জঙ্গিবাদের শিকড় সন্ধান ও জীবন জয়ের আখ্যান

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শিক্ষা-সংস্কৃতি—হাজার বছরের সামাজিক অনুশীলনের প্রতি নির্দয় হুমকি হয়ে ওঠা জঙ্গিবাদের উৎস সন্ধান করেছেন লেখক মনিরুল ইসলাম।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবন জয়ী হবে—প্রয়াত দার্শনিক অধ্যাপক সরদার ফজলুল করিম জীবনভর এ বিশ্বাসের কথা বলেছেন। ব্যক্তিগত ও জাতীয় জীবনের দৈবদুর্বিপাক, সংকট, এমনকি মেঘে ঢাকা অন্ধকার সময়েও তিনি অবিচল বিশ্বাসে উচ্চারণ করেছেন এই বাণী—জীবন জয়ী হবে। মনিরুল ইসলামের ‘পীড়নে পীড়িত জীবন’ নামের বইটির প্রতিটি পাতায় সেই মানুষের বিজয়ের গল্প।

বাংলাদেশ পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তা, স্পেশাল ব্র্যাঞ্চের প্রধান মনিরুল ইসলাম ছিলেন পুলিশের ‘কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম’ ইউনিটের প্রতিষ্ঠাতা প্রধান। তাঁর নেতৃত্ব বাংলাদেশে জঙ্গিবাদ দমনে বড় ভূমিকা রেখেছে। এ ভূখণ্ডে জঙ্গিবাদের শিকড়ের সন্ধান অনুসন্ধিৎসু মন নিয়ে যে তিনি খুব ভালোভাবেই করেছেন, সেই ধারণা পাঠক পাবেন তাঁর বইয়ের জঙ্গিবাদ নিয়ে তিনটি পৃথক নিবন্ধে। ‘হলি আর্টিজানের ভূতেরা’ শীর্ষক গল্প দিয়ে বইয়ের সূচনা। রাজধানীর হলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালের ১ জুলাই রাতে ধর্মান্ধ সন্ত্রাসী গোষ্ঠী দুজন পুলিশ কর্মকর্তাসহ দেশি-বিদেশি মোট ২২ জনকে হত্যা করে। হলি আর্টিজানের সেই নৃশংস হত্যাকাণ্ডের কুশীলবেরা গল্পের মূল চরিত্র। আবু ওমায়ের, আবু রফিক, আবু শামা, আবু দুজানা, আবু মুসলিম—সবাই উপস্থিত; উপস্থিত তাদের নিষ্ঠুরতা, হিংস্রতা আর পৈশাচিকতা নিয়ে। তবে এত কিছুর পরও শেষ পর্যন্ত মানুষ আবু ওমায়ের পাঠকের কাছে জীবন্ত হয়ে ওঠে, ‘হঠাৎ মায়ের কাছে যাওয়ার ইচ্ছা হয় তার। পালানো যাবে কি? সোজা মায়ের কাছে চলে যাবে। মাকে জড়িয়ে ধরবে। সশব্দে কাঁদতে ইচ্ছা হয় তার। চোখটা ভিজে আসে।’ ধর্মান্ধ, খুনি আবু ওমায়েরের এ দিকও উঠে এসেছে গল্পে।

জঙ্গিবাদে উদ্বুদ্ধ হওয়ার ছয়টি ধাপ চিহ্নিত করে লেখক এ ব্যাধি মুক্তির নিদান হিসেবে জোর দিয়েছেন সামাজিক বন্ধন, সাংস্কৃতিক আন্দোলন, সুস্থ বিনোদন ও সন্তানের প্রতি পরিবারের নিবিড় যত্নের ওপর।

এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শিক্ষা-সংস্কৃতি—হাজার বছরের সামাজিক অনুশীলনের প্রতি নির্দয় হুমকি হয়ে ওঠা জঙ্গিবাদের সুলুক সন্ধান করেছেন লেখক পেশাগত দায়বদ্ধতা থেকে। ব্যক্তিগত অভিজ্ঞতায় ঋদ্ধ মনিরুল ইসলাম ‘বাংলাদেশে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের সাম্প্রতিক প্রবণতা’ শীর্ষক প্রবন্ধে এ দেশে জঙ্গিবাদের উত্থানের কারণ, ব্যাপ্তি, কৌশল ও মতাদর্শ নিয়ে যেমন আলোকপাত করেছেন, তেমনি এই বৈশ্বিক মহামারি থেকে বের হয়ে আসার বাস্তব পথও খুঁজে বের করার চেষ্টা করেছেন। প্রচলিত ধারণায়, এত দিন জঙ্গিবাদের উৎসমূল হিসেবে মাদ্রাসা শিক্ষাকে দায়ী করা হয়েছে, লেখক সেই পুরোনো ধারণা ভেঙে দিয়ে তথ্যপ্রমাণসহ নতুন দৃষ্টিভঙ্গি দাঁড় করিয়েছেন। জঙ্গিবাদের সাম্প্রতিক প্রবণতা বিশ্লেষণ করে, জঙ্গিদের ব্যক্তিগতভাবে জিজ্ঞাসাবাদ করে লেখক তথ্য–উপাত্তসহ হাজির করেছেন নতুন দৃষ্টিভঙ্গি। শুধু মাদ্রাসা বা দারিদ্র্য নয়, বিশ্বায়ন আর তথ্যপ্রযুক্তির অভিঘাতে এ দেশের ধনাঢ্য পরিবারের ইংরেজি মাধ্যম/সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণ-তরুণীরাও জঙ্গিবাদে জড়িয়ে পড়ছেন। জঙ্গিবাদে উদ্বুদ্ধ  হওয়ার ছয়টি ধাপ চিহ্নিত করে লেখক এই ব্যাধি মুক্তির নিদান হিসেবে জোর দিয়েছেন সামাজিক বন্ধন, সাংস্কৃতিক আন্দোলন, সুস্থ বিনোদন ও সন্তানের প্রতি পরিবারের নিবিড় যত্নের ওপর। ‘মৃত্যু নয় ক্যামেরার সামনে’ শীর্ষক নিবন্ধে সহকর্মী ‘সোয়াট’ টিমের সদস্যদের প্রতি প্রকাশ পেয়েছে লেখকের শ্রদ্ধা, সম্মান আর সহমর্মিতা।

পীড়নে পীড়িত জীবন, মনিরুল ইসলাম প্রকাশক: শব্দশৈলী, প্রকাশনী প্রথম প্রকাশ: মার্চ, ২০২১, প্রচ্ছদ: হিমেল হক, দাম: ৩০০ টাকা।

মোট ২২টি পৃথক শিরোনামের গল্প/নিবন্ধের ভেতর ব্যক্তিগত স্মৃতিকথা স্থান পেয়েছে বইটিতে। ‘নাছোড়বান্দা মায়ের কারণে’ শীর্ষক স্মৃতিকথায় গোপালগঞ্জের নিভৃত গ্রামে লেখকের বেড়ে ওঠা, পরবর্তীকালে ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন, বিসিএস (পুলিশ) ক্যাডার হিসেবে চাকরিতে যোগদান—মোটাদাগে লেখকের পুরো জীবন উপস্থিত। তবে এ কথাও ঠিক, লেখকের চেয়ে অনেক শক্তিশালীভাবে উপস্থিত এক ‘নাছোড়বান্দা মা’, যিনি তাঁর সন্তানকে সেই গ্রাম থেকে আজ অবধি পরম মমতায় নিজ আঁচলে বন্দী রেখেছেন। পাঠকের মনে বিশেষভাবে দাগ কাটে গ্রাম থেকে মায়ের পাঠানো টাকার সঙ্গে আসা চিঠি, এর–ওর হাত দিয়ে বাড়ি থেকে টাকা আসে। সঙ্গে মাত্রা টেনে টেনে গোটা হাতের লেখা মায়ের চিঠি, ‘টাকার চিন্তা করিও না, ভিটেবাড়ি বিক্রি করে হলেও তোমাকে পড়াব।’ এরপর এপিগ্রাম হিসেবে লিখেছেন, ‘পৃথিবীর সব কিছু বদলায়, বদলায় না শুধু সন্তানের প্রতি মায়ের নিঃস্বার্থ ভালোবাসা। এই মমতাময়ী মা আমার মা, পৃথিবীর সব মায়েরই প্রতিচ্ছবি একই রকম।’ লেখকের নাছোড়বান্দা মা তাঁর একলা মা নন। বাংলাদেশের সত্তরের দশকে জন্ম নেওয়া গ্রামীণ কৃষক পরিবার থেকে উঠে আসা প্রত্যেক উচ্চশিক্ষিত সন্তানেরই মা মূর্ত হয়ে উঠেছেন লেখকের দরদি কলমের আঁচড়ে। একইভাবে ওয়াশিংটন ডিসি সফর নিয়ে লেখা ‘আমেরিকা’ শীর্ষক স্মৃতিকথায়ও দেখা মেলে এক সর্বজনীন মায়ের, যিনি বিদেশবিভূঁইয়ে নিজে গাড়ি চালিয়ে ভিনদেশি এক বঙ্গ সন্তানকে গভীর রাতে হোটেলে পৌঁছে দেন।

