দেশে-বিদেশে

মাসরুর আরেফিনের ‘আগস্ট আবছায়া’ অনুবাদ করছেন অরুণাভ সিনহা
ইংরেজিতে অনূদিত হচ্ছে কবি ও কথাসাহিত্যিক মাসরুর আরেফিনের আলোচিত উপন্যাস আগস্ট আবছায়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডকে কেন্দ্রে রেখে লেখা এ উপন্যাস অনুবাদ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনুবাদক ও দিল্লির অশোকা ইউনিভার্সিটির অধ্যাপক অরুণাভ সিনহা। তিনি এর আগে রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শংকর প্রমুখের সাহিত্য ইংরেজিতে অনুবাদ করেছেন।
আগস্ট আবছায়ার লেখক মাসরুর আরেফিন জানান, এখন অনুবাদের কাজ চলছে। তবে মধ্য জানুয়ারির পর অনুবাদকের সঙ্গে লেখকের সহযোগিতায় কিছু জরুরি কাজ শুরু হবে এবং জুন নাগদ শেষ হবে অনুবাদ। আর আন্তর্জাতিক বাজারে বইটি হয়তো আসবে এ বছরের শেষ ভাগে। তবে কোন প্রকাশনী থেকে অনূদিত উপন্যাসটি বের হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। এ প্রসঙ্গে মাসরুর আরেফিন আরও বলেন, ‘অরুণাভ সিনহার মতো বিখ্যাত, অন্তত ৪০টি বই ইংরেজিতে সফলভাবে অনুবাদ করা অনুবাদক এই কাজটা করছেন বলে আমি বেশ নিশ্চিন্তে আছি; এই মুহূর্তে তাকিয়ে রয়েছি জুন মাসের দিকে, যখন তাঁর কাজটি শেষ হবে।’
বলা ভালো, ২০১৯ সালের ফেব্রুয়ারি বইমেলায় আগস্ট আবছায়া প্রকাশিত হয়েছিল প্রথমা প্রকাশন থেকে।

আসছে ‘জিসাস’ সিরিজের শেষ খণ্ড
নোবেলজয়ী ঔপন্যাসিক জে এম কোয়েৎজির বহুল আলোচিত ‘জিসাস’ ট্রিলজির শেষ খণ্ড প্রকাশিত হতে যাচ্ছে শিগগিরই। আগামী ২৬ মে এটি প্রকাশিত হতে পারে বলে জানিয়েছে প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র্যান্ডম হাউস। শেষ খণ্ডের নাম দ্য ডেথ অব জিসাস। ২০১৩ সালে দ্য চাইল্ডহুড অব জিসাস নামে এই সিরিজের প্রথম উপন্যাসটি প্রকাশিত হয়। এরপর দ্বিতীয় খণ্ড দ্য স্কুলডেজ অব জিসাস প্রকাশিত হয় ২০১৬ সালে।
শিরোনামে জিসাস থাকলেও গল্পের কোথাও আসলে জিসাস নামে কেউ নেই। প্রথম খণ্ডে যার গল্প বলা হয়েছে, সে ডেভিড নামে এক অনাথ বালক। ডেভিডের জীবন কাটে এক কল্পশহর এস্ত্রেয়াতে। শেষ খণ্ডে দেখা যাবে, সে ছেড়ে যাচ্ছে এই শহর। কিন্তু যার নামে তিন তিনটি উপন্যাস, সেই জিসাসের উল্লেখ নেই কোথাও! সাহিত্যবোদ্ধারা ভেবে পাচ্ছেন না, কোয়েৎজি আসলে কী বার্তা দিতে চাইছেন এই রূপকের মাধ্যমে। তাঁদের মতে, স্মৃতিবিহীন এক ডিস্টোপিয়ান জগতে আমাদের মনন-মেধাকে নিয়ে গিয়েছেন কোয়েৎজি। ভাষা-রাষ্ট্র-ক্ষমতা কীভাবে একজন ব্যক্তিকে শূন্য থেকে পূর্ণ সত্তায় প্রতিষ্ঠা দেওয়ার বদলে অন্য কোনো অভাবিত অপ্রত্যাশিত শূন্যতায় ঠেলে দিতে পারে, কোয়েৎজির জিসাস ট্রিলজি তারই অসামান্য গভীর পর্যবেক্ষণ। নিছক গল্পপাঠ বা গল্প বলার দিন যে ফুরিয়েছে, ২০০৩ সালে সাহিত্যে নোবেলজয়ী জে এম কোয়েৎজি ধাক্কা মেরে আসলে সেটাই বোঝাতে চাইছেন পাঠককে।
সূত্র: গার্ডিয়ান ও পেঙ্গুইন

কোস্টা পুরস্কার পেলেন জনাথন কো
ব্রেক্সিট সংকটকে উপজীব্য করে লেখা উপন্যাস মিডল ইংল্যান্ড-এর জন্য কোস্টা বই পুরস্কার-২০১৯ পেয়েছেন ব্রিটিশ ঔপন্যাসিক জনাথন কো। ১৪ জানুয়ারি মঙ্গলবার পুরস্কার ঘোষণার সময় বিচারকেরা বলেন, এটি এই সময়ের সবচেয়ে সেরা উপন্যাস। এটি স্মৃতিকাতরতা ও মায়াজালের অপূর্ব এক গল্প।
মিডল ইংল্যান্ড জনাথন কোর ত্রয়ী উপন্যাসের তৃতীয় খণ্ড। ২০১৮ সালে এটি লেখেন তিনি। প্রথম খণ্ডের নাম রোটার্স ক্লাব, যা প্রকাশিত হয় ২০০১ সালে। দ্বিতীয় খণ্ড দ্য ক্লোসড সার্কেল প্রকাশিত হয় ২০০৪ সালে। ১৪ বছর পর লিখলেন তৃতীয় খণ্ড।
৫৮ বছর বয়সী জনাথন কোর জন্ম যুক্তরাজ্যের ব্রুমসগ্রোভে। তিনি একাধারে লেখক, গায়ক, গীতিকার এবং ইংরেজি সাহিত্যের শিক্ষক। প্রথম উপন্যাস দ্য অ্যাকসিডেন্টাল উইমেন প্রকাশিত হয় ১৯৮৭ সালে। লেখালেখির জন্য পেয়েছেন জন লেনিন পুরস্কার, প্রিক্স দু মিলার লিভার ইটরেঞ্জার পুরস্কার, রাইটার্স গিল্ড অব গ্রেট ব্রিটেন, স্যামুয়েল জনসন পুরস্কার ইত্যাদি। তিনি ১৯৯৬ সালে ছিলেন ম্যান বুকার পুরস্কারের একজন অন্যতম বিচারক।
সূত্র: ইনডিপেনডেন্ট
গ্রন্থনা: মারুফ ইসলাম