বাঘ, বন আর মানুষের খোঁজে
বাঘকে ‘হৃদয়বান ভদ্রলোক’ বলে মনে করতেন বিশ্বখ্যাত শিকারি জিম করবেট। তাঁর কথা যে ফেলনা নয়, তা তাঁর সমৃদ্ধ রচনাবলির দিকে তাকালেই বোঝা যায়। বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাঘশিকারি, শতাধিক মানুষখেকো বাঘ শিকার করেছেন, বেড়ে উঠেছেন বাঘ ও চিতাবাঘ পরিবেষ্টিত হিমালয়ের কালাধুঙ্গি-নৈনিতালের পাহাড়ি অরণ্যে। জঙ্গলের আইন, পশুপাখিদের আচরণ ছিল তাঁর নখদর্পণে। এমন এক মানুষ যখন বাঘকে হৃদয়বান বলেন, সেটা বিশ্বাস করতে কষ্ট হলেও মেনে নিতেই হয়। কিন্তু সুন্দরবনের বাঘদের কি ‘হৃদয়বান’ বলা যায়?
বংশপরম্পরায় এরা মানুষখেকো, এদের কারণেই তৈরি হয় ‘বিধবাদের গ্রাম’। মৎস্যজীবী আর মৌয়ালদের জন্য এরা মূর্তিমান আতঙ্ক। তবুও ব্যাঘ্রপ্রেমিকেরা বাঘকে ‘নৃশংস’ বলতে নারাজ। বাঘ বিশেষজ্ঞ মনিরুল খানও তাঁদের দলে।
সুন্দরবনের বাঘেরা কেন মানুষখেকো হয়, সে প্রশ্নের জবাব খুঁজতে মাঠে নেমেছিলেন এক ব্রিটিশ প্রাণীবিদ। কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর সেই কাজ আর এগিয়ে নিতে পারেননি। স্বাধীনতার দেড় দশক পর এক নেপালি-আমেরিকান বিশেষজ্ঞ মাঠে নামেন। কিন্তু টাকা-পয়সার তছরুপ করে, মনগড়া একটা রিপোর্ট দিয়ে তিনি উধাও হয়ে যান। বাংলাদেশের বাঘ গবেষণা তাই মারা যায় মাঠেই। এর প্রায় দেড় দশক পর আবার মাঠে নামেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ক্যামব্রিজে পিএইচডিরত তরুণ মনিরুল খান। বিদেশ থেকে ফান্ড জোগাড় করে তিনি নেমে পড়েন সুন্দরবনে বাঘের সন্ধানে। কাজটা মোটেও সহজ ছিল না। মানুষের প্রতি সুন্দরবনের বাঘদের আগ্রাসী মনোভাব, সাপের বিষাক্ত ফণা, বনদস্যুদের তাণ্ডব আর বৈরী পরিবেশ—সবকিছুই যখন লেখকের প্রতিকূলে, তখন নস্টালজিয়াই তাঁকে নিয়ে গিয়েছিল বাঘ গবেষণার মতো দুঃসাহসিক অভিযানে।
মনিরুল খানের বাবা নিজে বন বিভাগে কাজ করতেন, মধুপুর জঙ্গলে বেশ কয়েকবার তিনি বাঘ দেখেছেন। সেসব রোমাঞ্চকর কাহিনি তিনি ছেলেমেয়েদের শোনাতেন রসিয়ে রসিয়ে। সেই গল্পই গভীরভাবে প্রোথিত হয় কিশোর মনিরুলের মনে, তারই ফলস্বরূপ পরবর্তীকালে নিজেকে নিয়োজিত করেন বাঘ গবেষণায়।
সুন্দরবনে বাঘের সন্ধানে
মনিরুল খান
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা, প্রচ্ছদ: মাসুক হেলাল, প্রকাশকাল: মার্চ ২০২১, ৯৬ পৃষ্ঠা, দাম: ২২০ টাকা।
বইটি পাওয়া যাচ্ছে
prothoma.com এবং মানসম্মত সব বইয়ের দোকানে।
মোট ১৫ বার বাঘ দেখেছেন। খুব কাছ থেকেই দেখেছেন। একবারমাত্র বাঘের তাড়া খেয়েছিলেন। তাও বাঘ বিরক্ত হয়েছিল বলে। বাঘ যদি সত্যিকারের আক্রমণ করত, তাহলে সে আক্রমণ ঠেকানোর কোনো উপায় ছিল না লেখকের। সুতরাং জিম করবেটের সুরে সুর মিলিয়ে বাঘকে ‘হৃদয়বান’ বলতে তাঁর আপত্তি নেই, পুরো বইটা পড়ে সেটাই অনুভব করবেন পাঠককুল। অবশ্য মুদ্রার উল্টো পিঠটাও তিনি দেখিয়েছেন, বাঘের মুখ থেকে বেঁচে ফেরা বেশ কিছু মৎস্যজীবী ও মৌয়ালের গল্প শুনিয়েছেন। বলেছেন সুন্দরবনের মানুষের অসমসাহসিকতা, অন্ধবিশ্বাস ও সংস্কারের কাহিনি।
বাঘের গল্প বলতে গিয়ে অন্য প্রাণীদের কথা ভুলে যাননি লেখক। বিশাল এক কুমির আর দোআঁশলা গোখরার হাত থেকে প্রাণে বেঁচে ফিরে আসার গল্প যেমন আছে; মাছ, চিত্রা হরিণ, বনমোরগ, বন্য শুকর, বনের গাছপালা, সেগুলোর আচরণ, ধর্মও বলে গেছেন গল্পের ফাঁকে, পাঠকের বিরক্তি উৎপাদন না করেই।
সব মিলিয়ে বন, বাঘ, মানুষ আর বন্য প্রাণীদের মিথোজীবিতার অসামান্য সব গল্প লেখক বলেছেন নিজের স্মৃতিভান্ডার উজাড় করে। বৈজ্ঞানিক পরিভাষা, তত্ত্ব আর তথ্যের ভার এড়িয়ে এক প্রকৃতিপ্রেমীর রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প হয়ে উঠেছে বইটির প্রতিটি অধ্যায়।