একুশের সংস্কৃতির পাটাতনে রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে বাংলা নামের দেশটি পূর্ব পাকিস্তান থেকে একলহমায় ‘বাংলাদেশ’ হয়ে ওঠেনি। এর পেছনে বাঙালির দীর্ঘ দিনের রাজনৈতিক সংগ্রাম ছিল। কিন্তু রাজনৈতিক সংগ্রামকে বছরের পর বছর পরিপুষ্টি জুগিয়ে তাকে ডাঙর করে তুলেছিল সাংস্কৃতিক সংগ্রাম। বলা যায়, রাজনৈতিকে তার অভীষ্ট পরিণতির দিকে ধাবিত করেছিল সে সময়ের সাংস্কৃতিক কর্মকাণ্ড। ১৯৫২ সালে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষে আমরা নতুনভাবে জেগে উঠেছিলাম, এটি জানা কথা। তবে এই বাঙালি জাতীয়তাবাদকে সংহতি দেওয়ার ক্ষেত্রে সাংস্কৃতিক সংগ্রাম পেয়েছিল পোক্ত এক পাটাতন। সে পাটাতনের নাম একুশে ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনের রক্তস্নাত দিনটিকে ঘিরে একাত্তর-পূর্ববর্তী বিরুদ্ধ সময়ে বাঙালি যে নিজের সাংস্কৃতিক রাজনীতি উন্মোচনের এক বড় উপলক্ষ তৈরি করে নিয়েছিল, তা নিয়ে আর সন্দেহ কী!

মতিউর রহমান সম্পাদিত বিদ্রোহী বর্ণমালা পড়ে, এর লেখাজোখা হেফজ করার পর এ বিষয়ে আর ধন্দের অবকাশ মেলে না। পাশাপাশি আপাত ‘নিরীহ’ বাতাবরণে সাংস্কৃতিক সংগ্রাম কেমন করে তীব্র রাজনৈতিক হয়ে ওঠে, তারও অজস্র প্রমাণ দাখিল হয়ে থাকতে দেখি এতে।

বিদ্রোহী বর্ণমালা মূলত একুশের সংকলন। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের ১৯৬৪ থেকে ’৭০ অবধি কয়েক বছরের একুশের সংকলন (প্রতিধ্বনি, ১৯৬৪; ঝড়ের খেয়া, ১৯৬৬; সূর্য জ্বালা, ১৯৬৭; অরণি, ১৯৬৮; নিনাদ, ১৯৬৯, একুশে স্মরণে, ১৯৭০) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদের ১৯৬৮ থেকে ’৭০ পর্যন্ত প্রকাশিত একুশের সংকলন (দিনের রৌদ্রে আবৃত বেদনা, ১৯৬৮; বজ্রে বাজে বাঁশী, ১৯৬৯; একুশে স্মরণে, ১৯৭০)—সব কটি এক মলাটে জায়গা পেয়েছে এখানে। বিদ্রোহী বর্ণমালার সম্পাদক মতিউর রহমান এসব সংকলনের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন। তখন তিনি ছিলেন ছাত্র ইউনিয়ন ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদের রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মী। সে সূত্রে এ বইয়ের ভূমিকায় তাঁর ভাষ্য, ‘দিনরাত এক করে ছাত্র ইউনিয়ন ও সংস্কৃতি সংসদের এ সংকলনের কাজগুলো আমরা করেছি।...সেসব স্মৃতি এখন আনন্দ দেয়, উৎসাহিত করে। আসলে সেই সময়গুলো বর্তমান ও পূর্ববর্তী প্রজন্মের জন্য হয়ে আছে এক সেরা সময়ের ইতিকথা। সেই সেরা সময়গুলোকে এক মলাটে আনতেই বিদ্রোহী বর্ণমালার উদ্যোগ।’

