বইয়ের দুনিয়া
রুশ বিপ্লব: স্তালিন-বিতর্ক ও রবীন্দ্রনাথ
আহমদ রফিক
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: জানুয়ারি ২০২১
দাম: ৩৮০ টাকা।
রুশ বিপ্লব ও আনুষঙ্গিক আরও কিছু বিষয় নিয়ে লেখা প্রবন্ধগুচ্ছের সংকলন এ বই। ২০১৭ সালে বিশ্বজুড়ে পালিত হয় সমাজতন্ত্রী বিপ্লবের শতবর্ষ, উদ্যাপনে বাদ ছিল না বাংলাদেশও। সে উপলক্ষে এবং তাগিদে অক্টোবর বিপ্লব, তার নায়ক লেনিন এবং স্তালিন যুগ ও সমাজতন্ত্রী সোভিয়েত রাষ্ট্রের পতন নিয়ে কয়েকটি প্রবন্ধ লেখেন আহমদ রফিক। এই বইয়ে রুশ বিপ্লবকে নতুনভাবে দেখার প্রয়াস আছে। আছে সোভিয়েত ইউনিয়নের স্তালিন আমলের বিশ্লেষণ।
বিদ্যাসাগরের ইহজাগতিকতা ও অন্যান্য
রাজীব সরকার
প্রকাশক: কথাপ্রকাশ, ঢাকা
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২১
দাম: ২০০ টাকা।
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি সত্ত্বেও এখনো কিছু মানুষ কুসংস্কার ও অন্ধতার মোহে আচ্ছন্ন। এই অমানিশা ভেদ করে প্রগতির পক্ষে এগিয়ে চলার চিরন্তন প্রেরণার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নবজাগরণের অন্য মনীষীদের চেয়ে তিনি স্বতন্ত্র অনেক কারণেই। এই বইয়ের প্রবন্ধগুলোর মধ্যে নিহিত রয়েছে সেসব কারণও। তা ছাড়া বিদ্যাসাগরের অনুসারী বেশ কয়েকজন কীর্তিমান বাঙালি সম্পর্কেও আলোকপাত করা হয়েছে এ বইয়ে।
কথাসাহিত্যে স্বতন্ত্র স্বর: শহীদুল জহির ও অন্যান্য
লোকমান কবীর
প্রকাশক: সুচয়নী পাবলিশার্স, প্রকাশকাল: ২০২১
দাম: ২৪০ টাকা।
সৃজনশীল সাহিত্যিক কোনো না কোনোভাবে স্বতন্ত্র শিল্পস্বরের নির্মাতা। এই শৈল্পিক স্বাতন্ত্র্যই কথাকবিদের সার্বভৌমত্বের পরিচয়। শহীদুল জহিরসহ সাত কথাশিল্পীর সাহিত্যপ্রসঙ্গ বিবেচিত ও বিশ্লেষিত হয়েছে এই গ্রন্থে। প্রসঙ্গ ও প্রকরণের দিক থেকে স্বসময়ে স্বতন্ত্র স্বরস্রষ্টা হিসেবে এসব সাহিত্যিক জাজ্বল্যমান। সময়, সমাজ, অর্থনীতি ও রাজনীতির প্রেক্ষাপটে কথাসাহিত্যের নন্দনসূত্রকে অনুসন্ধানের প্রয়াস গ্রন্থটির অন্যতম দিক।