চোখে বইয়ের ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমর একুশে বইমেলায় তরুণ পাঠকেরা। ছবি: শুভ্র কান্তি দাশ
অমর একুশে বইমেলায় তরুণ পাঠকেরা। ছবি: শুভ্র কান্তি দাশ

এবারের বইমেলায়, এর অর্ধেক আয়ু ফুরিয়ে যাওয়ার আগে, গিয়েছি মাত্র একবার। থেকেছি মাত্র এক ঘণ্টা। এই এক ঘণ্টায় মেলাকে দেখা যায় বড়জোর পাখির চোখে। কিন্তু পাখিটা যখন ওড়ে বইমেলার আকাশে, ডানায় স্পর্শ পায় এর প্রাণের, ঐতিহ্যের; চোখজুড়ে থাকে এর বিত্তের আর মহিমার ছবি, তখন তার বয়ানটি খুব একটা অপূর্ণ থাকে না।

ফেব্রুয়ারির ২ তারিখ ছিলাম কলকাতার বইমেলায়। অনেক বড়, গোছানো এবং পেশাদারি ব্যবস্থাপনার মেলা। বড় প্রকাশকদের দোকানের সামনে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে পাঠকেরা বই কিনেছেন, মেলার দু-তিন মঞ্চে বিশাল মাপের অনুষ্ঠান হয়েছে। খুবই অনুপ্রাণিত হওয়ার মতো আয়োজন। অনুপ্রেরণার একটি কারণ, বিশেষ করে বাংলাদেশ থেকে অভিবাসী হয়ে পশ্চিমবঙ্গে যাওয়া পরিবারগুলোর মানুষজনের এবং আমাদের জন্য, বাংলাদেশের প্যাভিলিয়নটি, ঢাকার রোজ গার্ডেনের আদলে যেটি তৈরি। পুরো মেলাকে যেন অধিকার করে নিয়েছিল এই নান্দনিক স্থাপনাটি। সারা মেলায় অনেক খাবারের দোকান। মানুষজন ব্যাপক আনন্দ পাচ্ছিল খেতে খেতে ঘুরতে, অথবা ঘুরতে ঘুরতে খেতে। কলকাতা বইমেলার তুলনায় ঢাকার বইমেলার সীমাবদ্ধতা অনেক। কিন্তু যে জায়গায় ঢাকা ছাড়িয়ে গেছে কলকাতাকে, সেটি এর ঐতিহ্য। এই মেলার পেছনে আছে বায়ান্নর ইতিহাস, ভাষার জন্য আত্মত্যাগের উত্তরাধিকার। মেলায় গেলে আমি তাই অনুভব করি বায়ান্ন থেকে চলমান আমাদের ভাষা ও সংস্কৃতির ইতিহাসকে। এবারের মেলাটি স্থপতি এনামুল করিম নির্ঝর সাজিয়েছেন বায়ান্ন থেকে একাত্তরের বিজয় পর্যন্ত সময়কালের আয়নায়।

নির্ঝর বলেছিলেন, পরিসর বাড়বে, আরও পাঠকবান্ধব হবে মেলাটি। পরিসর তো বেড়েইছে, পাশাপাশি বিজয় স্তম্ভ এবং জলাধারটি ঢুকে পড়েছে মেলায়।

একটি ঘণ্টা আমি ঘুরেছি, মোড়ক উন্মোচন মঞ্চে উঠেছি, অন্যপ্রকাশের স্টলে প্রিয় লেখক হরিশংকর জলদাসের সঙ্গে বসে আড্ডা দিয়েছি। কয়েকজন পাঠক আমার বই কিনতে চেয়েছেন। আমি সসংকোচে তাঁদের বলেছি, আমার থেকে অনেক ভালো লেখক আছেন, তাঁদের বই কিনুন। বইমেলায় পাঠকদের ভালোবাসা দেখেছি লেখকদের জন্য। এই অভিজ্ঞতার তুলনা নেই।

পরিবার নিয়ে এসেছেন অনেকে, একা অথবা সবান্ধব এসেছেন আরও অনেকে। কেউ কিনেছেন বই, বাকিরা ঘুরে বেড়িয়েছেন, বই দেখেছেন। তাঁদের হাতে বইয়ের পোঁটলা ছিল না, কিন্তু চোখে ছিল বইয়ের গভীর ছায়া। বইমেলা আসলেই প্রাণের মেলা। বই হচ্ছে মেলার প্রাণ, আর এই প্রাণের সঙ্গে যুক্ত আমাদের সংস্কৃতির প্রাণপ্রবাহ। কত বই ছাপা হলো, বিক্রি হলো—এই পরিসংখ্যান ছাপিয়ে আমার কাছে বড় হয়ে ওঠে, কত প্রাণ এই মেলায় এসে স্পন্দিত হলো—এই অপরিসংখ্যানটি। এটি মেপে দেখার মতো নয়।