প্রথমার নতুন বই ‘সিভিল সোসাইটি, স্টেট অ্যান্ড ডেমোক্রেটিক ফিউচারস ইন বাংলাদেশ’

‘সিভিল সোসাইটি, স্টেট অ্যান্ড ডেমোক্রেটিক ফিউচারস ইন বাংলাদেশ’ বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা প্রথমা। লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সিভিল সোসাইটি, স্টেট অ্যান্ড ডেমোক্রেটিক ফিউচারস ইন বাংলাদেশ’ নামক বইটির প্রচ্ছদ
ছবি: সংগৃহীত

বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ কী? নাগরিক সমাজ বা সিভিল সোসাইটি ও রাষ্ট্রের ধারণাই-বা কী? বর্তমান প্রেক্ষাপটে এসবের পরিবর্তন কতটা সম্ভব? এসব নিয়েই বিস্তৃত আলোচনা করা হয়েছে ইংরেজি ভাষায় লিখিত ‘সিভিল সোসাইটি, স্টেট অ্যান্ড ডেমোক্রেটিক ফিউচারস ইন বাংলাদেশ’ বইয়ে। সিভিল সোসাইটি ও রাষ্ট্রের অতীতে আলো ফেলার পাশাপাশি তুলে ধরা হয়েছে আধুনিক রাষ্ট্রের সীমাবদ্ধতাও। আবার সংকুচিত সিভিল সোসাইটির প্রেক্ষাপটে বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ ঠিক কেমন হতে পারে, আলোচনা করা হয়েছে তা নিয়েও।

‘সিভিল সোসাইটি, স্টেট অ্যান্ড ডেমোক্রেটিক ফিউচারস ইন বাংলাদেশ’ বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা প্রথমা। লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ।

বইটির লেখক ইমতিয়াজ আহমেদ বলেন, ‘কল্পনাশক্তি এবং বিশ্লেষণমূলক চিন্তা ছাড়া কোনো পরিবর্তনই সম্ভব নয়। এমন প্রেক্ষাপটে গণতান্ত্রিক ভবিষ্যতের ধারণা হয়ে ওঠে জটিল। কারণ, গণতন্ত্র যেমন বহুরূপী, কোনো কিছুর ভবিষ্যৎও তেমনি হতে পারে বহুরূপী। একইভাবে নাগরিক সমাজেরও অনেকগুলো ধরন আছে। বাংলাদেশের সমাজ, জামা-ই-মাদানি বা সিভিল সোসাইটি—কারওরই জবরদস্তিমূলক কোনো শক্তি নেই। তাদের কর্তৃত্বের উৎস হলো “সম্মতি” সৃষ্টি করা।

এই প্রেক্ষাপটেই যদি বলি, রাষ্ট্র ও সিভিল সমাজের যেহেতু একাধিক “অতীত” রয়েছে, তাই তাদের ভবিষ্যৎও একাধিক হতে পারে। এই বিষয়গুলোই বইয়ের চারটি অধ্যায়জুড়ে আলোচনা করা হয়েছে। আশা করছি, বইটি আগ্রহী পাঠকের নানামুখী কৌতূহল মেটাতে সক্ষম হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ
ছবি: সংগৃহীত

ইমতিয়াজ আহমেদের জন্ম ১৯৫৮ সালের ৭ এপ্রিল । ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যাপনার পাশাপাশি সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক তিনি। এ ছাড়া বর্তমানে তিনি বৈরুতের সাজেস বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক। লেখক, সহলেখক ও সম্পাদক হিসেবে তাঁর ২৬টি বই রয়েছে। এর মধ্যে প্রথমা প্রকাশ করেছে ‘ইউনিভার্সিটি অব ঢাকা: মেকিং আনমেকিং রিমেকিং’ এবং ‘ঢাকা বিশ্ববিদ্যালয়: নতুন যুগের সন্ধানে’ (ইফতেখার ইকবালের সঙ্গে যৌথভাবে সম্পাদিত)। তাঁর সম্পাদিত অন্যান্য উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘জেনোসাইড অ্যান্ড মাস ভায়োলেন্স: পলিটিকস অব সিঙ্গুলারিটি’, ‘উইমেন, ভেইলিং অ্যান্ড পলিটিকস’ ইত্যাদি।

‘সিভিল সোসাইটি, স্টেট অ্যান্ড ডেমোক্রেটিক ফিউচারস ইন বাংলাদেশ’-এর প্রচ্ছদ করেছেন অশোক কর্মকার। বইটির গায়ের মূল্য ৩৫০ টাকা। বইটি পাওয়া যাবে কারওয়ান বাজার ও শাহবাগের আজিজ সুপার মার্কেটে প্রথমার আউটলেটে। এ ছাড়া ঘরে বসে বই পেতে চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন prothoma.com থেকে। সরাসরি কল করতে পারেন ০১৯৮৮৩৩৭৭৩৩ নম্বরে।