সাধুর আশ্রমে এক ধর্মতাত্ত্বিক এসেছেন। তাঁর সঙ্গে কথা বলার সময় সাধু শুনতে পেলেন, আশ্রমের পেছন থেকে একটা ঘোড়ার আওয়াজ আসছে।
‘আপনি কি ঘোড়ায় চড়ে এসেছেন?’
‘জি।’
‘ঘোড়াটাকে কোথায় বেঁধে রেখেছেন?’
‘বেঁধে রাখিনি। আমি ঈশ্বরে আস্থা রাখি। ঘোড়াটাকে তাঁরই তত্ত্বাবধানে রেখে এসেছি।’
এবার সাধু বিস্মিত হয়ে লোকটাকে বললেন, ‘আপনি গিয়ে ঘোড়াটাকে গাছের সঙ্গে বেঁধে রেখে আসেন। যেসব কাজ আপনি নিজেই পারেন, সেটা ঈশ্বরকে দিয়ে করাবেন না।’
‘তুচ্ছ কাজ’ নামের এই গল্প রায়হান রাইনের কথাপুষ্প: প্রজ্ঞাবানদের বলা গল্প বইয়ের। প্রচ্ছদে ঋষি, সন্ন্যাসী, ব্রাহ্মণসহ বিভিন্ন চরিত্রের প্রতীকী স্কেচে বইয়ের নামটি সুন্দরভাবে ফুটে উঠেছে। গল্প, নাম, প্রচ্ছদের কথা পড়ে পাঠক নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন, প্রজ্ঞাবান কথক—যাঁরা ঘটনা বা দৃশ্য দেখেন সাধারণের বাইরে প্রজ্ঞার দৃষ্টি দিয়ে, তাঁদের বলা বা তাঁদের নিয়ে যুগ যুগ ধরে প্রচলিত গল্প নিয়েই এ বই।
ছোট ছোট গল্পের প্রিজমের মতো; ভাবনায় নানান দৃষ্টিকোণ থেকে বিচ্ছুরণ ঘটায়; অন্ধকার পথের ওপর ফেলে আলো। যেখানে আপাত কোনো পথ নেই, সেখান থেকেও কয়েকটা পথ তৈরি হয়ে যায়। জীবন, হৃদয় ও চিন্তার যেসব দরজা নানা কার্যকারণে বন্ধ মনে হয়, একেকটি গল্প যেন সেগুলো খোলার একেকটা চাবি।
গল্পের মোড়ক প্রজ্ঞাবানদের এসব দার্শনিক জীবনবোধ ও উপলব্ধি অনুধাবন করে পাঠকের এ কথা মনে হবে যে ‘বাহ্! এ যেন আমার জন্যই বলা!’ ঘটনা, দৃশ্যপট বা সংলাপের মধ্য দিয়ে হয়ে ওঠা এসব গল্পের গভীর অন্তর্দৃষ্টি পাঠকের মধ্যেও শেষাবধি ছড়িয়ে পড়ে। কোনো কোনো গল্প দেয় জীবনের বৈষয়িক নানা সমস্যার মহত্তর সমাধান।
কথাপুষ্প: প্রজ্ঞাবানদের বলা গল্প
রায়হান রাইন
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২২
প্রচ্ছদ: মাসুক হেলাল
১৯২ পৃষ্ঠা
দাম: ৩৮০ টাকা।
বইটি পাওয়া যাচ্ছে
prothoma.com এবং মানসম্মত বইয়ের দোকানগুলোতে।
