্কিন সাহিত্যে সবচেয়ে মৌলিক আর হৃদয়ছোঁয়া ভালোবাসার গল্প এটি।’ এন্টারটেইনমেন্ট উইকলির মতে, ‘এই দশকের শ্রেষ্ঠ প্রেমের গল্প’ দ্য ফল্ট ইন আওয়ার স্টারস। আর খ্যাতনামা লেখক মার্কাস জুসাক মনে করেন, জন গ্রিনের সেরা সৃষ্টি এটি।

চিন্তার গভীরতার দিক থেকে কতখানি অসাধারণ বই এটি, সেটির একটি নমুনা দেওয়া যাক:

‘আবার কি দেখা হতে পারে আমাদের?’ জানতে চাইল সে।

‘নিশ্চয়ই।’

‘কাল?’

‘ধৈর্য ধরো।’ কৃত্রিম ভর্ৎসনার সুরে বললাম, ‘বাড়াবাড়ি আগ্রহ দেখানো ভালো নয়।’

‘এ জন্যই আগামীকালের কথা বললাম, নইলে বলতাম আজ রাতের কথা।’

অনুবাদের জগতে বর্তমান সময়ে নির্ভরযোগ্য নাম মোস্তাক শরীফ। মূল রস অক্ষুণ্ন রেখে দ্য ফল্ট ইন আওয়ার স্টারস-এর সংক্ষিপ্ত, সাবলীল, ঝরঝরে রূপান্তরের মাধ্যমে নিজের সুনাম বজায় রেখেছেন তিনি। সে কারণে পঠনসুখের এক অভিজ্ঞতা হয়ে উঠেছে তুমি রবে নীরবে।

তুমি রবে নীরবে

জন গ্রিন

দ্য ফল্ট ইন আওয়ার স্টারস অবলম্বনে রূপান্তর: মোস্তাক শরীফ

প্রকাশক: প্র প্রকাশন, প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০২৩, প্রচ্ছদ: সব্যসাচী মিস্ত্রী, ১১৯ পৃষ্ঠা, দাম: ৩০০ টাকা।

তুমি রবে নীরবে বইটি পাওয়া যাচ্ছে

prothoma.com এবং মানসম্মত 

বইয়ের দোকানে।