বই পরিচিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

অবিস্মৃত স্মৃতি

শওকত আলী

প্রচ্ছদ: সমর মজুমদার, প্রকাশক: ইত্যাদি গ্রন্থ প্রকাশ, প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৮, দাম: ৩০০ টাকা।

শওকত আলী বাংলা কথাসাহিত্যে শক্তিমান ও অন্যতম লেখকই শুধু নন, তাঁর ব্যক্তিজীবনও লেখক-পাঠকের জন্য অনুসরণীয় এবং অবশ্যপাঠ্য। শওকত আলী তাঁর আত্মজীবনী প্রথম দিকে লেখা শুরু করেছিলেন নিজের হাতে। তবে শারীরিক অসুস্থতার কারণে শেষ পর্যন্ত সেটি তিনি অব্যাহত রাখতে পারেননি। পরে বাংলাদেশ লেখক শিবিরের কর্মী আবদুস সাত্তারকে আত্মজীবনী অনুলিখনের দায়িত্ব দেন তিনি নিজেই। সেই বইটি বের হয়েছে অবিস্মৃত স্মৃতি নামে। এই আত্মজীবনীর একটা বড় অংশ অনুলিখনের ভিত্তিতে লেখা হলেও শওকত আলীর বৈচিত্র্যপূর্ণ জীবন-অভিজ্ঞতার কারণে এটি কম কৌতূহলোদ্দীপক হবে না।

চেনা অচেনা শহীদ কাদরী,আদনান সৈয়দ  প্রচ্ছদ: ধ্রুব এষ, প্রকাশক: মাওলা ব্রাদাস, প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৮, দাম: ২২০ টাকা।
চেনা অচেনা শহীদ কাদরী,আদনান সৈয়দ প্রচ্ছদ: ধ্রুব এষ, প্রকাশক: মাওলা ব্রাদাস, প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৮, দাম: ২২০ টাকা।

পঞ্চাশ দশকের অন্যতম কবি শহীদ কাদরীকে যাঁরা খুব কাছ থেকে দেখেছেন, তাঁরা জানেন যে তিনি ছিলেন জাত বোহেমিয়ান কবি। বন্ধুমহলে আড্ডাবাজ এবং তুখোড় পণ্ডিত হিসেবে খ্যাতি পেয়েছিলেন। তিনি কবিতা লিখেছেন অল্প। ওই অল্প কয়েকটি কবিতা লিখেই বাংলা সাহিত্যে হয়ে উঠেছেন গুরুত্বপূর্ণ। ১৯৭৮ সালের পর দেশের বাইরে চলে যান তিনি। জীবনের নানা পরিক্রমায় জার্মানি, ইংল্যান্ড হয়ে শেষ পর্যন্ত তিনি থিতু হয়েছিলেন যুক্তরাষ্ট্রে। আমেরিকায় থিতু হন। চেনা অচেনা শহীদ কাদরী গ্রন্থটি কবির একটি জীবনালেখ্য।

পুতুলবাজি  মাহবুব আজীজ  প্রচ্ছদ: ধ্রুব এষ, প্রকাশক: কথাপ্রকাশ, প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৮, দাম: ২৫০ টাকা।
পুতুলবাজি মাহবুব আজীজ প্রচ্ছদ: ধ্রুব এষ, প্রকাশক: কথাপ্রকাশ, প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৮, দাম: ২৫০ টাকা।

পত্রিকার পার্টটাইম কাজ আর বেশির ভাগ সময় এলোমেলো ঘুরে বেড়িয়ে পারিবারিক বন্ধনহীন মঞ্জুর দিন খারাপ কাটছিল না। বিশ্ববিদ্যালয়ে তিন বছরের জুনিয়র মুনাকে খুব ভালো লাগলেও মুনা শঙ্কিত মঞ্জুর বেখেয়ালি জীবন নিয়ে। শঙ্কিত প্রেমিকাকে আশ্বস্ত করতেই যেন জীবনের দিকে সিরিয়াস হতে চায় মঞ্জু। উপন্যাসের গল্পটি এগোয় এভাবেই। কেবল অর্থ ও বিত্তের সামনে মেধাবী তারুণ্যের অসহায় আত্মসমর্পণের মানবিক আখ্যান পুতুলবাজি। তারুণ্যের প্রেম, বেদনা, হাহাকার ও অসহায়ত্বের নিবিড় অনুভূতি রয়েছে উপন্যাসটিতে।

তিনটি বড় গল্প,  কাজুও ইশিগুরো  অনুবাদ: রাজিয়া সুলতানা  প্রচ্ছদ: ধ্রুব এষ, প্রকাশক: পাঞ্জেরী পাবলিকেশনস, ঢাকা, প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১৮, দাম: ১৫০ টাকা
তিনটি বড় গল্প, কাজুও ইশিগুরো অনুবাদ: রাজিয়া সুলতানা প্রচ্ছদ: ধ্রুব এষ, প্রকাশক: পাঞ্জেরী পাবলিকেশনস, ঢাকা, প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১৮, দাম: ১৫০ টাকা

সাহিত্যে নোবেলজয়ী ব্রিটিশ লেখক কাজুও ইশিগুরোর ছোটগল্পগুলোও বিষাদ ও বিভ্রমের অনুপম আলেখ্য। এই বইয়ে পাওয়া যাবে ইশিগুরোর তিনটি ছোটগল্পের অনুবাদ। এর দুটি ‘ক্রুনার’ ও ‘চেলিস্ট’ গ্রহণ করা হয়েছে নকটার্ন; ফাইভ স্টোরিজ অব মিউজিক অ্যান্ড নাইটফল থেকে। ‘ক্রুনার’ গল্পে ভালোবাসার মানুষকে মুক্ত-স্বাধীন রাখাই যে প্রকৃত ভালোবাসা, এ কথাই বলতে চান লেখক। অন্য দুই গল্পেও আছে জীবনের গূঢ়তম সত্য। ‘ক্রুনার’ ও ‘চেলিস্ট’-এর দৃশ্য-পরম্পরা, ঘটনার বাঁক পরিবর্তন, ভাষার সহজ ও গভীর প্রবহমানতা পাঠককে গল্পের গভীরে টেনে নেবে। অন্যদিকে ‘পারিবারিক নৈশভোজ’ গল্পটি এক পরিবারের সদস্যদের পারস্পরিক আবেগ, নৈরাশ্য, ভালোবাসাহীনতা, অনিশ্চয়তা আর বেদনা বিহ্বল আখ্যান।