বাংলাদেশের উত্থানপর্বের রেখাচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রক্তে আঁকা ভোর: আনিসুল হক। প্রথমা প্রকাশন

আনিসুল হকের রক্তে আঁকা ভোর উপন্যাসটি পড়তে শুরু করার পর যতই এগোতে থাকি, মনে হয়, এ তো এক রাত্রির গল্প; যে রাতটি রক্তে আঁকা এবং পূর্ব বাংলার মানুষকে বিশ্বমানচিত্র থেকেই মুছে দেওয়ার ঘৃণ্য অপপ্রয়াসের এক কালো অধ্যায়। বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আমাদের দাবায়ে রাখতে পারবা না’; দাবায়ে রাখা যায়নি, নয়টি মাস রক্তক্ষয়ী যুদ্ধ ও লাখো প্রাণের বিনিময়ে বাঙালি তাদের স্বাধীন, সার্বভৌম স্বপ্নের বাংলাদেশ ছিনিয়ে এনেছে। কিন্তু এই যুদ্ধের শুরু ও নারকীয়তা এক রাতেই ঘটেছিল। মুক্তিযুদ্ধের ৯ মাসের কালো সময়ের মধ্যে ২৫ মার্চের রাত সবচেয়ে কালো ও বেদনার। সেই রাতে অকথ্য গুলি, আগুন ও বিভীষিকা শুরু হয়, কয়েক দিন ধরে চলে। লাশ আর লাশ, অনিশ্চয়তা, দমবন্ধ পরিবেশ, আতঙ্ক, গুলির শব্দ। মানুষ ছুটছে। এ উপন্যাসে তার প্রামাণ্য ও সংবেদনশীল রেখাচিত্র আঁকা হয়েছে।

১৯৭১-এর ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে অজানার পথে ধরে নিয়ে যায় পাকিস্তানি সৈন্যরা। চারপাশে বন্দুক-কামান ও ট্যাংকের গর্জন, গুলি-বোমার আওয়াজে শ্রুতি বধির করা হুংকার। এমন এক সময় তাঁকে সৈন্যরা ধরে নিয়ে যায়। একটু আগেই রাসেলকে ফিডারে দুধ খাওয়ানোর ফলে তাঁর হাতে লেগে আছে দুধের গন্ধ; সেই গন্ধের সঙ্গে মিশে যাচ্ছে বারুদ, পেট্রল ও ঘরপোড়া ছাইয়ের গন্ধ—এই সবকিছুর মধ্যে তিনি বসে আছেন পাকিস্তানি সৈন্যদের ট্রাকে। ঢাকা শহর প্রায় নরক, ক্রমশ সারা দেশে ছড়িয়ে পড়ছে নরকের ভয়াবহ শিখা। অরাজক পরিস্থিতি সবখানে। ক্যানভাস দিয়ে ঢাকা সেনাবাহিনীর ট্রাকে বঙ্গবন্ধু নিরস্ত্র বসে আছেন। আকাশ দেখা যাচ্ছে না। তাঁর চারপাশে অস্ত্রধারী সৈনিক। বঙ্গবন্ধুরও আছে অস্ত্র; গোলাবারুদ, কামান তাঁর অস্ত্র নয়, তাঁর অস্ত্র ন্যায্যতা ও মানুষের ঐক্য। এই মূলধন সম্বল করেই ১৯৪৮ সাল থেকে তিনি স্বাধীন বাংলাদেশের জন্য কাজ করে চলেছেন। ২৫ মার্চ রাতে সব বুঝি গড়বড় হয়ে যায়।

সেই রাতে ঢাকার পরিস্থিতি কেমন ছিল, তার ধারাভাষ্য দিচ্ছেন একজন কথাশিল্পী; যেন ভিডিওতে দেখছি ঘটনাপ্রবাহ।

রক্তে আঁকা ভোর উপন্যাসটি পড়তে শুরু করলে থামা যায় না। ঘটনার উপস্থাপন ও বয়নকৌশল মুগ্ধকর। ইতিহাস অবলম্বনে আনিসুল হক যখন উপন্যাস লেখেন, চরিত্র ও পরিপার্শ্বের এমন সুন্দর বর্ণনা দেন, যেন গতকালের ঘটে যাওয়া কথা ও কাহিনি তিনি লিখছেন। তাঁর ভাষা ও বর্ণনা কখনো এমনও হয়, সকালের প্রথম আলোর রেখার মতো স্নিগ্ধ সৌন্দর্য মিশে থাকে।

রক্তে আঁকা ভোর

আনিসুল হক

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা, প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২১