এখানে সম্পাদক কি শুধুই ওই ‘সেরা সময়’গুলোকে মলাটবদ্ধ করেছেন, সেই পরাধীন পূর্ব পাকিস্তানে আমাদের সাংস্কৃতিক রাজনীতিকেও কি তিনি এখনকার মানুষের জন্য তুলে ধরেননি? যেমন ১৯৬৪ সালে প্রতিধ্বনিতে প্রকাশিত ‘যুগে যুগে আসবে, এসেছে’ নামের ছোট্ট লেখায় রণেশ দাশগুপ্ত রবীন্দ্রনাথের মুক্তধারা নাটকের ‘মুক্তিদূত’ অভিজিতের প্রসঙ্গ তুলে একই সমান্তরালে বলেছেন ভাষাশহীদদের কথা, ‘মুক্তিদূত অভিজিতেরা আসবেই। এসেছে। এসেছে শহীদ সালাম, বরকত, জব্বার, শফিক, রফিক, আওয়াল এবং আরও অনামিরা। আসবে যুগে যুগে।’

বিদ্রোহী বর্ণমালা

সম্পাদক: মতিউর রহমান

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: অক্টোবর ২০২১

প্রচ্ছদ: অশোক কর্মকার, ৪৫০ পৃষ্ঠা

দাম: ৫০০ টাকা।


বইটি পাওয়া যাচ্ছে

prothoma.com এবং মানসম্মত বইয়ের দোকানে।

এর বছর কয়েকের মধ্যেই যে লাখো ‘মুক্তির দূত’ মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটি স্বাধীন করে ফেলবেন, তা হয়তো রণেশ দাশগুপ্ত জানতেন। আর জানতেন বলেই সেই সময় এ লেখার মধ্য দিয়ে বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে তিনি উসকে দিতে চেয়েছেন।

এমন বিস্ফোরণোন্মুখ অনেক লেখা আছে এসব সংকলনে। আছে গণসংগীতশিল্পী আবদুল লতিফের বিখ্যাত সেই ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ গানটি। বলা ভালো, সংকলনগুলোকে কেন্দ্র করে সে সময়ের প্রগতিশীল কবি-সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবীরা মেতে উঠেছিলেন এক দুরন্ত জঙ্গমে। কবি-লেখকদের মধ্যে জসীমউদ্​দীন, সুফিয়া কামাল, সিকান্দার আবু জাফর, শহীদুল্লা কায়সার, শামসুর রাহমান, আলাউদ্দিন আল আজাদ, সন্তোষ গুপ্ত, আনিসুজ্জামান, মাহামুদ আল জামান, মালেকা বেগম—তালিকা বহু দূর বিস্তৃত। আর শিল্পীদের ভেতরে জয়নুল আবেদিন, কামরুল হাসান, আমিনুল ইসলাম, দেবদাস চক্রবর্তী, নিতুন কুন্ডু, কাইয়ুম চৌধুরী, মুর্তজা বশীর, রশীদ চৌধুরী, আবদুল মুকতাদির, হাশেম খান, রফিকুন নবী—কার নাম বাদ দেওয়া যাবে!

বিদ্রোহী বর্ণমালাভুক্ত দিনের রৌদ্রে আবৃত বেদনা সংকলনে ‘আমার স্বরের ডালে’ কবিতায় শামসুর রাহমান লিখেছেন, ‘বিশ্বেস করুন/ এ দেশের পোকামাকড়, জীবজন্তুগুলোসুদ্ধ ভীষণ অসুখী।’

এক ‘অসুখী’ সময়ের বিদ্রোহী ধারাভাষ্য মূর্ত হয়েছে সংকলনগুলোর লেখা আর আঁকায়। একুশের সংস্কৃতির বিমূর্ত পাটাতনে রাজনীতিকে কীভাবে মূর্ত করা যায়, লড়াই কীভাবে জারি রাখা যায়, তার জলজ্যান্ত দলিল বিদ্রোহী বর্ণমালা। বইয়ের ভূমিকায় ষাটের দশকের বামপন্থী রাজনীতির রেখাচিত্র এঁকে সম্পাদক যদিও বলেছেন, ‘আমাদের স্বপ্ন ও ভালোবাসার এ সংকলনগুলো তরুণ কোনো গবেষকের জন্য মূল্যবান দলিল হয়ে উঠতে পারে।’ তবু এ কথা নিশ্চয় বলা যাবে যে ভাষা আন্দোলনের ৭০ বছরে দাঁড়িয়ে এই বই কেবল গবেষকদের নয়, আমাদেরও নতুনভাবে জাগিয়ে তুলতে সক্ষম।