সমকালীন বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ মানুষ করেছে করোনাকালে। করোনার সময়ে লেখা সাতটি পৃথক নিবন্ধে স্থান পেয়েছে ঘরবন্দী মানুষের জীবনের টানাপোড়েন, করোনার হিংস্র থাবায় লন্ডভন্ড সামাজিক মূল্যবোধ, নগ্ন সত্যের মতো মানুষের নিষ্ঠুরতা—করোনা রোগী সন্দেহে মা–বাবাকে ফেলে সন্তানের পালিয়ে যাওয়া, প্রতিবেশীর হৃদয়হীনতা, বাড়িওয়ালা-ভাড়াটে দুর্বিষহ সম্পর্ক, আরও কত কী! এর বিপরীতে মানুষের মানবিকতার গল্পও তৈরি হয়েছে সেই বৈরী সময়ে। পুলিশের মানবিক কর্মকাণ্ড হৃদয় জয় করেছে সাধারণ মানুষের। সম্মুখসারির যোদ্ধা—চিকিৎসক, সাংবাদিক, পণ্য সরবরাহের সঙ্গে যুক্ত শ্রমজীবী মানুষ কী অসীম সাহসিকতারই না পরিচয় দিয়েছেন! সেই বদলে যাওয়া অন্ধকার সময়েও লেখক বারবার আশার কথা শুনিয়েছেন; মানুষের বিজয়ের বিষয়ে নিজের প্রত্যয় ব্যক্ত করেছেন, সেই আশাবাদ মিথ্যা হয়নি। ‘পীড়নে পীড়িত জীবন’ শিরোনামের নিবন্ধের খোঁজ মেলে একেবারে শেষ অধ্যায়ে। পুলিশের পেশাগত জীবনের নানা পীড়ন ও তার প্রতিকার নিয়ে সুচিন্তিত পরামর্শ লেখক দিয়েছেন নিজের অভিজ্ঞতা থেকে।

 বিভিন্ন বিষয়ের ওপর লেখা এসব প্রবন্ধ/নিবন্ধে ইংরেজি সাহিত্যের প্রাক্তন শিক্ষার্থী মনিরুল ইসলামের বিস্তৃত পঠনপাঠনের দীপ্তি মেলে। বিভিন্ন বিষয়ে আর্নেস্ট হেমিংওয়ে, লিও টলস্টয়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, ম্যাক্সিম গোর্কি, ফিওদর দস্তয়ভস্কির কথা এসেছে প্রাসঙ্গিকভাবে। তিনি সহজ-সরল গদ্যে নিজের ভাবনা বিনিময় করেছেন পাঠকের সঙ্গে। লেখক-পাঠকের অনায়াস সংযোগ সাধনের সক্ষমতা বিশেষভাবে চোখে পড়ে। ভাষার পরিমিত ব্যবহার বইটিকে করেছে সুখপাঠ্য। ‘আ টেল অব টু সিটিজ’ উপন্যাসের সূচনা থেকে উদ্ধৃতি দিয়ে যেভাবে করোনাকালের চিত্র এঁকেছেন, তাতে লেখকের মুন্সিয়ানার পরিচয় মেলে। বিভিন্ন নিবন্ধে আছে এপিগ্রামের ব্যবহার। বিষয়বৈচিত্র্য পাঠককে আকৃষ্ট করে। বিশেষভাবে বাংলাদেশের জঙ্গিবাদ বিষয়ে জানতে আগ্রহী পাঠক বইটিকে প্রামাণ্য দলিল হিসেবে গ্রহণ করতে পারেন। দুই মলাটের সুন্দর প্রচ্ছদে ঝকঝকে ছাপার এই ১৪২ পৃষ্ঠার বইয়ের প্রতিটি পাতায় আছে মানুষের জয়গান—

মানুষেরই রোদে,

বহু দুর্দিনের শীত মানুষ হয়েছে পার

সার্থকতাবোধে।

[মানুষের কেউ কেউ—পূর্ণেন্দু পত্রী]