বইয়ের দুনিয়া
বাংলা গানের ইতিহাস
গোলাম মুরশিদ
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২২
দাম: ৪৫০ টাকা।
প্রথম বাংলা গান রচিত হলো কখন? কে রচনা করেছিলেন সেই গান? তাতে সুরই–বা দিয়েছিলেন কে? আমাদের বাংলা গানের বয়স কত? এ বইয়ে এসব প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে। এখানে চর্যাপদ থেকে আধুনিক কাল পর্যন্ত বাংলা গানের জন্ম এবং বিবর্তনের কথা বলা হয়েছে। কীভাবে বাংলা গানের অঙ্কুরোদ্গম ঘটল, তারপর কীভাবে সে মহিরুহে পরিণত হলো, কোন সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন শাখায় বিভক্ত হলো—সেসব খবর জানতে এই বই খুবই কার্যকর।
আমার ঢাকা, আমাদের ঢাকা
সম্পাদক: নজরুল ইসলাম ও কাজী মদিনা
প্রকাশক: নগর গবেষণা কেন্দ্র ও জনান্তিক, ঢাকা
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২২
দাম: ৪০০ টাকা।
আমার ঢাকা, আমাদের ঢাকা আদতে ২২ জন ষাটোর্ধ্ব এমন কিছু মানুষের স্মৃতিচারণামূলক সংকলন, যাঁরা ঢাকা নিয়ে গবেষণা করেছেন, লিখেছেন এবং এই নগরের রূপান্তর ও বিবর্তনকে ভালোভাবে উপলব্ধি করেছেন। এখানে সেসব লেখকের দীর্ঘ অভিজ্ঞতার মধ্য দিয়ে উঠে এসেছে ঢাকার বহু বর্ণিল বিষয়–আশয়। বইটি ঢাকার সোনালি সময়কে বুঝতেও সাহায্য করবে।
বৈশ্বিক প্রেক্ষাপটে রবীন্দ্র চিত্রকলা
বরেন চক্রবর্তী
প্রকাশক: অবসর প্রকাশনা সংস্থা, ঢাকা
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২২
দাম: ১৮০০ টাকা।
৬৩ বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর কালি আর কলমের পাশাপাশি হাতে তুলে নিয়েছিলেন রং ও তুলি। সেটাই ছিল তাঁর শব্দের ভুবন থেকে আকারের জগতে মহাযাত্রার সূচনা। কবি নিজেই বলেছেন, চিত্রকলা তাঁর শেষ বয়সের প্রিয়া। রবীন্দ্রনাথের অঙ্কনশৈলী ছিল ভারতীয় চিত্রকলার খোলনলচে বদলানো রীতি—সর্বতোভাবে, না ভারতীয়, না ইউরোপীয়—আদতে তিনি কোন ঘরানার চিত্রী? এই বইয়ে এ প্রশ্নের উত্তর খোঁজার পাশাপাশি আছে বৈশ্বিক প্রেক্ষাপটে রবীন্দ্র চিত্রকলার প্রসঙ্গ।