প্রচ্ছদ: সব্যসাচী হাজরা

৫৮৪ পৃষ্ঠা, দাম: ১০৫০ টাকা।

বইটি পাওয়া যাচ্ছে

prothoma.com এবং মানসম্মত বইয়ের দোকানগুলোতে।

ঔপন্যাসিকেরা গল্প-উপন্যাস লেখার সময় কল্পনার আশ্রয় নেন। কিন্তু স্বাধীনতাযুদ্ধে ২৫ মার্চ ও পরবর্তী ঘটনাপ্রবাহ এত ভয়াবহ যে কল্পনাকেও হার মানায়। উপন্যাস পড়ে অনুভব করা যায়, লেখক নানা বইয়ের সহায়তা নিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র থেকে নানা উদ্ধৃতি, এমনকি ঘটনার সূত্র সরাসরিও লিপিবদ্ধ করেছেন। সেই রাতের ভয়াবহতা কী নির্মম, উপন্যাস পড়তে পড়তে আমরা ঢাকা মিউনিসিপ্যালিটির সুইপার ইন্সপেক্টর সাহেব আলীর দেখা পাই। তাঁর চাক্ষুষ অভিজ্ঞতায় যে চিত্র পাই, পড়ে বুক ভেঙে আসে। চোখ ঝাপসা আর বুক ভারী হয়ে আসে।

এই যে রণক্ষেত্র হয়ে ওঠা পূর্ব বাংলায় স্বাধীনতার ডাক যিনি দিলেন, তিনি নেই। তিনি কোথায়? জীবিত না মৃত? বাঙালি উৎকণ্ঠিত। তাঁকে কি মেরে ফেলা হয়েছে?

এই উপন্যাসের আছে এমন এক গল্প, যাতে নায়ক অদৃশ্য, লুপ্ত এবং অধরা। কিন্তু তিনিই বাঙালির স্বাধীনতাসংগ্রামের পুরোটাজুড়ে আছেন। তাঁর থাকাটা কাগজে-কলমে নয়, অন্তরে ও অনুপ্রেরণায়। জ্যান্ত মুজিবের চেয়ে অদৃশ্য মুজিব বেশি প্রেরণা ও শক্তির প্রতীক। বীর বাঙালি তাঁকে আদর্শ ও প্রদর্শক মেনে তা প্রমাণ করেছেন।

স্বাধীনতার ঘোষণা বেতারে পৌঁছে দেওয়া ও পাঠ করা নিয়ে কিছু বিবরণ এখানে পাই। এত সুন্দর ও প্রামাণ্য যে তা নিয়ে আর কোনো প্রশ্ন থাকে না। বঙ্গবন্ধু, জিয়া, তাজউদ্দীন, আমীর–উল, ভাসানী—কে কীভাবে দেশের জন্য কাজ করছেন, কী পরিস্থিতি মোকাবিলা করছেন, সেসব কেবল ভাষায় নয়, জীবন্ত স্থিরচিত্রের মতো সাজিয়ে দিয়েছেন ঔপন্যাসিক।

এই উপন্যাসে চরিত্র হয়ে এসেছেন যাঁরা, তাঁদের অনেকেই এখনো জীবিত। যাঁরা নেই, কী পরিস্থিতির মধ্য দিয়ে শেষ পর্যন্ত লড়ে দেশের জন্য প্রাণ দিয়েছেন, সেই বিবরণ এক আশ্চর্য সুন্দর ও চোখভেজানো ভাষায় তুলে এনেছেন লেখক।

উপন্যাসজুড়ে ব্যাঙ্গমা ও ব্যাঙ্গমির কথা এসেছে। তারা ত্রিকালদর্শী। কেন লেখক কাল্পনিক এই চরিত্রকে আনলেন? ক্যামেরার কত অ্যাঙ্গেল আছে, সবটা কি আমরা জানি? ব্যাঙ্গমা ও ব্যাঙ্গমির মাধ্যমে নিজের উপন্যাসে এই ক্যামেরা এবং ক্যামেরার অ্যাঙ্গেল ব্যবহার করেছেন আনিস, পড়তে পড়তে পুরো পরিপ্রেক্ষিতটা পরিষ্কার হয়ে যায়।

কেন পড়ব রক্তে আঁকা ভোর? উপন্যাসে বিবৃত সমস্ত ঘটনা ও মুহূর্তের বর্ণনা তো বিভিন্ন বইতে লিপিবদ্ধ আছেই। খাতায় লেখা গান পাঠ করা আর শিল্পীর কণ্ঠে গান শোনা এক নয়। লেখক এখানে ভাষা-কল্পনা-সৃজনশীলতার সৌরভ মিশিয়ে শিল্পীর কাজটা করেছেন।

২৫ মার্চ রাত থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ও বঙ্গবন্ধুর ফিরে আসা পর্যন্ত মুহূর্ত-ঘটনাসূত্র হেলিকপ্টারে ভর করে ক্যামেরা চালনার মতো অসামান্য দক্ষতা ও শিল্পকুশলতায় এখানে ধারণ করেছেন আনিসুল হক।

তাই বাংলাদেশের অসামান্য উত্থানপর্বকে অনুভব করতে হলে এ উপন্যাস পড়া জরুরি।