কাব্যধারা ও জাতীয় ইতিহাসের মেলবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুদরত-ই-হুদার সদ্য প্রকাশিত জাতীয়তাবাদী চিন্তার বিকাশ: বাংলাদেশের ষাটের দশকের কবিতা গ্রন্থে জাতীয় ইতিহাসের সাপেক্ষে কবিতার ইতিহাস রচিত হয়েছে। বাংলাদেশের কাব্যপাঠের ধারায় এ ধরনের উদ্যোগ নতুন নয়। বরং বলা যাবে, জাতীয় ইতিহাসের—বিশেষত আন্দোলন-সংগ্রামের প্রত্যক্ষতায় কাব্যপাঠই এখানকার সমালোচনা-সাহিত্যের প্রধান ধারা। কিন্তু কুদরত-ই-হুদা যেভাবে একটা পরিকল্পনার অধীনে অন্তত তিন দশকের কবিতার বিচার-বিশ্লেষণ করেছেন, তা বিশেষভাবে গুরুত্ববহ হয়েছে।

ইতিহাসের বর্তমানময়তার সঙ্গে মিলিয়ে সাহিত্যপাঠের বেশ কিছু ঝুঁকি আছে। তার মধ্যে প্রধানটি এই যে এ ধরনের পাঠপদ্ধতিতে সাহিত্যকর্ম ইতিহাসের প্রতিষ্ঠিত বয়ানের অধীন হয়ে উঠতে পারে। তা ছাড়া কবিতার ভাষা ও নান্দনিকতার পরিবর্তে বিষয়গত দিকগুলো সাধারণত এ ধরনের পাঠে প্রাধান্য পায়। এ দুই বৈশিষ্ট্য হুদার রচনায়ও আছে। তবে তিনি এ দুই ব্যাপারে বেশ সতর্ক ছিলেন বলে তাঁর পরিকল্পনা ও বিবরণীতে প্রমাণ পাওয়া যায়। কাব্যধারাকে ইতিহাসের প্রত্যক্ষতার ক্ষেত্র হিসেবে না দেখে তিনি পরোক্ষ ও অন্তর্লীন প্রভাবের ক্ষেত্র হিসেবেই মূলত দেখেছেন। তদুপরি কাব্যের নন্দনতাত্ত্বিক বিভিন্ন অনুষঙ্গ কীভাবে কাব্যকলার অঙ্গীভূত থেকেই সময়ের গভীর-গভীরতর উৎসারণ হিসেবে তাৎপর্যবহ হয়েছে, সেদিকেও বিশেষ নজর রেখেছেন।

ষাটের দশকের কাব্যবয়ান হিসেবে পরিকল্পিত হলেও লেখক শুরু করেছেন আসলে অন্তত চল্লিশের দশক থেকে এবং ঠিক কাজটিই করেছেন। আদিতে এ অঞ্চলের জনমানুষের জাতীয়তাবোধের উন্মেষ প্রবলভাবে সূচিত ও প্রকাশিত হয়েছিল বিশ শতকের চল্লিশের দশকে। পাকিস্তান আন্দোলনকে কেন্দ্র করে বিকশিত সেই বোধ সাহিত্যেও বিচিত্রভাবে অনূদিত হয়েছে। বর্তমান গ্রন্থের তত্ত্বীয় পটভূমি হিসেবে এবং কাব্যধারার পূর্বতন নজির হিসেবে লেখক ওই সময় ও কাব্যের মোটামুটি বিস্তৃত পরিচয় দিয়েছেন। সাধারণভাবে এ সময়ের জাতীয়তাবাদী ইতিহাস ও কাব্যকে পরবর্তীকালে বিকশিত বাঙালি জাতীয়তাবাদী ঘরানার ইতিহাস ও কাব্যের সঙ্গে বৈপরীত্যের মেজাজে দেখা হয়ে থাকে। এ বইয়ের লেখকও বস্তুত তা–ই করেছেন। তবে অন্য অনেক বিবরণীতে পূর্বতন ধারার প্রতি যে বিদ্বেষপূর্ণ ভাব পরিলক্ষিত হয়, বর্তমান বইতে তা নেই।

ফলে বলতেই হবে, আমাদের বহুচর্চিত জাতীয়তাবাদী বয়ানের ধারা এ গ্রন্থে খানিকটা হলেও সম্প্রসারিত হয়েছে; অথবা বলা যায়, সম্প্রসারিত ধারার ওপরই কুদরত-ই-হুদা অধিকতর নির্ভর করেছেন। তাঁর এই ‘লিবারেল’ ও প্রসারিত দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায় আরেক দিক থেকেও। পঞ্চাশ ও ষাটের দশকের কবিতায় যে নতুন চৈতন্যের প্রতিফলন ঘটছিল, তা অনেক সময়ই কেবল জাতীয়তাবাদী ধ্যানধারণা থেকে বর্ণিত হয়ে থাকে। হুদার তত্ত্বায়নে ও কাব্যালোচনায় বামপন্থী ধারাগুলোও যথেষ্ট গুরুত্ব পেয়েছে। তার প্রমাণ যে কেবল ইতিহাসের বিবরণীতে আছে তা নয়, যেসব ধারণা ও দৃষ্টিভঙ্গি থেকে তিনি কাব্যের আলোচনা করেছেন, সেখানেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানা প্রকার বামপন্থী উপকরণ ভিড় করেছে।