বইটিতে বুদ্ধকে নিয়ে বলা গল্প যেমন আছে, তেমনি আছে মওলানা রুমি, রাবেয়া বসরি, খাজা মুহাম্মদ বাকি বিল্লাহ, মহিদাস ঐতরেয়র গল্পসহ বিভিন্ন ঋষি, সাধু, সন্ন্যাসী ও ব্রাহ্মণকে নিয়ে গল্প। যেমন: ‘ঐশী প্রেম’, ‘হারানো সুই’, ‘তিনটি মাছ’, ‘সাধু ও তার শিষ্য’, ‘ঘটনা’, ‘শিষ্যত্ব’, ‘চরৈবেতি’ প্রভৃতি। বুদ্ধকে নিয়ে লেখা গল্পে যেমন বৌদ্ধচিন্তা ও প্রজ্ঞার প্রকাশ পেয়েছে, তেমনি সাধু, ঋষিদের গল্পে তাঁদের ভাব, সাধনা ও জীবনদর্শনের প্রতিফলন ঘটেছে। এ ছাড়া, রাজা, রাজপুত্র, ব্যবসায়ী, কাঠুরে, নাপিত, ভিক্ষুকের গল্পের পাশাপাশি সাধারণের মধ্যে প্রচলিত বিভিন্ন গল্পও এখানে স্থান পেয়েছে। বহুকাল ধরে চলে আসা এসব গল্পের কথকেরা তাঁদের অভিজ্ঞতা, কল্পনাশক্তি ও উপলব্ধির মধ্যমে সাধারণ ঘটনার মধ্যে ফুটিয়ে তুলেছেন অসাধারণ ব্যঞ্জনা। যেমন: তারা মাছ, দৃষ্টিকোণ, মথ ও দীপশিখা, বন্ধু, প্রতিজ্ঞা রক্ষা, সন্দেহ, লক্ষ্য, একই দুঃখে, স্বপ্ন—এর মতো গল্প।
১৮১টি গল্পে সাজানো এই বই। সব গল্পই অবয়বে সংক্ষিপ্ত। তবে চিন্তায় এর প্রভাব সুদূরবিস্তারী। এদিক থেকে গল্পগুলো ইশপের গল্প ও জেনগল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে প্রকরণগতভাবে ইশপের গল্পের সঙ্গে মেলে না। স্বভাবের দিক থেকে এগুলোকে জেন গল্পের সমগোত্রীয় বলা যেতে পারে। এসব গল্পের অনেকগুলো হয়তো আপনি শুনেছেন, তবে একটু ভিন্নভাবে। মানুষের মুখে মুখে ঘুরে ফেরা এসব গল্প সময়ের পরিক্রমায় নিয়েছে নানান চেহারা। কোনো কোনো গল্প পড়ে মনে হবে, কোনো ব্যক্তি নয়, যেন জীবনই লিখেছে এসব। কিছু গল্পের জন্ম আবার মনীষীদের অভিজ্ঞতা ও উপলব্ধি থেকে। গল্পগুলো পাঠককে ভিন্ন উপলব্ধির পাশাপাশি জীবনকে ইতিবাচকভাবে দেখতে ও বুঝতে অনুপ্রাণিত করবে। জীবনের অর্থপূর্ণতার খোঁজ মিলে যাওয়ায় কারও কারও মন হবে উদ্দীপ্ত। পৃথিবীর এসব গল্পে আছে মূলত জীবনেরই জয়গান। আসুন আরেকটা গল্প পড়ি:
এক সাধু তার শিষ্যকে ভেতরের যুদ্ধ সম্পর্কে বলছেন: এ হচ্ছে দুই নেকড়ের লড়াই। মন্দ নেকড়েটা হলো ক্রোধ, হতাশা, ঘৃণা, ঈর্ষা, লোভ, অসহিষ্ণুতা, আত্মগর্ব ও অহংকার।
ভালো নেকড়েটা হলো আনন্দ, শান্তি, প্রেম, আত্মত্যাগ, আশা, শ্রদ্ধা, দয়া, পরোপকার, সহমর্মিতা ও আস্থা।
শিষ্য একটু ভেবে জিজ্ঞেস করল, কোন নেকড়েটা জিতবে?
সাধু জবাব দিলেন, যেটাকে তুমি খেতে দেবে।’ (ভেতরের যুদ্ধ)
তাহলে পাঠক বন্ধুরা, এ যুদ্ধে কাদেরকে খেতে দিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত করবেন ভাবুন। বিদায়।