বইয়ের দুনিয়া

বঙ্গবন্ধুকে নিয়ে এ বছর বেরিয়েছে অজস্র বই। তার মধ্য থেকে তিনটি ভিন্নধর্মী বইয়ের পরিচিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ আগস্ট হত্যাকাণ্ড: প্রবাসে বঙ্গবন্ধুর দুই কন্যার দুঃসহ দিন

সরাফ আহমেদ

১৯৭৫ সালের ১৫ আগস্ট ঢাকায় ঘাতকদের গুলিতে সপরিবার নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে থাকায় বেঁচে যান তাঁর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। সঙ্গে ছিলেন ওয়াজেদ মিয়া এবং শেখ হাসিনার দুই শিশুসন্তান জয় ও পুতুল। এরপর তাঁদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা। শুরু হয় রুদ্ধশ্বাস দিন। নিষ্ঠুর সেই ঘটনার পর প্রবাসে তাঁদের দুঃসহ দিনগুলো কীভাবে কেটেছিল? এই বইয়ে আছে সেই ইতিহাস।

১৫ আগস্ট হত্যাকাণ্ড: প্রবাসে বঙ্গবন্ধুর দুই কন্যার দুঃসহ দিন সরাফ আহমেদ প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা প্রকাশকাল: আগস্ট ২০২১, দাম: ৩০০ টাকা।

লন্ডনে বঙ্গবন্ধুর একদিন

জালাল ফিরোজ

১৯৭২ সালের জানুয়ারি মাসে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু এলেন লন্ডনে। তাঁর লন্ডন সফরের আদ্যোপান্ত নিয়ে এই বই। এখানে যেমন আছে বঙ্গবন্ধুর লন্ডনে এক দিনের বিবরণ, তেমনি রয়েছে আরও নানা কিছু। যেমন ব্রিটিশ সংবাদপত্রে কীভাবে এসেছিল বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন, ব্রিটিশ পত্রিকার ভাষ্যে বঙ্গবন্ধুর দেশ গঠনের উদ্যোগ ও বঙ্গবন্ধুর লন্ডন গমনের প্রভাব। মোট পাঁচ অধ্যায়ে বিভক্ত এই বইয়ে শেখ মুজিবুর রহমানের লন্ডন সফর ও এর প্রভাব চমৎকারভাবে উঠে এসেছে।

লন্ডনে বঙ্গবন্ধুর একদিন জালাল ফিরোজ প্রকাশক: জার্নিম্যান, ঢাকা প্রকাশকাল: মার্চ ২০২১, দাম: ৪৫০ টাকা।

বঙ্গবন্ধুর সংস্কৃতি–ভাবনা

সাজেদুল আউয়াল

সাংস্কৃতিক স্বাধীনতা ছাড়া যে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা অর্থহীন, বঙ্গবন্ধু তা বুঝতেন। আমাদের এ দেশের সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন একসময় অর্থনৈতিক স্বাধিকার আন্দোলনে পর্যবসিত হয়ে রাজনৈতিক স্বাধিকার আন্দোলনে বিশেষ ভূমিকা রাখে। সংস্কৃতি বিষয়ে বঙ্গবন্ধুর রচনা, সংসদে উত্থাপিত বিল, প্রদত্ত বিবৃতি ও বক্তৃতা—সব মিলিয়ে এই নেতার সংস্কৃতি-ভাবনা এই বইয়ে বিস্তার লাভ করেছে।

বঙ্গবন্ধুর সংস্কৃতি–ভাবনা সাজেদুল আউয়াল প্রকাশক: বাংলা একাডেমি, ঢাকা প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২১, দাম: ২২০ টাকা।