অবশ্য, বাংলাদেশের ইতিহাস ও কাব্যপাঠের অন্তত দুই প্রস্থ বড় জটিলতা অন্য সব আলোচনার মতো এ গ্রন্থেও অমীমাংসিতই থেকে গেছে। সাতচল্লিশপূর্ব ইতিহাসের ‘মুসলমান’ প্রসঙ্গ পাকিস্তান রাষ্ট্রে ‘ইসলাম’ প্রসঙ্গ হয়ে উঠেছিল, আর আমাদের প্রায় যাবতীয় জাতীয় ইতিহাসে তাকে ‘ইসলাম’ প্রসঙ্গ হিসেবেই দেখা হয়েছে। কার্যত এ দুইয়ের মধ্যে নানামাত্রিক পার্থক্য আছে; আর সে পার্থক্য রক্ষা করা জরুরিও ছিল। তাহলে সাতচল্লিশের মধ্যবিত্ত পূর্ব বাংলায় বায়ান্নতে এসে এতটা বদলে গেল কীভাবে, তা নিয়ে অত বিস্ময় প্রকাশ করতে হতো না; আর বদলটাকেও এক শ আশি ডিগ্রি ভাবতে হতো না। অন্যদিকে পঞ্চাশ ও ষাটের দশকের কবিতাকে জনগোষ্ঠীর পশ্চিমায়ন, নগরায়ণ ও আধুনিকায়নের তরফে ব্যাখ্যা না করে কেবল জাতীয়তাবাদী ঘরানায় ব্যাখ্যার যে প্রবল প্রতাপ, কুদরত-ই-হুদার ন্যারেটিভও তাকেই অনুসরণ করেছে।

তবে মূলধারার সম্প্রসারিত বয়ান নির্মাণ করে হুদা যখন কাব্যালোচনা করেছেন, তখন তাতে কাব্যবোধের সূক্ষ্মতা ও নিবিষ্টতার কারণেই অনেক নতুন উপকরণ যোগ করতে পেরেছেন। যেমন রবীন্দ্রনাথ, একুশে ফেব্রুয়ারি, পয়লা বৈশাখ ইত্যাদির পাশাপাশি তিনি খুব মুনশিয়ানার সঙ্গে নদী, প্রকৃতি, গ্রামজীবন, বিষণ্নতা, অবরুদ্ধতার বিরুদ্ধে অন্তর্লীন প্রতিবাদ ইত্যাদি উপকরণকে জাতীয়তাবাদী চৈতন্যের কাব্যিক প্রকাশ হিসেবে ব্যাখ্যা করেছেন। তার মানেই হলো, কবিতার বিশ্লেষণ শুধু যে জাতীয়তাবাদী বয়ানকে অনুসরণ করেছে তা নয়, কোথাও কোথাও খোদ ওই বয়ানকে প্রসারিতও করেছে। কবিতার শিল্পরূপসম্পর্কিত একটা গোটা অধ্যায় যুক্ত হওয়ায় কাব্যালোচনা হিসেবে বইটি, বলা যায়, নিজের স্বভাব রক্ষা করেছে।

কুদরত-ই-হুদা বিবরণী রচনা করেছেন অন্তরঙ্গ খোশমেজাজে। শব্দ সঞ্চয় করেছেন বোঝাবুঝির দিক থেকে—‘জারগন’ বা পরিভাষার গোলামি না করে। কাজেই বইটিতে থিসিসের দৃঢ়তা ও কাব্যালোচনার কোমলতা একসঙ্গে রক্ষিত হয়েছে। পড়ার আরাম আর প্রাপ্তির দিক থেকে এ মেলবন্ধনও খুব কাজের হয়েছে।

জাতীয়তাবাদী চিন্তার বিকাশ: বাংলাদেশের ষাটের দশকের কবিতা 

কুদরত-ই-হুদা

প্রকাশক: বাংলা একাডেমি, ঢাকা 

প্রকাশকাল: জুন ২০২২; প্রচ্ছদ: সব্যসাচী হাজরা; ৪২১ পৃষ্ঠা; দাম: ৪০০ টাকা।

বইটি পাওয়া যাবে

prothoma.com এবং মানসম্মত

বইয়ের দোকানে।